সাধারণ সভা আয়োজনের দাবি এক পক্ষের

নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের মূল সাংবিধানিক কমিটি এক প্রতিবাদ সভার আয়োজন করেছে। এতে সেন্টারের সাধারণ সভা আয়োজনের দাবি জানানো হয়েছে। নর্থ ব্রঙ্কসের ৩০৬১ বেইনব্রিজ অ্যাভিনিউয়ের চার্চ হলে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের সাবেক ভাইস প্রেসিডেন্ট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও আলী হায়দার চৌধুরী জামির পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন মইজ উদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, সাবেক কোষাধ্যক্ষ শাহিন আহমদ, সাবেক কার্যকরী সদস্য আনছার হুসাইন চৌধুরী, আব্দুর রউফ, মো. শামীম, নজরুল ইসলাম খান, আনছার উদ্দিন, মঞ্জুর চৌধুরী জগলুল, আবদুর রহিম প্রমুখ। সভায় বিপুলসংখ্যক স্থানীয় বাংলাদেশি প্রবাসী উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বর্তমান কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অসাংবিধানিক কার্যক্রমের অভিযোগ করেন, ২৩ বছর ধরে নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের নির্বাচন হচ্ছে না। সদস্যদের এক বছরের আগের স্বাক্ষর দেখিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। সেখানেও আশ্রয় নেওয়া হয়েছে স্বজনপ্রীতির।
বক্তারা বলেন, মসজিদের গঠনতন্ত্র মোতাবেক প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত কার্যকরী কমিটির কোন নির্বাচন সাধারণ সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কি না তা তাঁদের জানা নেই। বক্তারা সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠনের
দাবি জানান। তাঁরা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছর মসজিদের আয়-ব্যয় হিসাব অডিট হওয়ার কথা
থাকলেও সেটিও নিয়মিত হচ্ছে কিনা তাঁরা অবগত নন।
বক্তারা বলেন, ‘আমরা চাই আল্লাহর ঘর পরিচালনায় কোন ধরনের দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতি থাকবে না।’ তাঁরা আরও বলেন, সবার ইবাদত বন্দেগিসহ ইসলাম ধর্মীয় সব কর্মকাণ্ড পরিচালন ব্যবস্থা থাকার কথা থাকলেও সভাপতি ও সেক্রেটারি সুন্নি মতাদর্শের ভুল ব্যাখ্যা দিয়ে মসজিদের মুসল্লিদের মধ্যে বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা করছেন।’
প্রতিবাদ সভায় ২০১১ সালে ২ দশমিক ৪ মিলিয়ন ডলার প্রাক্কলিত ব্যয়ে ৫ তলা মসজিদ ভবনের কাজ শুরুর তথ্যটি সঠিক নয় বলে দাবি করা হয়।