সাদ্দাম-গাদ্দাফি থাকলে বিশ্ব ভালো থাকত: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাদ্দাম হোসেন, মুয়াম্মার গাদ্দাফির মতো শাসকেরা ক্ষমতায় থাকলে বিশ্ব এখনকার চেয়ে ভালো থাকত।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্পের এই মন্তব্য গতকাল রোববার সিএনএন এর এক টক শোতে প্রচারিত হয়েছে।
ইরাকে সাদ্দাম ও লিবিয়ায় গাদ্দাফি ক্ষমতায় থাকলে বিশ্ব কি এখনকার চেয়ে ভালো থাকত—এমন প্রশ্নে ধনকুবের ট্রাম্প বলেন, ‘এক শ ভাগ।’
ট্রাম্প বলেন, মানুষের মাথা কাটা হচ্ছে। তারা ডুবে মরছে। সাদ্দাম হোসেন ও গাদ্দাফির আমলের চেয়ে এখনকার অবস্থা অনেক বেশি শোচনীয়।
ট্রাম্প আরও বলেন, লিবিয়া বিপর্যস্ত, ইরাক বিপর্যস্ত। পুরো মধ্যপ্রাচ্য বিপর্যস্ত। ইরাক নেই, লিবিয়া নেই। সব ভেঙে গেছে। সেখানে কোনো নিয়ন্ত্রণ নেই। আছে সন্ত্রাস। সেখানে কী ঘটছে, কেউ তা জানে না।
বারাক ওবামার আমলে মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।
লিবিয়ার চার দশকের নেতা গাদ্দাফির পতন হয় ২০১১ সালে। ধরা পড়ার পর তাঁকে হত্যা করা হয়।
মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে ২০০৩ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন হয়। ২০০৬ সালে তাঁর ফাঁসি কার্যকর করা হয়।