সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর রাতে আটলান্টিক সিটির একটি ভেন্যুতে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহান। যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন—সংগঠনের সহসভাপতি সাব্বির হোসেন ভূঁইয়া, আহসান হাবীব, কাঞ্চন বল, মো. শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক, রওশন উদ্দীন, সদস্য শহীদ খান।
সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান টেলিফোনে সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহানকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন। তিনি ২২ সেপ্টেম্বর শেখ হাসিনার আমেরিকা আগমনের দিন বিমানবন্দরে সংবর্ধনা, ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের দিন জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ, ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সংবর্ধনাসহ প্রতিটি কর্মসূচি সর্বাত্মক সফল করার লক্ষ্যে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণের অনুরোধ জানান।
সভায় সিদ্ধান্ত হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের দিক নির্দেশনার আলোকে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংগঠনের সভাপতি শামসুল ইসলাম শাহজাহানের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে গৃহীত প্রতিটি কর্মসূচিতে ব্যাপক সংখ্যায় উপস্থিত থেকে তা সফল করে তুলবে। সভায় গৃহীত সিদ্ধান্ত সিদ্দিকুর রহমানকে অবহিত করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ কর্তৃক কর্ম পরিকল্পনা গ্রহণের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।