সাউথ জার্সি মেট্রো আ.লীগের জাতীয় শোক দিবস পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় শোক দিবসে সাউথ জার্সিতে মেট্রো আওয়ামী লীগের আলোচনা সভায় নেতারা
জাতীয় শোক দিবসে সাউথ জার্সিতে মেট্রো আওয়ামী লীগের আলোচনা সভায় নেতারা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ জারসি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে আমেরিকার আটলান্টিক সিটির গরমেট রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সভায় বক্তারা কুচক্রী মহলের ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশে-বিদেশে
আওয়ামী পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভার শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন আবদুর রব। পবিত্র গীতা থেকে পাঠ করেন জয়ন্ত সিংহ। অনুষ্ঠানের শুরুতেই পঁচাত্তরের পনেরই আগস্ট নিহত ও একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পালন করা হয় এক মিনিট নীরবতা। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অভিজিৎ চৌধুরী লিটন এবং বিপ্লব দেবের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের সভাপতি সিরাজউদদৌলা ভূঁইয়া, প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সাব্বির হোসেন ভূঁইয়া, মো. শাহজাহান, শামসুল ইসলাম শাহজাহান, কাঞ্চন বল, শহীদ খান, রওশনউদদীন, আফরোজ আরা বেগম, রিতি চক্রবর্তী।
সভায় বক্তারা অভিযোগ করেন, একাত্তরের পরাজিত শক্তি তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় একুশে আগস্ট শেখ হাসিনাকে হত্যা করে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে বিনাশ করার অশুভ প্রচেষ্টা চালিয়েছিল। সেই নারকীয় হামলার নাটের গুরু তারেক রহমানসহ হাওয়া ভবন সংশ্লিষ্ট কুশীলব ও তাদের দোসরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বাংলার মাটি থেকে খুনি চক্রকে চিরতরে উৎখাত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
বক্তারা বিদেশে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে নিয়ে দ্রুত রায় কার্যকর করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশে-বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধুর সৈনিকদের প্রতি আহ্বান জানান।। বঙ্গবন্ধুর পরিবার ও বর্তমান সরকারের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে সবার প্রতি আহ্বান জানান। বক্তারা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে শিক্ষা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী আওয়ামী
লীগ নেতা-কর্মী ও সমর্থক আলোচনা সভায় যোগ দেন।