সাতটি ট্রেনের যাত্রীদের জন্য সুখবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুইন্সের ফ্ল্যাশিং ও ম্যানহাটনের হাডসন ইয়ার্ড রুটে যাতায়াতকারী সাতটি ট্রেনের যাত্রীদের জন্য এমটিএর (মেট্রো ট্রান্সপোর্ট অথরিটি) পক্ষ থেকে সুখবর রয়েছে। ট্রেন চলাচলে সংকেতের সমস্যা দূর করতে এমটিএ কর্তৃপক্ষ এক বছরের মধ্যে এ ব্যবস্থাকে কম্পিউটারাইজড করার একটি প্রকল্প হাতে নিয়েছে।

২১ আগস্ট নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, সেকেলে সিগন্যাল ব্যবস্থার পরিবর্তে কম্পিউটারাইজড সিগন্যাল আগামী বছরের প্রথম দিকে চালু হবে বলে আশা করা হচ্ছে। তবে এমটিএর মুখপাত্র কেভিন অরট্রিজ জানান, তাঁদের লক্ষ্য হলো ২০১৭ সাল শেষ হওয়ার আগেই এ আধুনিকায়নের কাজ শেষ করা। আধুনিকায়নের এ কাজ ইতিমধ্যেই তিন বছর দেরি হয়েছে।
এ উদ্দেশ্যে এমটিএ প্রথম ২৬৫.৬ মিলিয়ন ডলার এ প্রকল্পের জন্য বরাদ্দ করেছিল। নিউইয়র্ক নগরীর বাজেট দপ্তর থেকে বলা হয়, বর্তমানে এ ব্যয় বেড়ে ৪০৫ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আধুনিকায়নের অংশ হিসেবে পুরো লাইনে ইতিমধ্যেই হার্ডওয়্যার স্থাপন করা হয়েছে। আধুনিকায়নের ফলে আগের সংকেতব্যবস্থার ইতি ঘটবে।
উল্লেখ্য, এখনো বিদ্যমান সেকেলে সংকেতব্যবস্থায় বিভ্রাটের কারণে প্রায়ই ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। কখনো কখনো ট্রেন অনাকাঙ্ক্ষিত সময়ের মতো স্টেশনের বাইরে কিংবা ভেতরে দাঁড়িয়ে থাকে। ফলে শিক্ষার্থী ও কর্মস্থলমুখী শ্রমজীবী মানুষ দুশ্চিন্তায় পড়েন। বিলম্বের জন্য শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। আর শ্রমজীবীদের কর্মঘণ্টা হ্রাস হয়। কোনো কোনো শ্রমজীবী চাকরি হারানোর শিকারেও পরিণত হন।

সাত ট্রেনে বিপুলসংখ্যক যাত্রী প্রত্যহ যাতায়াত করেন। সর্বাধুনিক সংকেতব্যবস্থার খবর শুনে বাংলাদেশি নাসিমা আকতার স্বস্তি প্রকাশ করে এ প্রতিনিধিকে বলেন, ‘হয়তো ট্রেন মাঝপথে আটকে থাকার বিড়ম্বনার ইতি ঘটবে।’ তিনি বলেন, ‘আমেরিকায় প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ। ঘরে-বাইরে কাজ করতে হয় বলে সময়ের সঙ্গে দৌড়াতে হয়। তাই সাত ট্রেনের সংকেতব্যবস্থার আধুনিকায়ন আমাদের জন্য সুখবর বিশেষ।’