সাজানো হামলার পরিকল্পনা আঁটতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো নিজের ব্যর্থতা ঢাকতে এবং রাজনৈতিক সমর্থন বাড়াতে সাজানো সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে বসতে পারেন। এ হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রখ্যাত বামপন্থী বুদ্ধিজীবী নোয়াম চমস্কি।
সম্প্রতি বেশ কয়েকটি ব্যর্থতার মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়েকটি দেশের নাগরিকদের ওপর তাঁর দুই দফা ভ্রমণ নিষেধাজ্ঞার কার্যকারিতা আদালত আটকে দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের প্রণয়ন করা স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘ওবামা কেয়ার’ উল্টে দেওয়ার চেষ্টাও ভেস্তে যায়।
সংবাদমাধ্যম প্রতিষ্ঠান অল্টারনেটকে দেওয়া এক সাক্ষাৎকারে নোয়াম চমস্কি বলেন, ভোটাররা যখন ট্রাম্পকে ‘প্রতারক’ হিসেবে বিবেচনা করবে এবং তাঁর প্রতিশ্রুতিগুলো ‘বালির ওপর নির্মিত’ বলেই মনে হবে, তখন হয়তো জনপ্রিয়তা বাড়ানোর স্বার্থে ট্রাম্প চরমপন্থা অবলম্বনের দিকে ঝুঁকবেন। তিনি বলেন, ‘আমার মনে হয়, সাজানো বা কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সম্ভাবনার বিষয়টি আমাদের উপেক্ষা করা উচিত হবে না, যে ঘটনা মুহূর্তেই পুরো দেশকেই বদলে দেবে।’