সাউথ ক্যারোলাইনায় হিলারির বড় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন
হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে গত শনিবার অনুষ্ঠিত ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাইয়ে হিলারি ক্লিনটন বড় ধরনের জয় পেয়েছেন। ডেমোক্রেটিক দলের এ পর্যন্ত অনুষ্ঠিত চারটির মধ্যে তিন অঙ্গরাজ্যের নির্বাচনেই জিতলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।
মনোনয়ন দৌড় শুরুর চার সপ্তাহের মাথায় এই প্রথম দুই ডেমোক্রেটিক মনোনয়ন-প্রত্যাশীর মধ্যে কেউ বড় জয় পেলেন। প্রধানত আফ্রিকান-আমেরিকান অর্থাৎ কৃষ্ণাঙ্গদের বিপুল সমর্থনে হিলারি সাউথ ক্যারোলাইনায় ৭৩ শতাংশ ভোট অর্জন করেছেন। অন্যদিকে তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী সিনেটর বার্নি স্যান্ডার্স মাত্র ২৬ শতাংশ ভোট সংগ্রহে সক্ষম হয়েছেন।
সাউথ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক দলের সমর্থকদের ৫৫ শতাংশই কৃষ্ণাঙ্গ। ফলে এখানে হিলারির এই বিজয় প্রত্যাশিত ছিল। সিনেটর স্যান্ডার্স তরুণ ও অপেক্ষাকৃত বেশি শিক্ষিত শ্বেতকায়দের মধ্যে বিপুল সাড়া জাগাতে পারলেও কৃষ্ণাঙ্গদের মধ্যে ক্লিনটন দম্পতির জনপ্রিয়তায় এখনো আঁচড় বসাতে পারেননি। ভোটের পর গৃহীত মতামত জরিপ মোতাবেক, এই অঙ্গরাজ্যের প্রতি দশজন আফ্রিকান-আমেরিকানের মধ্যে আটজনই হিলারিকে ভোট দিয়েছেন।

এর আগে আইওয়া ও নেভাদা অঙ্গরাজ্যের বাছাইপর্বে জিতেছেন হিলারি ক্লিনটন। বাছাইপর্বে এ পর্যন্ত অনুষ্ঠিত চারটি অঙ্গরাজ্যের নির্বাচনের মধ্যে একমাত্র নিউ হ্যাম্পশায়ারে জয় পান তাঁর প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্স।

সামনে ১ মার্চই প্রার্থী মনোনয়নের পথে ‘মহা মঙ্গলবার’ বা ‘সুপার ট্যুইসডে’। এদিন এই দুই মনোনয়ন-প্রত্যাশীকে মোট ১১টি অঙ্গরাজ্যের দলীয় ভোটারদের মুখোমুখি হতে হবে। সর্বশেষ জনমত জরিপ অনুসারে, এই রাজ্যগুলোর প্রায় সব কটিতেই হিলারি এগিয়ে রয়েছেন।

পর্যবেক্ষকদের ধারণা, সুপার ট্যুইসডেতে অর্থপূর্ণ ফলাফল অর্জনে ব্যর্থ হলে সিনেটর স্যান্ডার্সের ওপর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ বাড়বে। তবে স্যান্ডার্স লড়াই চালিয়ে যাবেন বলে দৃঢ় আস্থা ব্যক্ত করেছেন।