সাউথ-সাউথ কো-অপারেশনের কো-চেয়ারপারসন বাংলাদেশ

জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ক সাউথ-সাউথ কো-অপারেশনের ‘বেইজিং কল ফর অ্যাকশন’ বাস্তবায়নে গঠিত ‘কো-অর্ডিনেটিং কমিটি অন দ্য সাউথ-সাউথ কো-অপারেশন ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’-এর কো-চেয়ারপারসন মনোনীত হয়েছে বাংলাদেশ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সদর দপ্তরে সাউথ-সাউথ কো-অপারেশন ভুক্ত দেশগুলোর সভায় বাংলাদেশকে এ পদে মনোনীত করা হয়।
বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, চীন, কেনিয়া, সাউথ আফ্রিকা, উগান্ডা ও তিউনিশিয়ার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে দক্ষিণ আফ্রিকাকে চেয়ারপারসন করা হয়।
সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক । এ সময় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত বছর ১৮ মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ‘মিনিস্ট্রিয়াল স্ট্রাটিজিক ডায়ালগ অন সাউথ-সাউথ কো-অপারেশন ফর পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক সভায় জনসংখ্যা ও উন্নয়নের ক্ষেত্রে সাউথ-সাউথ কো-অপারেশনের জন্য ‘বেইজিং কল ফর অ্যাকশন’ গ্রহণ করা হয়।
সভায় বাংলাদেশের প্রতিনিধি প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, বেইজিং কল ফর অ্যাকশন বাস্তবায়নে বাংলাদেশের অর্জিত অভিজ্ঞতা অন্য দেশগুলোও কাজে লাগাতে পারে।