সাউথ জার্সির এবসিকন শহরে শারদোৎসবের প্রস্তুতি
দরজায় কড়া নাড়ছে দুর্গোৎসব। প্রবাসী বাংলাদেশি সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা এখন উৎসবের অপেক্ষায়। সাউথ জার্সির এবসিকন ও এর আশপাশের শহরগুলোতে বসবাসরত প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরাও এখন কাউন্টডাউনে ব্যস্ত। উৎসব আয়োজনে চলছে ব্যাপক প্রস্তুতি।
শারদোৎসবের বার্তা পেয়ে এবসিকন ও এর আশপাশের শহরগুলোর প্রবাসী বাঙালি হিন্দুরা এখন দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নতুন পোশাক কেনাকাটায় ব্যস্ত সবাই। প্রবাসে বেড়ে ওঠা তরুণ প্রজন্মের কাছে ভারতীয় টিভি চ্যানেলের বিভিন্ন সিরিয়ালের নায়িকাদের নাম দিয়ে তৈরি পোশাক বেশ জনপ্রিয়। তরুণীরা অনলাইনে অর্ডার দিয়ে কিংবা নিউইয়র্কের বিভিন্ন বাঙালি ফ্যাশন হাউস থেকে তা সংগ্রহ করছে। কেউ কেউ আবার দেশ থেকে পরিচিতজনদের মাধ্যমেও পছন্দের পোশাক সংগ্রহ করছে। অনেকে আবার পাশ্চাত্য ফ্যাশনেই আস্থা রাখছেন।
তরুণদের পছন্দ হাল ফ্যাশনের পাঞ্জাবি ও বিভিন্ন ধরনের পোশাক। তারাও নিউইয়র্কের ফ্যাশন হাউস, অনলাইন অথবা দেশ থেকে তা আনিয়ে নিচ্ছেন। মা-বাবার হাত ধরে বাচ্চারা ছুটছে মার্কিন শপিং মলগুলোতেই।
এবসিকন শহরের ৪৪৪, পশ্চিম ক্যালিফোর্নিয়ায় অবস্থিত রাধা কৃষ্ণ মন্দিরের নিজস্ব প্রাঙ্গণে আগামী ৪ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হবে। ৮ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে। দুর্গাপূজার বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে তিথি অনুযায়ী পূজা অর্চনা, অঞ্জলি, ধর্মীয় সভা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, যেখানে প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মও অংশ নেবে। সে জন্য চলছে মহড়া। রাধা কৃষ্ণ মন্দিরের দুর্গাপূজার বিভিন্ন আয়োজনে নিউজার্সি ছাড়াও নিউইয়র্ক, পেনসিলভানিয়াসহ অন্য অঙ্গরাজ্য থেকেও প্রবাসী হিন্দুদের ব্যাপক সমাগম ঘটবে।