সাজে ও সংগীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা সাজে নারীরা।  ছবি: প্রথম আলো
নানা সাজে নারীরা। ছবি: প্রথম আলো

আমার মনে হয় আমাদের দেশে এমন কোনো নারী নেই, যার বিছানা অথবা তোশকের নিচে অন্তত নকশার একটি সংখ্যা পাওয়া যাবে না। ব্যাপারটা হাস্যকর মনে হলেও কথাটা কিন্তু সত্যি। কারণ, নারীদের প্রয়োজনীয় রান্নার রেসিপি, রূপচর্চা, সেলাই-ফোড়াই, সাজ-সজ্জা, হালের ফ্যাশনসহ খুঁটিনাটি যাবতীয় বিষয় নকশার পাতায় পাওয়া যায়। সংসারের সব কাজ ও দুপুরের খাওয়া শেষে বিছানায় গা এলিয়ে নকশার পাতায় চোখ বোলাতে বোলাতে ঘুমিয়ে যাওয়াটা নারীদের কাছে এক ধরনের শৌখিনতা।
আমাদের বাড়িতে সব সময় প্রথম আলো পত্রিকা আসত। সারা সপ্তাহ নকশার অপেক্ষায় থাকতাম। পত্রিকা এলেই এক রকমের কাড়াকাড়ি শুরু হয়ে যেত। আমার বাবা জানতেন যে, নকশা আমার খুব প্রিয়। তাই হকার পত্রিকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পড়ার টেবিলে চুপ করে সংখ্যাটা রেখে আসতেন। রঙিন পাতায় পাতায় নতুন কিছু পাব বলে আমার সে যে কী আনন্দ হতো। খুঁটিয়ে খুঁটিয়ে সব পড়তাম। আবার পছন্দের বিষয়গুলো কেটে সংগ্রহ করতাম। বন্ধুদের মধ্যে এই নিয়ে কথা উঠলেই দেখা যেত প্রায় সবারই এক অবস্থা। নকশা সংগ্রহ এক ধরনের শখ ছিল আমাদের। কারও কিছু প্রয়োজন হলেই নকশাতে খুঁজতাম। নিউইয়র্ক আসার পর আমি নকশা খুব মিস করছিলাম। অনলাইনে পত্রিকা পড়া গেলেও পত্রিকা হাতে নিয়ে পড়ার মজাই আলাদা।
গত দু বছর হলো সেই হারানো আনন্দ খুঁজে পেয়েছি দ্বিগুণ মাত্রায়। প্রথম আলো উত্তরের নকশা যেমন পেয়েছি, তেমনি পাচ্ছি এর সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সুযোগ। প্রবাসে থেকেও দেশের ঘ্রাণ নিতে পারাটা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশাল এক পাওয়া। প্রবাসীদের মনের দুঃখ ও আনন্দ যেন ভেসে
ওঠে উত্তরের নকশার পাতায় পাতায়। এখানে যেমন আমরা মন খুলে লিখতে পারছি, তেমনি মডেলিং, সাজ-পোশাক, রান্নার রেসিপি—সবকিছু পাচ্ছি
দেশীয় আমেজে।
এবার নকশার দ্বিতীয় বর্ষপূর্তিতে বিশেষ আকর্ষণ ছিল ‘সাজে ও সংগীতে ষাটের দশক’। আমরা সবাই যেন চলে গিয়েছিলাম সেই ষাটের দশকে। সঙ্গে ছিল আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠান থেকে কেউ খালি হাতে বাড়ি ফেরেনি। সবার জন্যই ছিল কোনো না কোনো পুরস্কার।
প্রথম আলো উত্তরের নকশা এভাবেই প্রবাসী বাংলাদেশিদের মনে টিকে থাকুক, বেড়ে উঠুক বৈচিত্র্য
ও ব্যাপ্তিতে।