সাগরে তেল-গ্যাসের জন্য নতুন খনন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আটলান্টিক ও উত্তর মহাসাগরে তেল-গ্যাস উত্তোলনের জন্য নতুন খননকাজে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত মঙ্গলবার স্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন। আগামী মাসে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে ওবামা পরিবেশ খাতের জন্য এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন নিয়ে সন্দেহ প্রকাশ করা ট্রাম্পের নতুন সরকার চাইলেও সহজে এ নিষেধাজ্ঞা তুলে নিতে পারবে না বলে মনে করা হচ্ছে।
১৯৫০-এর দশকের আউটার কন্টিনেন্টাল শেলফ আইন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট খনিজ পদার্থ উত্তোলনের জন্য ইজারা ও খননকাজের সীমানা নির্ধারণ করে দেওয়ার ক্ষমতা রাখেন। সেটি ব্যবহার করেই ওবামা এ নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পরিবেশবাদী সংগঠনগুলো একে স্বাগত জানিয়ে বলছে, নিষেধাজ্ঞাটি সহজে প্রত্যাহার করা যাবে না। এ জন্য আদালতের দ্বারস্থ হতে হবে।
ওবামার নিষেধাজ্ঞাটি আলাস্কার কাছাকাছি চুকচি সাগর ও বোফোর্ট সাগরের ১১ কোটি ৫০ লাখ একর এবং নিউ ইংল্যান্ড অঞ্চল থেকে চেসাপিক উপসাগর পর্যন্ত ৩৮ লাখ একর এলাকাজুড়ে প্রযোজ্য হবে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সমুদ্রসীমায় তেল-গ্যাসের জন্য খননকাজের আওতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তাঁর সহযোগীরা ইঙ্গিত দিয়েছেন, নতুন মার্কিন সরকার চুকচি ও বোফোর্ট সাগরের পাশাপাশি আটলান্টিক মহাসাগরের মধ্য ও দক্ষিণ অংশে খনিজসম্পদের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে। একজন তেল কোম্পানির নির্বাহীকে ট্রাম্প জ্বালানিমন্ত্রী হিসেবে বেছে নেওয়ায় পরিবেশবাদীরা ইতিমধ্যেই উদ্বিগ্ন।
ওবামার এ ঘোষণা নিয়ে ট্রাম্পের প্রতিনিধি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি। তবে আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট মনে করে, নিষেধাজ্ঞাটি স্থায়ী হবে না। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর নির্বাহী ক্ষমতা কাজে লাগিয়েই তুলে নিতে পারবেন।
হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের প্রতিবেশী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর যৌথ ঘোষণা অনুযায়ী উত্তর মহাসাগর অঞ্চলের অর্থনীতি ও পরিবেশের টেকসই সুরক্ষা নিশ্চিত করাই নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য। ওবামা এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার এ যৌথ পদক্ষেপে একটি বৈজ্ঞানিক মূল্যায়নের প্রতিফলন ঘটেছে। সেটা হলো, অত্যন্ত উচ্চমানের নিরাপত্তা সত্ত্বেও খননকাজের সময় সাগরে তেল ছড়িয়ে পড়ার ঝুঁকি থাকে।
আটলান্টিকের মার্কিন উপকূল এলাকার স্থানীয় কয়েকটি সংগঠন তেলের জন্য খননকাজের বিরোধিতা করেছে। নতুন ট্রাম্প প্রশাসন সেই উদ্যোগ নিলেও তারা আপত্তি জানাবে।