সাগরের নীল জানালায়
তাড়াহুড়া করে নাশতা সেরে সপরিবারে নিউজার্সির নুওয়ার্ক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করলাম। ১২ দিনের সফর। ছয়জন ঘনিষ্ঠ বন্ধু ও তাদের পরিবার নিয়ে আনন্দ যাত্রা। বন্ধুদের নিয়ে প্রথমবারের মতো বিরাট বহর নিয়ে ছুটি কাটাব। ছেলে-মেয়েসহ মোট ৩২ জন। ফ্লোরিডায় পাঁচদিন থেকে চারদিনের জন্য জাহাজে বাহামা দ্বীপ, ককো কী দ্বীপ হয়ে আবার ফ্লোরিডায় ফিরতে হবে। পরের গন্তব্য মায়ামির কী ওয়েস্ট।
প্রায় দুই ঘণ্টা আকাশে উড়ার পর স্পিরিট এয়ারের উড়োজাহাজটি বিশাল দুটি ডানা মেলে অরল্যান্ডোর মাটি স্পর্শ করতেই হাততালি। চমৎকার আবহাওয়া অরল্যান্ডোতে। থাকার ব্যবস্থা এক বিশাল ভিলাতে। ভেতরে সুইমিং পুল, জিম, মুভি থিয়েটার, বিলিয়ার্ড, টেবিল টেনিস ও লন টেনিস খেলার ব্যবস্থা। ১২টি বেড রুম, দুটি লিভিং রুম, কিচেন ও বারান্দা মিলিয়ে সে এক রাজকীয় ব্যাপার-স্যাপার। প্রথম দিন ভিলা থেকে কোথাও নড়ন-চড়ন নেই। গল্পে, আড্ডায় রাত কাটে। পরদিন সকালে যার যার পছন্দমতো নাশতা (টোস্ট, বাটার, জেলি, ওয়াফল, পেন কেক, পেস্তা, কলা ও ডিম)। নাশতা সেরে বেরিয়ে পড়ার পালা।
শুরুতেই হেলিকপ্টার রাইড। প্রতি ট্রিপে তিনজন নিয়ে হেলিকপ্টার উড়াল দেয় আকাশে। প্রথম ট্রিপে আমার দুই মেয়ে ও ছেলে। ১৫ মিনিট ডিজনির আকাশে চক্কর দিয়ে হেলিকপ্টারটি যখন আবার মাটিতে নেমেছে, ১২ বছরের ছেলে নেহালের চোখে-মুখে উচ্ছ্বাস। দেখে মনটা খুশিতে ভরে যায়। সন্তানদের আনন্দ যে বাবা-মায়ের আনন্দ। হেলিকপ্টার চড়তে আমাদের বহরের কোন নারী সদস্যও বাদ যাননি। আমার স্ত্রী মুন্নীকে নিয়ে সংশয় ছিল। ভাবছিলাম, ভয়ে হেলিকপ্টারে উঠবে না। ওমা, সেও দেখি অন্য ভাবিকে নিয়ে বীরের মতো গিয়ে হেলিকপ্টারে চড়ে বসে। বন্ধু জিল্লু ও কালামকে নিয়ে গিয়ে হেলিকপ্টারে উঠলাম। পাইলট যখন ছোট ফড়িংটিকে এক সাইডে কাত করে দক্ষ হাতে আকাশে কয়েক চক্কর মারতে থাকে। নয়ন ভরে ওপর থেকে অরল্যান্ডোর চোখ ধাঁধানো রূপ দেখলাম।
হেলিকপ্টারের পাট শেষ করে অরেঞ্জ গার্ডেনে। সেখানে বিশাল বিশাল চার চাকার একটি অদ্ভুত দর্শন গাড়ি হেলে-দুলে ঘন সবুজে ঢাকা কমলা বাগানের ভেতর দিয়ে আমাদের নিয়ে চলল। গাইড জানাল, কমলার সিজন হলো নভেম্বর থেকে জানুয়ারি মাস। গাছে থাকা কমলা খাবার উপযুক্ত নয়। তাই আমাদের গাছ থেকে সবুজ কমলাগুলো পাড়া থেকে বিরত থাকতে হয়। কমলাবাগান থেকে সোজা ভিলায় ফিরে সুস্বাদু বারবিকিউ দিয়ে রাতের ডিনার। রাতভর আড্ডা আর মুভি থিয়েটারে গিয়ে সিনেমা দেখা। শাহরুখ খান অভিনীত রেইস ছবিটি দেখে ভোর রাতে বিছানায় যাওয়া।
পরদিন ইউনিভার্সেল স্টুডিও। সেখানে ৪টি ফোর-ডি রাইড (সের্ক, ট্রান্সফরমার, মামমি ও হেরি পোর্টার)। দেখে আবার ভিলায় ফেরা। চারটি মুভিই আগের দেখা। এখানের অনুভূতিটা ছিল ভিন্ন। মনে হলো, যেন ছবির ঘটনাস্থলের কেন্দ্রবিন্দুতে আমরা অবস্থান করছি! সারা দিন এসব দেখার কারণে সবাই ছিলাম ফুরফুরে মেজাজে। রাতে জমে উঠল ঘরোয়া গানের আসর। রাত দুটো পর্যন্ত আমরা সবাই যার যার মতো করে গানে মত্ত থাকলাম। রাজকীয় ভিলার দিন শেষ হলো।
পরদিন বাহামা ও ককো কি দ্বীপের উদ্দেশ্যে চার দিনের জন্য ক্রুজ যাত্রা। এর আগেই ঘুম থেকে উঠে ডান-বাম কোনদিকে না তাকিয়ে সোজা চলে গেলাম অ্যানিমেল কিংডমে। উদ্দেশ্য, বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ফোর ডি রাইড অ্যাবাটারে চড়া। সারিতে দাঁড়িয়ে জানা গেল, কমপক্ষে আড়াই ঘণ্টা অপেক্ষা করতে হবে। অপেক্ষার চেয়েও বড় বিড়ম্বনা টের পেলাম, যখন হঠাৎ করে বিনা নোটিশে ঝুমঝুম মুষলধারে বৃষ্টি নামল। লাইনও ছাড়তে পারছি না, আবার মাথার ওপর কোন ছাদও নাই। বৃষ্টিতে ভিজে একদম চুপচুপা সবাই। প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট লাইনে দাঁড়ানোর পর অবশেষে আমাদের কাঙ্ক্ষিত অ্যাবাটার-এর দেখা পেলাম। এই রাইডটি মূলত হলিউডের বিখ্যাত পরিচালক জেমস ক্যামেরনের কয়েক শ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত অ্যাবাটার মুভির ফোর-ডি সংস্করণ। রাইডে বসার পর যখন এটা পাহাড় পর্বত, ঘন জঙ্গল, আকাশ সাগর, অ্যালিয়েন এবং বিশাল আকারের অ্যাবাটার মুভির সেই বিখ্যাত পানিসদৃশ অদ্ভুত জন্তুর পাশ দিয়ে আমাকে নিয়ে ঘুরতে লাগল। মনে হলো যেন রূপকথার অপরূপ এক রাজ্যে প্রবেশ করছি। অনন্তকাল এখানেই থেকে যেতে মন চাইল, কেউ চোখে না দেখলে ভাষা দিয়ে এই সৌন্দর্যের বর্ণনা দেওয়া এককথায় অসম্ভব। সারা জীবনে যা কিছু দেখা, অ্যাবাটারই সেরা। আমার অনুরোধ, ফ্লোরিডায় গিয়ে কেউ এটা যেন মিস না করেন। পরদিন সকালে গিয়ে ক্রুজে উঠব, সে চিন্তা মাথায় আসতেই উত্তেজনা অনুভব করি। সাগরে এটাই যে আমার প্রথম ক্রুজে ভ্রমণ!
জাহাজের নাম ম্যাজেস্টি অব দ্য সীস। ক্রুজে আমাদের তৃতীয় দিন, টানা সাগরে ভাসার পর আমরা ডাঙায় নামলাম, বাহামা দ্বীপে। দ্বীপে নেমেই দুই দলে ভাগ হয়ে গাড়িতে উঠলাম। সব বাচ্চারা একটি গাড়িতে উঠে চলে গেল বিশ্বের সবচেয়ে বড় ওয়াটার পার্ক আটলান্টিসে। গাড়িতে করে ঘুরে ঘুরে বাহামার ২৫০ বছর আগের ইতিহাস ও ঐতিহ্য দেখতে থাকি। গাইডের মুখে বিবরণ শুনতে লাগলাম। বাহামার সমুদ্রের নীল পানিতে আমি আর বন্ধুরা আনন্দে অনেকক্ষণ সাঁতার কাটলাম। আগের দুই দিনের প্রতিটি মুহূর্ত আমাদের কেটেছে বিশাল জাহাজের এ মাথা থেকে ও মাথা ফটোসেশন করে। সন্ধ্যার পর লাইভ মিউজিক ও ডি জে মিউজিক শুনে। ১৩ তলাবিশিস্ট জাহাজে আছে সুসজ্জিত হলরুম। বিশাল বিশাল ঝাড়বাতি ও তেলচিত্র, চারটি ক্যাপসুল লিফট ও ছয়টি প্যাসেঞ্জার লিফট। সুইমিং পুল, জিম, টেবিল টেনিস, লন টেনিস খেলার ব্যবস্থা এবং ক্যাসিনো ও বার। তিনটি রেস্টুরেন্টে প্রায় ২০ ঘণ্টা ধরেই চলতে থাকে খাবারের আয়োজন। এত রকমারি সুস্বাদু খাবার আমি অনেক পাঁচ তারকা হোটেলেও দেখিনি। পরের দিন ককো কি দ্বীপে। অ্যাডভেঞ্চারের সবকিছুই নাকি ওই দ্বীপে।
সাগরের মাঝখানে চতুর্দিকে স্বচ্ছ নীল পানি পরিবেষ্টিত ছোট্ট একটি দ্বীপ। নাম তার ককো কি, সারা দ্বীপ জুড়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে পানির ওপর নানা অ্যাডভেঞ্চার রাইড। তা ছাড়া আছে স্পিডবোট ও জেসকিতে করে সাগরে চক্কর দেওয়ার ব্যবস্থা। শুধু টাকা ব্যয় করে ও সুন্দর ব্যবস্থাপনা দিয়ে একটি ছোট দ্বীপকে যে আমেরিকা কি বানিয়ে রেখেছে, সেটা চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। ভাবনায় আসে, বাংলাদেশে এর চেয়ে অনেক বড় বড় দ্বীপও (সেন্ট মার্টিন, নিঝুম দ্বীপ ইত্যাদি) অবহেলায় অযত্নে পড়ে আছে!

সারা দিন দ্বীপে কাটিয়ে রাতে জাহাজে ফিরে ডিনার সেরে সবাই চলে গেলাম জাহাজের ১৩ তলার ওপরের ডেকে। শেষ আড্ডা দিতে। পরের দিনের গন্তব্য মায়ামিতে। মধ্যরাত। জাহাজের ডেকে ইজি চেয়ারে চিৎ হয়ে আকাশের দিকে মুখ করে বন্ধুরা শুয়ে আছি। ক্রুজে শেষ রাত। আকাশে চাঁদ থাকলেও বিশাল সাগরে তার সামান্য ছায়া পড়ছে মাত্র, ফলে জাহাজের চারিদিক অন্ধকারই রয়ে গেছে। অনেক দুরে দু একটা তারা মিটি মিটি করে জ্বলছে। আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে আমাদের জাহাজ চলছে। নিচে বিশাল বিশাল ঢেউ এসে জাহাজের পাটাতনে আছড়ে পড়ছে। সাগরের পানি পুরোটাই নীল, অন্ধকারের জন্য কাল দেখাচ্ছে। সাগরের উঁচু উঁচু ঢেউ জাহাজের শরীরে আছড়ে পড়ায় কিছুক্ষণের জন্য হলেও জাহাজের চতুর্দিকে সাদা ফেনা তৈরি হয়। থোকা থোকা আকারে তা সবদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। অনেক দূরে আমাদের জাহাজের সঙ্গে সমান্তরালভাবে আরেকটি জাহাজ যাচ্ছে। হঠাৎ সাগর একটু বেশি অশান্ত হয়ে উঠে। আগের দিন এমন ঢেউ দেখিনি। জাহাজ মৃদু দুলছে। বন্ধু জিল্লু, ফারুক, সেলিনা ভাবি, রিতা ভাবি, মাসুদা ভাবি, সামীমা ভাবি, তাহমিনা ভাবি, শেফা ভাবি ও মুন্নী সুরেলা কন্ঠে বাংলা ও হিন্দি গান গাইছেন। বন্ধু আতিক ও জুবের চেয়ারে হাত দিয়ে শব্দ করে মিউজিক দেওয়ার চেষ্টা করছে। আমি মুগ্ধ নয়নে সাগরের বিশালত্ব দেখছিলাম। এই মোহনীয় পরিবেশ হৃদয়ের অন্তস্থল দিয়ে অনুভব করার চেষ্টা করছি। গানের সুর, জ্যোৎস্না রাতের খোলা আকাশ, জ্যোৎস্নার আলোয় প্লাবিত সাগর, আড্ডা-সবকিছু ভাবালুতার ভিন্নতায় অবগাহন করি। আমার জীবনের সেরা সুখানুভূতি। মনে হয়, এ রাত যেন আর শেষ না হয়।
মায়ামিতে দুরাত এবং কি ওয়েস্টের এক রাতের কথা কোনো দিনও ভোলার নয়। মায়ামি এমন একটি শহর, মনে হয় সারা রাতই জেগে থাকে। আমরা চারটি পরিবার। বলতে গেলে মধ্যরাত পর্যন্ত মায়ামি শহরের আনাচে-কানাচে গাড়ি নিয়ে ঘুরলাম। দুপুরে খাবার সেরে সবাই গিয়েছিলাম সাগরে সাঁতরাতে। এত বড় বড় ঢেউ এর আগে আমি পৃথিবীর কোনো সমুদ্র সৈকতে দেখিনি। তবে সাগরের পানি খুব বেশি লবণাক্ত, যা পরে শরীরে জ্বালা করে এবং শরীরের অনেক জায়গায় লাল দাগ পড়ে।
এক সময় মায়ামি বিচ ছিল আমার কাছে স্বপ্নের মতো (পৃথিবীর বিখ্যাত সমুদ্র সৈকত বলে কথা)। সেই স্বপ্ন হাতের মুঠোয় চলে আসায় মনের সুখে ইচ্ছেমতো অনেকক্ষণ সাঁতার কাটলাম। পরদিন সকালে রওনা হলাম কি ওয়েস্টের উদ্দেশ্যে। দুপাশে সাগর। মাঝখান দিয়ে রাস্তা। পৃথিবীতে এত সুন্দর নয়নাভিরাম রাস্তাও আছে, তা চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। আমরা দুপাশে অপরূপ সাগরের সৌন্দর্য দেখতে দেখতে (সাগরের মাঝ দিয়ে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা)। চার ঘণ্টায় কি ওয়েস্টে পৌঁছলাম। মনে হলো, কি ওয়েস্টে মানুষ বেড়াতে যায় শুধু এই রাস্তাটি উপভোগ করার জন্য। কি ওয়েস্টে পৌঁছে বন্ধু আবদুর রবের সৌজন্যে বিশেষ ডিসকাউন্টে উঠলাম ওয়ার্ল্ড অফ অ্যাস্টোরিয়ার রিসোর্টে (ম্যানহাটনের মূল হোটেলটিতে আমেরিকার প্রেসিডেন্ট থাকেন)। হোটেলের রুমে লাগেজ রেখে নিচে নেমেই দেখি খুব সুন্দর সুইমিং পুল। তার একটুখানি দূরেই বিশাল আটলান্টিক মহাসাগরের নীল জলরাশি যেন কোন স্বর্ণকেশীর নীল নয়ন। এত কাছে সাগর দেখে মনে হলো, ছোটবেলায় গ্রামের বাড়ি সৈয়দপুরে যখন গামছা কাঁধে বিছিয়ে সামনের পুকুর ঘাটে গোসল করতে যেতাম। এ যেন সেই পুকুর ঘাট, তফাৎ শুধু ওটা পুকুর ছিল আর এটি আটলান্টিক মহাসাগর। রাতে শামীমা ভাবির জাদুর ছোঁয়ায় তারই আনা রাইস কোকারে করা ভাত। আলুভর্তা, শুঁটকি ও ডাল দিয়ে পেট পুরে খেয়ে নিলাম। খাওয়া-দাওয়া সেরে আমরা কাছেই সাগর পাড়ে এমন একটা জায়গায় গেলাম, যেখান থেকে কিউবা মাত্র ৯০ মাইল। এখানেই আমরা রাত দুটা পর্যন্ত হাজারো তারায় উদ্ভাসিত খোলা আকাশের নিচে আড্ডা দিলাম, হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম এবং মনের অজান্তেই হৃদয়ের ভান্ডারে জমা করে রাখলাম এক অবিস্মরণীয় স্মৃতিগাথা। কিউবার অদূরে সমুদ্রের নীল জলে ভাসতে ভাসতে আমাদের যৌবনের নায়ক ফিদেল কাস্ত্রোকে স্যালুট করলাম। সগরের উত্তাল ঢেউয়ের মতো যে বিপ্লবী ঢেউ তুলেছিলেন, তাঁর নীল চোখের সঙ্গে সমুদ্রের নীলের গভীরতা খোঁজার চেষ্টা করি। সমুদ্রের নীল জানালা দিয়ে বিশ্বের পরিবর্তন প্রত্যাশী মানুষের নায়ককে অভিবাদন জানাই।