সাতক্ষীরা হয়ে সুন্দরবন ভ্রমণে

কথাটা প্রথম বন্ধু মুনীম জানাল। সাতক্ষীরার মুন্সিগঞ্জে একদম সুন্দরবনের ভেতরে খুব সুন্দর একটি রিসোর্ট আছে! ওখানে দু রাত কাটিয়ে রিসোর্টের নিজস্ব লঞ্চে করে সুন্দরবনে বেড়ানোর নাকি অন্যরকম এক আনন্দের। যেমন শোনা তেমন কাজ। আমরা ১০ জনের একটি দল তৈরি হয়ে গেলাম সুন্দরবন বেড়ানোর জন্য। বাগেরহাটের মোংলা হয়ে সুন্দরবন তো সাধারণত সবারই যাওয়া হয়। সাতক্ষীরা দিয়ে সুন্দরবন ভ্রমণ নিঃসন্দেহে একটা নতুন মাত্রা যোগ করবে। সিদ্ধান্ত হলো বৃহস্পতিবার ঢাকা থেকে রওনা হব। শনিবার আবার ঢাকায় ফিরব। কারণ রোববার আবার সবাই কাজে ব্যস্ত হয়ে পড়বে।
পূর্ব পরিকল্পনানুযায়ী বৃহস্পতিবার বেলা ১১টায় নভো এয়ারে চড়ে দুপুর ১২ টায় আমরা যশোর বিমানবন্দরে অবতরণ করলাম। বিমান বন্দরে আগে থেকেই রাখা নির্ধারিত গাড়িতে উঠে আমরা বন্ধুর বাড়িতে লাঞ্চ সেরে রওনা দিলাম। গন্তব্য মুন্সিগঞ্জের ভরসা রিসোর্ট। বন্ধু ও বন্ধুর স্ত্রী যা আতিথেয়তা করলেন তা অনেক দিন মনে থাকবে। রাস্তায় চা ও পান বিরতি দিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা চলার পর আমাদের গাড়ি ভরসা রিসোর্টে পৌঁছাল। রাতে দল বেঁধে রিসোর্টের সীমানা ঘুরে একটা হেভি ডিনার দিয়ে যে যার মতো শুয়ে পড়লাম।
সকাল সাড়ে নয়টায় আমরা ভরসা রিসোর্টের কোলঘেষে চুনা নদীতে নোঙর করা আমাদের জন্য নির্ধারিত লঞ্চে উঠে পড়লাম। কিছুক্ষণ চুনা নদীতে চলার পর লঞ্চ খোল পেটুয়া নদীতে পড়ল। এ নদীটি আগের নদী থেকে অনেক বড়। আমাদের ডান পাশে সুন্দরবনের অপার সৌন্দর্য, সবুজে আচ্ছন্ন গাছপালায় উড়ে বেড়াচ্ছে নানান জাতের পাখি। নদীতে মাঝে মাঝে হঠাৎ করে ভেসে ওঠে কুমিরের মাথা। কুমিরের সমস্ত শরীরটাই পানির নিচে থাকায় শুধু মাথাটাই দেখা যাচ্ছে। নদীর পানি ঘোলাটে হওয়ায় অনেক চেষ্টা করেও কুমিরের পুরো শরীরটা দেখা গেল না। আবহাওয়া অনেক চমৎকার। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে সকাল। হেমন্তের মাঝামাঝি সময়ে মৃদু শীতের আগমনী বার্তা। এমনি এক মনোরম পরিবেশে সকলের মনে এক ফুরফুরে ভালো লাগা অনুভূতি। লঞ্চ চলছে বিরতিহীন। সবাই অধীর আগ্রহে ঘন জঙ্গলে ঘেরা নদীর পাড়ের দিকে তাকিয়ে থাকি। হরিণের পাল দেখার জন্য। ভাগ্য ভালো থাকলে বাঘও দেখা যেতে পারে!

শুনেছি দল বেঁধে হরিণেরা নদীতে জল পান করতে আসে। মৃদুমন্দ দক্ষিণা বাতাসের সঙ্গে গল্প আড্ডা ও গান চলতে থাকল। আমাদের বন্ধু বাচ্চু তাঁর সুন্দর গলা দিয়ে ‘ওরে নীল দরিয়া’ গানটি গাইছে। অনেকেই উপকণ্ঠে তার সঙ্গে সুর মেলাচ্ছে। ইতিমধ্যে লঞ্চ কলাগাছি নদীতে পড়ে গেছে। এ নদীটি আরও বিশাল। এর দু পাশেই সুন্দরবন এবং এই নদীর পানিও অনেক স্বচ্ছ। স্বচ্ছ পানিতে আরও ঘণ্টাখানেক চলার পর লঞ্চ দো বেকি ফরেস্ট রেঞ্জে প্রথম যাত্রা বিরতি করল। এই ফরেস্ট রেঞ্জের ভেতরে প্রথমেই চোখে পড়ল বড় একটি পুকুর। স্থানীয় গার্ড বলল নদীর পানি লবণাক্ত থাকায় গভীর রাতে বাঘ এই পুকুরে মিষ্টি পানির জন্য আসে। তারা আরও জানায়, যদি কেউ রাতের বেলা ধৈর্য ধরে ওয়াচ টাওয়ারে অবস্থান করতে পারে। ভাগ্য ভালো থাকলে বাঘের দেখা পেয়েও যেতে পারে। অ্যাডভেঞ্চারের নেশা থাকলেও সময়ের স্বল্পতার কারণে আমাদের পক্ষে এখানে রাতে থাকা সম্ভব নয়।
আপাতত ইচ্ছাকে মাটিচাপা দিলাম। কারণ আজ রাত আবার সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন রিসোর্টে থাকতে হবে। ওখানে এক রাত কাটিয়ে পরদিন যশোর বিমান বন্দর হয়ে ঢাকা যাব।এসব রিসোর্টে বুকিং দেওয়া থেকে থাকা খাওয়া যাবতীয় ব্যাপারে আমরা একটু অধিকতর সুবিধা আদায় করতে পেরেছি। কারণ আমাদের সঙ্গে আছে আমাদের বন্ধু মদনপুর শাইরা গার্ডেন রিসোর্টের মালিক ফারুক ।
দো বেকির পালা শেষ করে আবার সবাই লঞ্চে উঠলে সারেং সাইরেন বাজিয়ে লঞ্চ ছেড়ে দিলেন। পরবর্তী বিরতি কলাগাছিতে। বিশাল নদীর পানিকে দুই পাশে ঠেলে সাদা ফেনা তৈরি করে মন্থর গতিতে লঞ্চ এগিয়ে চলল। ধু ধু বাতাসে ঘুমে চোখ বুজে আসতে লাগল। বহুদিন পর যেন এত নির্মল বাতাসের ছোঁয়া পেলাম। বুক ভরে শ্বাস নিলাম।
বন্ধু জুবেরের মৃদু ধাক্কায় তন্দ্রাভাব চলে গেল। জানা গেল সামনেই কলাগাছি। লঞ্চ তীরে ভেড়ার সঙ্গে সঙ্গে সবাই লাফিয়ে তীরে নামল। এখানে বহু বানর সবাইকে অভ্যর্থনা জানাল। আমাদের লঞ্চের পাশেই আরেকটি লঞ্চ নোঙর করা ছিল। সেখানে কোনো একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২০/২৫ জন শিক্ষার্থী লঞ্চের ছাদে বিছানা পেতে গোল হয়ে বসে কোরাস গাইছে। সম্ভবত তারাও আমাদের মতো সুন্দরবনে বেড়াতে এসেছে। তাদের হাস্যোজ্জ্বল চেহারা লাফালাফি দেখে অনেক ভালো লাগল। মনের অজান্তেই ৩০/৩৫ বছর আগের কলেজজীবনের সোনালি দিনগুলোতে ফিরে গেলাম। কত সুখেরই না ছিল দিনগুলো।
যৌবনের দিনগুলো কেন যে এত দ্রুত ফুরিয়ে যায়। এই সুন্দরবন হয়তো থাকবে আরও লক্ষ কোটি বছর। কিন্তু আমাদের কি আর এখানে আসা হবে! বন বিভাগের তৈরি করা কাঠের রাস্তার ওপর দিয়ে হেটে সবাই বনের অনেক ভেতরে চলে আসলাম এবং এখানেই প্রথম হরিণের দেখা পেলাম। বনরক্ষী আমাদের কাদার ওপর বাঘের পায়ের ছাপ দেখাল। গা ছম ছম করা শিহরিত অনুভূতি নিয়ে কিছু সময় এখানে কাটিয়ে আবার লঞ্চে আরোহণ করলাম। তখন বাজে বেলা ৩টা। কাজেই আর দেরি না করে সবাই দুপুরের খাবার খেতে বসে গেল। পরিবেশের সঙ্গে মিল রেখে খাবারও ছিল চমৎকার। ভুনা খিচুড়ি, ডিম ভুনা, পাতি হাসের মাংস ভুনা,বেগুন ভাজা ও ফাইসা মাছ ভাজা। ভুরি ভোজ করে আরও প্রায় দুই ঘণ্টা মালঞ্চ নদীর ওপর লঞ্চ ভ্রমণ শেষে আমরা যাত্রা শুরুর স্থানে এসে অর্থাৎ রিসোর্টে এসে পৌঁছলাম। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এই পুরো দুই ঘণ্টাই লঞ্চ বাচ্চু ভাই চালাল।
সাতক্ষীরার ভেতরে প্রায় ২০০ বিঘা জমির ওপর মোজাফ্ফর গার্ডেন রিসোর্টটির অবস্থান। খোদ ঢাকাতেও এত বড় জায়গা নিয়ে রিসোর্ট আছে কিনা সন্দেহ। বিশাল আম বাগানে ঘেরা রিসোর্টটির ভেতর ২০টিরও অধিক পুকুর আছে। আছে নানা প্রজাতির পশু ও পাখিতে ভরপুর একটি মিনি চিড়িয়াখানা। রিসোর্টের মালিক মন্টু মিয়ার মূলত চিংড়ি মাছের ঘেরের ব্যবসা। সাতক্ষীরার অধিকাংশ মানুষেরই জীবিকা নির্বাহের মূল উৎস হলো এই চিংড়ির ঘের। রাস্তার দুই পাশে তাকালে দেখা যাবে হাজার হাজার একর ধানের জমিতে ধান চাষ বাদ দিয়ে সমুদ্রের লোনা পানি সংরক্ষণ করে চিংড়ি চাষের ঘের করা হয়েছে।
এক রাত কাটিয়ে পরদিন দুপুর ১২টায় চেক আউট করে পথিমধ্যে চুকনগরের আব্বাস হোটেলে চুইঝাল (এক ধরনের গাছের ছাল) দিয়ে তৈরি খাসির মাংস দিয়ে ভাত খেলাম। কথিত আছে সাতক্ষীরায় এসে আব্বাসের হোটেলের এই বিশেষ খাবারটি কেউ না খেয়ে যায় না। বিকেল ৫টায় যশোর বিমান বন্দরে পৌঁছে সন্ধ্যা ৬ টার কিছু আগে ঢাকায় পৌঁছাই। স্মৃতির পাতায় স্বদেশে অসাধারণ এক ভালো লাগার অভিজ্ঞতা ধারণ করে চিৎকার বলতে ইচ্ছে করে, ‘এ আমার দেশ-এ আমার অহংকার!’