সাউথ জার্সি মেট্রো আ.লীগের মুজিব বর্ষ উদ্যাপন

নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপিত হয়েছে।
১৭ মার্চ সন্ধ্যায় স্থানীয় একটি ভেন্যুতে আয়োজিত আলোচনা সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান। সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক এনামুল হক চৌধুরী। বক্তব্য রাখেন—সংগঠনের সহসভাপতি সাব্বির হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, আবদুল জামিল, গোলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, ফরহাদ সিদ্দীক, রওশন উদ্দীন, নির্বাহী সদস্য শহীদ খান প্রমুখ।
বক্তারা বলেন, মানবিক গুণাবলির শ্রেষ্ঠতম অনুষঙ্গ ঔদার্য। মানব সভ্যতার হাজার বছরের ইতিহাসে গুটিকয়েক মানুষ এই বিরল গুণের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধু তাঁর বিশাল মানবিক ঔদার্য দিয়েই কোটি কোটি মানুষের নেতা হয়েছিলেন, কোটি মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন, তাদের নিষ্প্রাণ দেহে প্রাণ সঞ্চার করতে পেরেছিলেন। বাঙালির জন্য একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন রাষ্ট্রের বাস্তবায়ন করে দিয়েছিলেন।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুকে জীবনের বড় একটি সময় কারাগারেই কাটাতে হয়েছে। কিন্তু এ দেশের শোষিত-বঞ্চিত মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর দায়িত্ববোধে বারবার লড়ে গেছেন তিনি। তাঁর বজ্র হুংকারে বারবার পিছু হটেছে পাকিস্তানি শাসকেরা। বাংলার মানুষের অকুণ্ঠ সমর্থন পেয়েছিলেন তিনি। শেখ মুজিব হয়ে উঠেছিলেন এ দেশের মানুষের শেষ কথা, শেষ আশ্রয়।
সভায় বক্তারা আরও বলেন, আজকের বাংলাদেশ এগিয়ে যাওয়ার বাংলাদেশ। যে স্বাধীন দেশ বঙ্গবন্ধু আমাদের উপহার দিয়েছেন এবং সারা বিশ্বে তার উন্মেষ ঘটিয়েছেন তা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে দুর্বার গতিতে। আজ বঙ্গবন্ধুর জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর সহজ উপায় হলো তাঁর আদর্শকে মাথায় নিয়ে যে যার অবস্থানে থেকে দেশ এবং দেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাওয়া।
সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের নানামুখী ভূমিকার কথা তুলে ধরেন। সভায় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রবাসে সক্রিয় স্বাধীনতাবিরোধী শক্তির কূটচালের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।