সাউথ জার্সির নর্থফিল্ডে বসন্ত আড্ডা

আমেরিকার প্রকৃতিতে সবেমাত্র বসন্ত ঋতুর আগমন ঘটেছে। গ্রীষ্ম এখনো যোজন দূরে। তাই তো ৩ এপ্রিল বসন্ত আড্ডার আসর বসেছিল সাউথ জার্সির নর্থফিল্ডের ৪২০ জ্যাকসন রোডের একটি ভেন্যুতে; উপলক্ষ বসন্তবরণ। ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি’র উদ্যোগে আয়োজন করা হয়েছিল এই বসন্ত আড্ডার।
বসন্ত আড্ডার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ঘরোয়া খেলাধুলা, সংগীতানুষ্ঠান ও ভূরিভোজ। ভূরিভোজে ছিল বাংলার বিভিন্ন ধরনের মুখরোচক ভর্তা, ডাল, ইলিশ, পিঠে-পুলি, ফল-ফলাদি ও মিষ্টির সমাহার। ছিল নানা রকমের মোগলাই খাবারও।
বসন্ত আড্ডায় অংশগ্রহণকারী নারীরা সেজেছিলেন বসন্ত সাজে। তাঁদের পরনে ছিল বাসন্তী রঙের শাড়ি, আর খোঁপায় গোঁজা ছিল হলুদ ফুল। প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোররাও তাদের মা-বাবার সঙ্গে এই বসন্ত আড্ডায় যোগ দেয়। তারা নিজেদের মতো করে বিভিন্ন আনন্দ-আয়োজনে মেতে ওঠে। ফাঁকে ফাঁকে চলছিল সংগীত পরিবেশনা। আড্ডা, সংগীত আর এর ফাঁকে ফাঁকে উদরপূর্তি; এই নিয়ে জমে উঠেছিল বসন্ত আড্ডা।
জম্পেশ আড্ডায় মশগুল কারও খেয়ালই ছিল না সময়ের দিকে। কিন্তু সময় তো চলমান। গির্জার গ্র্যান্ড ফাদার ক্লকের ঢং ঢং ঘণ্টাধ্বনি রাত নিশুতির জানান দিয়ে সবাইকে সে কথাই স্মরণ করিয়ে দিলে একে একে সবাই বাড়ি ফিরতে শুরু করে। সাঙ্গ হয় উত্তরের বসন্তে দেশীয় আড্ডা।