সাদা বাড়িতে কালো মনের মানুষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোয়াইট হাউস। কী ঝকঝকে সাদা একটা নাম! বাড়িটা থেকে ‘সাদা’ যেন ঠিকরে ঠিকরে বেরোয়। দেয়াল থেকে দেয়ালগিরি; ছাদ থেকে মেঝে, এ মাথা থেকে সে মাথা—সবটাই সাদা। সাদা রংটা যে কী পরিমাণ আভিজাত্য ধারণ করে, হোয়াইট হাউস না থাকলে হয়তো বোঝাই যেত না।
সেই সাদা বাড়িতে টানা আটটা বছর রাজত্ব করে বেড়ালেন কালো ওবামা। খালি কী তাই? ওবামা গদিতে থাকার সময় চার শর বেশি কালো লোককে তাঁর প্রশাসনে বড় বড় পদে চাকরি দিয়েছিলেন। এর মধ্যে হোয়াইট হাউসেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ৫০ জনের বেশি কালো লোক; এই অর্ধশতাধিক লোকের আবার ২৯ জনই নারী।
হাঁড়ির কালির মতো কালোদের এই কিলিবিলি কাঁহাতক আর সহ্য করা যায়! কয়েক শ বছর ধরে আমেরিকায় সাদা চামড়ার মানুষ ছিল মাতব্বর; আইন-বিচার-সালিস—সব তারাই করে এসেছে। সেখানে বাইরের দেশ থেকে হাজার কিসিমের লোক ঢুকে সমানে সাম্যবাদের চর্চা করেছে। আশরাফ-আতরাফ কিচ্ছু মানেনি।
এই মুশকিল থেকে মূলধারার আমেরিকানদের আসানের পথে বের করে আনতে মসীহ হয়ে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারি শৌখিন লোক তিনি। আনন্দ বিনোদন আর খেলাধুলা নিয়ে দিন গুজরান করে এসেছেন সারা জীবন। একসময় বিরাট জুয়াড়ি ছিলেন। পরে নিজেই জুয়ার আখড়া (ক্যাসিনো) খোলেন। এখন জুয়া খেলায় বিশেষ মন দিতে না পারলেও গলফ খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি সুন্দরের মারাত্মক অনুরাগী। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আয়োজক ছিলেন তিনি। সারা জীবন তাঁর চারপাশে হুর-পরিরা নাচ-গান করেছে। এই সব হুর-পরির চেহারা (মূলত দেহসৌষ্ঠব) দেখে আসমানের চাঁদ-তারাও ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে চায়। সৌন্দর্যের পূজারি সেই ট্রাম্প আমেরিকার মাটিতে বিদেশ থেকে আসা মোহাজের, কামলা আর স্থানীয় অসুন্দর কালোদের সঙ্গে ওঠাবসা করবেন, তাঁদের সঙ্গে কোলাকুলি করবেন—এটা তো ইনসাফের কথা হতে পারে না। কারণ, তিনি এক সুন্দর আমেরিকা গড়ার ইরাদা করেছেন।
ট্রাম্প এখন পর্যন্ত যা করেছেন এবং বলেছেন, তার সরল মানে দাঁড়ায়, ‘শ্বেতাঙ্গরাই শ্রেষ্ঠ, সব মাতব্বরি, সরদারি তারাই করবে।’ ভেড়ার পালের গোদা যে পথে যাবে তার পেছনের স্যাঙাতরাও তো সেদিকে যাবে। সেইমতো এগোচ্ছেন ট্রাম্পের অনুসারীরাও।
আমেরিকায় দাস প্রথার সিলসিলা জারি রাখতে অতি দক্ষতার সঙ্গে বহুত্ববাদীদের কচুকাটা করেছিল যে কনফেডারেট আর্মি তার নেতৃত্বে ছিলেন মহামতি রবার্ট ই. লি। এই নেতার মূর্তি আছে ভার্জিনিয়ার শার্লটসভিলে। কালো-ধলো একসঙ্গে মিলেমিশে থাকার পক্ষের লোকজন দাবি তুলেছে, লির মতো মহামতির আদর্শ আর দরকার নেই। ওই ভাস্কর্যও সরিয়ে ফেলা দরকার। সেটি সরানোর পরিকল্পনা হয়েছে। এই ভাস্কর্য অপসারণের বিরোধিতা করে একটা পক্ষ দাঁড়িয়ে গেছে। এরা নব্য নাৎসি; প্রয়াত বিশ্ব মোড়ল হিটলারের এরা ভাবশিষ্য। ক্লু ক্লাক্স ক্লান বা কেকেকে নামে এরা পরিচিত।
কেকেকের একজন একনিষ্ঠ বিপ্লবী সমর্থক সম্প্রতি শার্লটসভিলে বর্ণবাদবিরোধীদের ওপর গাড়ি চালিয়ে দিয়েছে। বর্ণবাদবিরোধী একজন নারী গাড়ির চাকায় মারা গেছেন। আহত হয়েছেন বহু লোক। ঘটনা সামাল দিতে হেলিকপ্টার নিয়ে আসা পুলিশের দুজন নিহত হয়েছেন।
আমেরিকায় এ ধরনের ঘটনা বহুকাল পরে ঘটল। সাদা এবং কালো; আমেরিকান এবং অ-আমেরিকান—এই বিভক্তিমূলক কথাবার্তা আমেরিকার মাটি থেকে প্রায় মুছে যেতে বসেছিল। সেই প্রাচীন ঐতিহ্য আবার মাটি খুঁড়ে বের করে আনছেন ট্রাম্প। শার্লটসভিলের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর হামলার পরপরই ট্রাম্প খুব মোলায়েম কণ্ঠে দুই পক্ষকেই ধৈর্য ধরতে বলেছেন। ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের ওপর টানা ১০ দিন হেলিকপ্টার গানশিপ হামলা চালানোর পর জাতিসংঘ যে কায়দায় দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানায়, ট্রাম্পও অনেকটা সেই কায়দায় এ আহ্বান জানান। এতে ডেমোক্রেটিক ও রিপাবলিকান—উভয় দলের নেতারা ট্রাম্পের সমালোচনা করেছেন। তাঁরা বলছেন, হামলাকারী এবং ভিকটিম দুই পক্ষকে শান্ত হতে বলা মানে তো দুজনকেই একই পাল্লায় মাপা। এসব সমালোচনায় অবশ্য ট্রাম্পের তেমন কিছু যাচ্ছে-আসছে না। তিনি কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন, ক্লু ক্লাক্স ক্লানের পাশে তিনি আছেন। সাদা আমেরিকানরাই এখানে সামনের সারির চেয়ারে বসবে। তাদের মাধ্যমেই ‘আমেরিকা উইল বি গ্রেট এগেইন’।
এই নব্য নাৎসিদের পাশে ট্রাম্পের না থাকার কারণ নেই। ট্রাম্প আর যা-ই হোন অন্তত নিমকহারাম নন। এই নব্য নাৎসিরাই তাঁকে শুরু থেকে সমর্থন জুগিয়ে এসেছে। নির্বাচনের সময় পয়সা কড়ি ঢেলেছে। ব্রেইট বার্টের মতো চরম একগুঁয়ে দক্ষিণপন্থী অনলাইন নিউজ পোর্টাল সমানে প্রচার চালিয়েছে, ট্রাম্প গদিতে বসলে সাদাদের আসমানজুড়ে ঈদের চাঁদ উঠবে। সেই নব্য নাৎসিদের পক্ষে ট্রাম্প থাকবেন না? তিনি কি এতটাই অকৃতজ্ঞ?
যদি ট্রাম্প তাদের ফেলে সরে যেতেন, তাহলে কি শার্লটসভিলেতে এমন একটা ঐতিহাসিক ঘটনা ঘটাতে পারত? পারত না। কেকেকে এখন তাদের সেই ঐতিহ্যবাহী যুদ্ধের পোশাক এবং ঢাল-তলোয়ার নিয়ে প্রকাশ্য রাজপথে নামতে পারে। তারা বুঝেছে, ট্রাম্প যত দিন ক্ষমতায় আছেন, তত দিন এটা তাদের গণতান্ত্রিক অধিকার। এখন অভিবাসী ও কৃষ্ণাঙ্গ আমেরিকানরা দুশ্চিন্তায় আছে ট্রাম্প যদি পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকেন তাহলে কেকেকের এই লাফালাফি যে কোন উল্লম্ফনে রূপ নেবে, তার তো কোনো ঠিক-ঠিকানা নেই।
ট্রাম্প ইতিমধ্যেই হোয়াইট হাউসকে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী চেতনায় ঢেলে সাজিয়েছেন। কালোদের গুরুত্বপূর্ণ পদ থেকে দূর দূর করে সরিয়ে দেওয়া হয়েছে। লোকে শুনলে কী বলবে—এই বিবেচনায় তাঁর মন্ত্রিসভায় মাত্র একজন কৃষ্ণাঙ্গকে রাখা হয়েছে। কিন্তু ট্রাম্প ও তাঁর ভাবশিষ্যরা হয়তো একটা ভুল করছেন। সেটা হলো, সেই দাস প্রথা আর শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের গল্প এই প্রজন্মের সাদা চামড়ার কিছু মানুষ ঝোঁকের মাথায় গিলেছে ঠিকই। শিগগিরই তারা তা বমি করেও দেবে। কারণ, মানুষ শিক্ষিত হচ্ছে। আর শিক্ষিত পাকস্থলী এসব গল্প হজম করে না।