সাউথ জার্সি মেট্রো আ.লীগের বিজয় দিবস উদ্যাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে আমেরিকার নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত ২০ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে মি. স্টিক রেস্টুরেন্টে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান। প্রধান বক্তা ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন আমেরিকা সফররত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন তৌহিদুল ইসলাম ও গীতা থেকে পাঠ করেন ধীমান পাল। বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এ ছাড়া অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক জসীমউদ্দীনের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন ফরহাদ সিদ্দিক, রওশনউদ্দীন, অভিজিত চৌধুরী লিটন, কাঞ্চন বল, গোলাম হাফিজ, মো. শাহজাহান, শামসুল ইসলাম শাহজাহান, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, শহীদ খান, জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সেদিন আর বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। তাই বাংলাদেশের মানুষ এখন আর আন্দোলন চায় না, উন্নয়ন চায়। গ্রামে-গঞ্জে মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। বক্তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনের জন্য প্রবাসীদের জোরালো ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রের ব্যাপারে মুজিব সৈনিকদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানান। বক্তারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে এখন থেকেই প্রবাসী আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকদের সর্বাত্মক প্রচারণা চালানোর আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মাসুম বল, জয়ন্ত সিংহ, সান্তনা রায় চৌধুরী ও প্রবাসের জনপ্রিয় সংগীত শিল্পী চন্দন চৌধুরী। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। নৈশভোজের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠান শেষ হয়।