
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে গতকাল শনিবার সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত প্রাইমারিতে ক্যাসিনো ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। আর দলীয় মনোনয়নের লড়াই থেকে বিদায় নিয়েছেন ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশ।
অঙ্গরাজ্যটিতে দ্বিতীয় স্থানে থাকার জন্য লড়ছেন রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ ও মার্কো রুবিও।
নানা বেপরোয়া কথাবার্তার পরও রক্ষণশীল অঙ্গরাজ্য সাউথ ক্যারোলাইনায় ট্রাম্প তাঁর নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন প্রায় ১০ শতাংশ ব্যবধানে। সেখানে ২২ শতাংশের কিছু বেশি ভোট পেয়ে কাছাকাছি অবস্থান করছেন ক্রুজ ও রুবিও।
সর্বাত্মক প্রচার-প্রচারণা ও সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেও জেব বুশ এই অঙ্গরাজ্যে ভোট পেয়েছেন মাত্র আট শতাংশ।
গতকাল রাতেই জেব বুশের পক্ষ থেকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। প্রাতিষ্ঠানিক রক্ষণশীলদের প্রিয় হিসেবে পরিচিত এই মনোনয়নপ্রত্যাশীর পক্ষে তাঁর ভাই জর্জ ডব্লিউ বুশ, তাঁর মা সাবেক ফার্স্টলেডি বারবারা বুশ প্রচারে নেমেছিলেন। কিন্তু জেব বুশের শেষ রক্ষা হয়নি।
সাউথ ক্যারোলাইনায় ক্রুজ ও রুবিও খুব কাছাকাছি ভোট পেয়েছেন। এই বাছাইপর্বের ফলাফল আসার সঙ্গে সঙ্গে রুবিও বলেন, হোয়াইট হাউসের পথে তাঁর জয়যাত্রা অব্যাহত থাকবে।
ক্রুজ তাঁর বক্তব্যে বাছাইপর্বের আগামী দিনগুলোতে বিজয় অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
ক্রুজ ও রুবিও দুজনই তাঁদের বক্তব্যে জেব বুশের প্রতি তাঁদের ভালোবাসার কথা উল্লেখ করেছেন।
সাউথ ক্যারোলাইনায় জয়ের পর ট্রাম্প তাঁর স্ত্রী ও কন্যাকে মঞ্চে নিয়ে বিজয় সমাবেশ করেছেন। তিনি বলেন, সব পণ্ডিতদের ধারণা পাল্টে দিয়ে তাঁর নেতৃত্বে আমেরিকা আবার বিশালত্ব ফিরে পাবে।
ট্রাম্প আরও বলেন, আমেরিকা এখন আর কিছুতেই জয় লাভ করতে পারে না। তাঁর জয়যাত্রার সঙ্গে আমেরিকারও জয়যাত্রা শুরু হবে।
সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী বেন কারসন পেয়েছেন মাত্র সাত শতাংশের কিছু বেশি ভোট। অন্যদিকে জন কেইসিক পেয়েছেন সাত শতাংশের কম ভোট।
রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশীরা নাভাদা অঙ্গরাজ্যে দলীয় ককাসে পরবর্তী লড়াইয়ে নামবেন। নাভাদায় রিপাবলিকান ককাস অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।
গত ১ ফেব্রুয়ারি আইওয়া অঙ্গরাজ্যে ককাসের মাধ্যমে শুরু হয় এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী হওয়ার আসল লড়াই।
আইওয়ায় রিপাবলিকান ককাসে ট্রাম্পকে ডিঙিয়ে বিজয়ী হন ক্রুজ। এরপর নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান দলের প্রাইমারিতে জয়ী হয় ট্রাম্প।