সাইফুর রহমান সত্য বলতে কুণ্ঠাবোধ করতেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাইফুর রহমান
সাইফুর রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক স্টেট বিএনপির একাংশের সভাপতি পারভেজ সাজ্জাদ এক বিবৃতিতে দেশ ও জাতি গঠনে সাইফুর রহমানের ভূয়সী প্রশংসা করেন। সততা, দেশপ্রেম ও উন্নয়নের ক্ষেত্রে আপস করেননি প্রয়াত এ নেতা।
পারভেজ সাজ্জাদ বলেন, কোনো কোনো সময় সাইফুর রহমান এমন সব অকাট্য সত্য কথা বলতেন, যা তাঁর দলের নীতির বিরুদ্ধে যেত। সত্য বলতে তিনি কখনো কুণ্ঠাবোধ করতেন না। তিনি বলেন, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান দেশের মাটি ও মানুষের সাথে মিশে একাকার হয়ে রয়েছেন। সাইফুর রহমান শুধু একটি নামই নয়, এটি একটি জ্বলন্ত ইতিহাস। বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে তাঁর ভূমিকা ছিল অনন্য। যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন জাতি তাঁকে স্মরণ করবে।
উল্লেখ্য, সাইফুর রহমান ২০০৯ সালে ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকা আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার কাছে এক মারাত্মক সড়ক দুর্ঘটনায় মারা যান।
সাইফুর রহমানের ১৯৩২ সালের ৬ অক্টোবর বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবস্থায় তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র সংসদের সহসভাপতি ছিলেন। ঐতিহাসিক ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে তিনি লন্ডন থেকে চাটার্ড অ্যাকাউন্টিং (হিসাববিজ্ঞান) ডিগ্রি অর্জন করেন।
সাইফুর রহমান ১৯৭৯ সালে বিএনপিতে যোগদান করেন। আজীবন তিনি এ দলেই ছিলেন। বিএনপি সরকারের আমলে তিনি ১৪ বছর মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে তিনি বাংলাদেশের জাতীয় সংসদে ১২টি বাজেট পেশ করার গৌরব অর্জন করেন। ১৯৯৪ সালে তিনি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ তহবিলের স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তী সম্মেলনে গভর্নর নির্বাচিত হন। তাঁর উদ্যোগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় এবং সিলেট প্রকৌশল মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।