সাইকেল-বান্ধব শহর হচ্ছে লং আইল্যান্ড সিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লংআইল্যান্ডে সাইকেলের জনপ্রিয়তা বাড়ছে
লংআইল্যান্ডে সাইকেলের জনপ্রিয়তা বাড়ছে

সাইকেল আরোহীদের উপযোগী করে গড়ে তোলা হচ্ছে কুইন্সের লং আইল্যান্ড সিটি। এই শহরকে সাইকেল-বান্ধব করা হচ্ছে।

এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, সানি সাইড ও উডসাইডের কাউন্সিল ম্যান জেমস ভ্যান ব্রেইমার লং আইল্যান্ড সিটিকে নিউইয়র্কের মধ্যে সবচেয়ে সাইকেল-বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপের সমন্বয়ে নিউইয়র্ক সিটির পরিবহন বিভাগের (ডিওটি) সঙ্গে কাজ শুরু করেছে।

দুদিন আগে ব্রুকলিনের সানসেট পার্ক এলাকায় ট্রাকের ধাক্কায় এ বছরের ১৮তম সাইকেল আরোহীর মৃত্যুর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

‘বাইক নিউইয়র্ক’ নামে একটি অ্যাডভোকেসি গ্রুপের মুখপাত্র লোরা সেপার্ড বলেছেন, সাইকেল আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে লং আইল্যান্ড সিটির রাস্তায় ব্যাপক নেটওয়ার্কের আওতায় এনে কার্যকরী পরিবর্তন আনতে হবে। যেন অন্যান্য এলাকার জন্যও এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে।

স্কিলম্যান অ্যাভিনিউ, জ্যাকসন অ্যাভিনিউ, ১১ স্ট্রিট, সেন্টার বুলেভার্দ, ৪৪ ড্রাইভ, ৪৬ অ্যাভিনিউ, ৪৮ অ্যাভিনিউ ও বর্ডার বুলেভার্দসহ অন্যান্য সড়কগুলোও এর আওতায় থাকবে।

পোলাস্কি ব্রিজ, কুইন্স প্লাজা, ভারনন বুলেভার্দ এবং ইস্ট রিভারের ওপর দিয়ে বাইক লাইন আগে থেকেই চালু আছে।

কাউন্সিলম্যান ব্রেইমারের উদ্যোগ সফল হলে অত্যন্ত নয়নাভিরাম এই লং আইল্যান্ড সিটি হয়ে উঠবে নিউইয়র্কে বাইকারদের সবচেয়ে নিরাপদ এলাকা।

সাইকেল চালানো পশ্চিমা বিশ্বে খুবই জনপ্রিয়। ইউরোপের দেশগুলোর মতো এর এতটা জনপ্রিয়তা উত্তর আমেরিকায় আগে ছিল না। তবে সাম্প্রতিক সময়ে এখানকার বিভিন্ন নগরীতে এর প্রচলন বৃদ্ধি পেতে শুরু করায় শহরগুলোকে বাইসাইকেল চালানোর উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।