সাউথ জার্সিতে দুর্গোৎসব ৩ ও ৪ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে জাগরণী কালচারাল সোসাইটি ইনকের উদ্যোগে আগামী ৩ ও ৪ অক্টোবর ৫৭১, দক্ষিণ পোমনা রোডে হিন্দু জৈন মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা অর্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ। এ বছর জাগরনী কালচারাল সোসাইটির দুর্গোৎসবের দশম বর্ষপূর্তি। তাই এবারের আয়োজনেও থাকছে বেশ ব্যাপকতা। ৩ অক্টোবর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা ও ৪ অক্টোবর ভারতের সারেগামা খ্যাত সংগীতশিল্পী পারুল মিশ্র সংগীত পরিবেশন করবেন। শারদোৎসবের বার্তা পেয়ে প্রবাসী বাঙালি হিন্দুরা মেতে উঠেছে দুর্গোৎসবের হরেক আয়োজনে।
পুরাণে দেবী দুর্গার আবির্ভাব তত্ত্বে বলা হয়েছে, সমাজের সব অশুভ শক্তির বিনাশে দেবী দুর্গার মর্ত্যে আবির্ভাব। ত্রেতাযুগে অসুর কূলের দাপটে মানব জাতি যখন উৎকণ্ঠিত তখন মানবকল্যাণে এই ধরাধামে আবির্ভূত হন ভগবান শ্রী রামচন্দ্র। বাবার আদেশে তিনি বনবাসে থাকাকালে লঙ্কেশর রাবন তার স্ত্রী সীতাকে অপহরণ করে লঙ্কায় লুকিয়ে রাখেন। লঙ্কাপুরী থেকে প্রিয়তমা স্ত্রী সীতাকে উদ্ধারের জন্য শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে শ্রী রামচন্দ্র শরৎকালে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান করেন। বসন্তকালের পরিবর্তে শরৎকালে দেবী দুর্গাকে আহ্বান করায় এই পূজাকে অকালবোধন বলা হয়। এরই পরিপ্রেক্ষিতেই শরৎকালে দুর্গাপূজার প্রচলন হয়।
সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস, অসুর শক্তি বিনাশকারী দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সমাজ থেকে সব পাপ দূর হয়ে যাবে, সমাজে ফিরে আসবে শান্তি। চলতি বছর দেবী দুর্গা মর্ত্যে আসছেন নৌকায় চড়ে, এতে ফসল উৎপাদন ভালো হবে। দেবী দুর্গা বিদায় নেবেন ঘোড়ায় চড়ে, এতে রোগ-বালাই সব দূর হবে।
এদিকে শারদোৎসবের বার্তা পেয়ে নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির প্রবাসী বাঙালি হিন্দুরা মেতে উঠেছে দুর্গোৎসবের হরেক আয়োজনে। আটলান্টিক সিটিতে ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, শারদীয় দুর্গোৎসব। আটলান্টিক সিটির ফ্লোরিডা অ্যাভিনিউর শ্রী শ্রী গীতা সংঘের প্রার্থনা হলে দশভুজা দেবী দুর্গার ষষ্ঠীবিহিত পূজা, কল্পারম্ভ, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠীপূজা সম্পন্ন হয়েছে। শ্রী শ্রী গীতা সংঘের দুর্গোৎসবে তিথি মতে পূজার যাবতীয় শাস্ত্রীয় কর্মযজ্ঞ সম্পাদন করা হয়।