সাগরে গিয়ে তিমি দর্শন

হাতের নাগালেই বলা ঠিক হবে কিনা জানি না, তবে চাইলে আপনি স্বচক্ষে তিমির দেখা পেতে পারেন। আপনার ইচ্ছার নাগালের মধ্যেই আছে তিমি। সর্বসাকল্যে একদিন হাতে রেখেই দেখে আসতে পারেন দেখা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটিকে। হ্যাঁ, এর জন্য আপনাকে শুধু একটি দিন খরচ করলেই হবে।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সবচেয়ে পূর্বের দ্বীপ কেপ কডের সবশেষ বসতি প্রভিন্সটাউন। মেমোরিয়াল ডে’র ছুটিতে সেখানে বেড়াতে যাওয়া। ওখানে গিয়ে শুনলাম, সামুদ্রিক প্রাণী তিমি ও ডলফিন দেখার জন্য গভীর সমুদ্রে যাওয়ার ব্যবস্থা আছে। টিকিট মাথাপিছু ৪৭ ডলার। বিষয়টি জেনেই আগ্রহী হয়ে উঠলাম। টিকিট করেই ছুটলাম। মাত্র দেড় ঘণ্টায় দ্রুতগতির নৌকায় করে পৌঁছে গেলাম এমন এক জায়গায়, যেখানে এক দুটি নয়, প্রায় ১৫-২০টি তিমির দেখা মিলল।
যাওয়ার আগে অনেকেই বলছিলেন, এই জলসীমা থেকে ভালো তিমি দেখার সুযোগ আছে কিনা সন্দেহ। কারণ সাধারণত তিমির বিচরণ গভীর সমুদ্রে। তবে তিমির অনেক প্রকার আছে। কোনটি আকারে বড়, কোনটি আবার আকারে ছোট। ছোট বড়’র হিসেবে এগুলো মোটামুটি গভীর সমুদ্রে অথবা অধিক গভীর সমুদ্রে বিচরণ করে। সুতরাং, সেই দোদুল্যমান অবস্থার মধ্যেই ঝুঁকি নিলাম। এদিন আবহাওয়াও ছিল চমৎকার রৌদ্রোজ্জ্বল। বর্ষা ও মেঘলা আকাশের দিনেও তিমির দেখা মিলতে পারে, তবে যেহেতু বৃহৎ এই সামুদ্রিক প্রাণীকে দূর থেকেই দেখা লাগে, সে জন্য রৌদ্রোজ্জ্বল দিন-ই বেশি ভালো সময়। সকালে-বিকেলে নিয়ম করে এদের দেখা মেলে। সে কথা পরে লিখছি, আগে বলি তিমি দর্শনের অভিজ্ঞতার কথা।
প্রভিন্সটাইন থেকে ছোট জাহাজ যোগে প্রায় দেড় ঘণ্টার ভ্রমণের সময় তিমি দেখার কৌশলগুলো বুঝিয়ে দিচ্ছিলেন ভ্রমণ ক্যাপ্টেনরা। বলছিলেন, এরা বড় হা করা মুখ দিয়ে যত খাদ্য গ্রহণের চেষ্টা করে, সে সময় ঢুকে পড়া পানি রাশি বের করে দেয় দুই চোয়াল দিয়ে। সে সময়, তিমির শরীরের সামনের পাশের পানির রং সবুজ হয়ে যায়। আর শরীরের ভেতরে তাপের তারতম্য বজায় রাখতে ওরা ডলফিনের মতোই ভেতর থেকে বাতাস বের করে দেয় শরীরে মাথার দিকে থাকা বিশাল নাক দিয়ে। এ সময় ঠিক ফোয়ারার মতো করে পানি ওপরে উঠতে থাকে। আর তিমির পুরো শরীর দেখার সুযোগ কম থাকে, পিঠ ও লেজটাই দেখা যায় বেশি। কেননা, লেজ দিয়ে এরা ডুব দেওয়ার গতির বাড়িয়ে দেয়। বলা চলে, আমরা তিমির অনেকখানিই দেখে ফেলেছি। একটি তিমি একেবারে আমাদের বড় যান্ত্রিক নৌকার একেবার কাছে এসেই ভুস করে দম ছাড়ল, তাতে ভয় আর উত্তেজনায় সবার চিৎকার বেড়ে গেল বহুগুণে।
বেশির ভাগ ক্ষেত্রে তিমি দল বেঁধেই চলে। তবে আমার দেখা দলে সর্বোচ্চ ৪/৫টি তিমির দেখাই মিলল। কোনোটাতে আবার ২/৩টি ছিল।

১৯৫০ সালে আনুষ্ঠানিকভাবে তিমি দর্শন পর্যটনের একটি বড় অংশ হয়ে উঠে। তখন নাবিকদের উদ্যোগে ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে প্রথমে এক ডলার খরচে গভীর সমুদ্রে গিয়ে তিমি দেখার ব্যবস্থা চালু হয়ে। এখন তো এটি শত শত কোটি ডলারের বাণিজ্য। এই তিমি দর্শন এখন আমেরিকার পূর্ব ও পশ্চিমের রাজ্যগুলোর পর্যটনের বড় অংশ। বোস্টন, নিউ হ্যাম্পশায়ারসহ নানা জায়গায় তিমি দর্শনের জন্য বিভিন্ন সংস্থা গড়ে উঠেছে। এমনকি ম্যাসাচুসেটসের এই প্রভিন্সটাউন পর্যটন শহরই গড়ে উঠেছে অনেকখানি এই তিমি দর্শনে পর্যটকদের আনাগোনা থেকেই। এখান থেকে স্বল্প দূরত্বের আরেকটি দ্বীপ নাউটিকাটে একটি পূর্ণাঙ্গ তিমির জাদুঘর আছে। সেখানে কয়েক দশক আগে শিকার করা একটি বিশাল তিমির কঙ্কাল প্রদর্শনীর জন্য সাজিয়ে রাখা আছে।
তিমি তো দেখবেন। কিন্তু কিভাবে যাবেন? নিউইয়র্ক নগর থেকে গাড়িতে করে ম্যাসাচুসেটসের কেপ কড দ্বীপের সর্ব পূর্বের শহর প্রভিন্সটাউনর যেতে সর্বোচ্চ সময় লাগে সাড়ে ৫ ঘণ্টা। ভোরবেলায় রওনা দিলে সহজেই দুপুরের মধ্যে পৌঁছা যায়। বেলা আড়াইটার দিকে সমুদ্রগামী জাহাজের টিকিট কিনবেন। ওই জাহাজ দেড় ঘণ্টার দূরত্বে নোঙর করবে, যেখানে তিমির যাতায়াত আছে। এরপর তিন ঘণ্টার মধ্যেই আবার জাহাজ ডাঙায় ফিরে আসবে। সেখান থেকে সন্ধ্যা বেলা আবার রওনা দিলে মধ্যরাতেই ফিরে আসা যাবে নিউইয়র্কে।