সাক্ষ্য দিতেই হবে ইভানকাকে

ইতালীয় একটি জুতা কোম্পানির নকশা চুরির মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে সাক্ষ্য দিতেই হবে। গত শুক্রবার দেওয়া এক আদেশে এটি বাধ্যতামূলক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক বিচারক।
এএফপির খবরে বলা হয়েছে, সময়স্বল্পতার কথা বলে হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে সাক্ষ্য দেওয়া থেকে নিষ্কৃতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন ইভানকা। শুক্রবারের আদেশে নিউইয়র্কের ডিস্ট্রিক্ট জজ ক্যাথরিন ফরেস্ট এ আবেদন খারিজ করে দেন। আদেশে বলা হয়, ‘তাঁর (ইভানকা) বিরুদ্ধে এ মামলায় ব্যক্তিগতভাবে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেই অনুযায়ী তিনি সাক্ষ্য দেওয়ার বিষয়টি এড়িয়ে যেতে পারেন না।’
আদালত ইভানকার সাক্ষ্য দেওয়ার সময়সীমাও নির্দিষ্ট করে দিয়েছেন। আদেশে বলা হয়েছে, মাত্র দুই ঘণ্টার মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে এবং চলতি বছরের অক্টোবর মাসের মধ্যে ওয়াশিংটনে সাক্ষ্য নিতে হবে।
ইতালির বিলাসবহুল ব্র্যান্ড অ্যাকুয়াজ্জুরা গত বছর নকশা চুরির অভিযোগ এনে ইভানকা ও তাঁর নির্মাতা প্রতিষ্ঠান মার্ক ফিশার ফুটওয়্যারের বিরুদ্ধে এ মামলা করে। এ সময় প্রতারণাপূর্ণ বাণিজ্যিক কার্যক্রম ও অন্যায় প্রতিযোগিতার অভিযোগ আনা হয়।
অভিযোগে আরও বলা হয়, ইভানকা ওই কোম্পানির ‘ওয়াইল্ড থিং শু’ নামের একটি পণ্য পুরোপুরি নকল করেছেন। অবশ্য ইভানকার নির্মাতা প্রতিষ্ঠান এ অভিযোগ অস্বীকার করেছে।