সান ডিয়েগো-তিহুয়ানা: আরেক জিঞ্জিরার গল্প

আমেরিকার ক্যালিফোর্নিয়া স্টেটের সান ডিয়েগো শহরটি চোখ জুড়িয়ে যাওয়ার মতো খুব সুন্দর। এটি মেক্সিকোর একেবারে বর্ডারে। ওদিকের কাছাকাছি শহরের নাম স্প্যানিশ উচ্চারণে তিহুয়ানা। বানানটা ইংরেজিতে উচ্চারণ করতে গেলে দাঁড়াবে তিজুয়ানা। দুই শহরের মধ্যে দূরত্ব মাত্র ২০ মাইল বা ৩৬ কিলোমিটারের মতো। গাড়িতে যেতে লাগে ২০ মিনিটের কাছাকাছি। বর্ডারের গেটের চেকপোস্টে অবশ্য ভালোমতো চেক হয়, মানুষ এবং মালামালের। যারা এক ঢিলে দুই পাখি মারতে চায়, তারা সান ডিয়েগো বেড়াতে আসলে বর্ডার পেরিয়ে একটু মেক্সিকোর স্বাদ নেবার লোভ সামলাতে পারে না। কাছাকাছির শহর তিহুয়ানাটা ঢুঁ মেরে যায়। কোনো পাসপোর্ট ভিসার ঝামেলা নেই। গেলেই হলো। এপারের লোকাল লোকদের কাছ থেকে জানা যায়, বর্ডার পেরোলেই, তিহুয়ানাতে জিনিসপত্রের দাম নাকি দারুণ সস্তা। বিশেষত মেয়েদের গয়নাগাটি, পারফিউম, হ্যান্ডব্যাগ, স্যান্ডেল, ছেলেমেয়েদের ঘড়ি ইত্যাদি। তা ছাড়া ওপারে গেলে একেবারে অথেনটিক ফ্রেশ ম্যাক্সিকান খাবার। যারা ম্যাক্সিকান খাবার পছন্দ করে, তাদের স্বভাবতই জিভে জল চলে আসার কথা। সব চেয়ে বড় কথা হলো, প্রায় নিখরচায় আর একটা দেশে ঢুঁ মারা হয়ে যায়। তা ছাড়া ট্রাভেলার্স পয়েন্ট অব ভিউ থেকে, ম্যাক্সিকান ‘পেসো’র ওপরে ডলারের অ্যাড্ভানটেজ তো আছেই।
এত কিছুর লোভ একসঙ্গে সামনে চলে আসলে, কি করে সামলাবেন আপনি? সকালে লা হোয়য়া, যেটা ইংরেজিতে লিখলে হবে লাজোলা (La Jolla)-র হায়াট রিজেন্সি হোটেল থেকে বেরিয়ে আমরা শহরের লিট্ল মেক্সিকো সেকশানে গিয়ে ম্যাক্সিকান ব্রাঞ্চ (ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ) করলাম। তারপরই বউ ও দুই বাচ্চা অর্থাৎ তিনজন মিলে আমার দুটো হাত পাকড়ে ‘যাব যাব’ রব তুলল। নিজের যে আদৌ শখ হচ্ছিল না সেটা হলফ করে বলা শক্ত। কিন্তু ভাবটা এই, যেন মহা বিরক্ত হয়ে কেবল ওদের জিদের জন্য যেতে বাধ্য হচ্ছি। অতএব আর কি? তিহুয়ানার উদ্দেশ্যে রওনা দেওয়া হলো। এপারে বর্ডার পর্যন্ত রাস্তাঘাট, আশপাশ মিলে দৃশ্যটা কি নয়নাভিরাম! আর বর্ডারের চেক পোস্ট পেরোতেই ওপারের দৃশ্যপট একেবারে শকিং। সবকিছুই ধূসর। রাস্তাঘাট, দোকানপাট, গাড়ি, মানুষের চেহারা, পোশাক আশাক চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তুমি শুধু অন্য আর একটা দেশে নয়, এই কুড়ি মাইলের মধ্যে একেবারে তৃতীয় বিশ্বে এসে পড়েছ। যাই হোক, শহরের শপিং মলে ঢোকার আগে, পার্কিং লটে আমাদের রেন্টাল কারটা পার্ক করলাম।
তিহুয়ানার শপিং মলে ঢুকেই আমরা কয়েকটা রেস্টুরেন্ট দেখতে পেয়ে পছন্দমতো একটাতে ঢুকে পড়লাম। লোভে পড়ে সব আইটেম একটা করে অর্ডার দিতে যাচ্ছিলাম। অজানা আইটেম অর্ডার দিয়ে ঠকে মরবার ভয়ে, আমেরিকায় ওদের পপুলার মেনুগুলোই অর্ডার করলামঃ টাকো, এনিচলাদা, চিমি চাংগা, বারিটো, টর্টিয়া, নাচো ও সব থেকে প্রিয়, স্টেক ফাহিতা। আহ্, কি স্বাদ! সবকিছুই একেবারে ফ্রেশ। মায় টমেটো, কাঁচা মরিচ খেত থেকে সেই দিনেই তুলে আনা।
খাওয়া দাওয়া শেষ করে আমরা শপিং করতে বেরোলাম। নানান দোকান। দুপাশে ঘুরে ফিরে দেখছি। আমরা বিদেশি দেখে বেশ কয়েকজন ইতিমধ্যে পেছনে লেগে গেল। না, না, কিছু লুট করার জন্য নয়। অনেকটা কলকাতার নিউ মার্কেটের মতো। এরা সব দোকানের ভাড়া করা দালাল। আপনাকে নানাভাবে বুঝিয়ে সুজিয়ে ওই দোকানে নিয়ে যাবে এই বলে যে এই রো’র মধ্যে ওই দোকানটা বেস্ট। কিনলে ওরা দোকানদার ওদের কিছু বকশিশ দেয়। বউ বলল, ‘চল পারফিউমের দোকানে যাই’। একটা বেশ বড় পারফিউমের দোকানে ঢোকা হলো। ভীষণ ঝকমকে। দেওয়ালের ওপর দিকে একটা সাইনবোর্ডে দুটো লাইন লেখা আছে, ‘৭০% অব, ফিক্সড প্রাইস’।
বউ বলল, ‘ভাবছ কি? আসতে চাচ্ছিলে না যে। আমি আগামী দু’ বছরের জন্য আমার সব পারফিউমগুলো এখান থেকে নিয়ে যাব। আমেরিকার দামের মাত্র ৩০% দিতে হবে। ভাবতে পারো?’ আমার ভাবার জন্য এবং ভেবে উত্তরটা কি হয় তা শোনার মতো অত সময় ও ধৈর্য তার হাতে ছিল না। প্রায় হুমড়ি খেয়ে সে জিভেঞ্চি, ক্যালভিন ক্লায়েন, নিনা রিচি, এস্টে লডার, ক্রিশ্চিয়ান ডিয়র, লিজ ক্লেবর্ন, র্যালফ লরেন ইত্যাদি প্রভৃতি কোম্পানিগুলোর একটা থেকে দু’টো করে ব্র্যান্ড কিনে ব্যাগে ভরে ফেলল।
দেখেশুনে আমারও মাথায় খুন গেল চেপে। কিন্তু আমি তো সবার বড়। একটু তাই ম্যাচিয়োর হওয়ার ভাব দেখিয়ে মুখের ঠোঁট দুটো আঠা দিয়ে জোড়া আছে সেরকম একাটা পোজ ধরে রাখার আপ্রাণ চেষ্টা করলাম। আমার তিনি বললেন, ‘খুব খারাপ লাগছে, জানো’। বললাম, ‘কেন? বরং বেশ খুশি হওয়ার তো কথা। দু’বছরের জন্য ওই ডিপার্টমেন্টটায় নিশ্চিন্ত। তারপর বলতে গেলে মালগুলো প্রায় বিনা মূল্যে পেয়ে গেলে’। ও বলল, ‘যাহ্, ভীষণ লজ্জা করছে। নিজেকে দারুণ একটা স্বার্থপরের মতো লাগছে।’ আমি বলি, ‘ক্যা অ্যা অ্যা নো? এতে স্বার্থপরতার কথা আসছে কোত্থেকে? বরং অনেক টাকা সেভ করলে বলে ট্যাংগো নাচের ভঙ্গিতে দু’বার ঘুরপাক খাবারই তো কথা।’ ও বলল, ‘দাঁড়াও, মাথায় একটা বুদ্ধি এসেছে। আসার সময় ডানদিকে একটা দোকান দেখলাম না? চল সেখানে।’
‘কোনো দোকান? কিসের দোকান?’
‘চলো তো। খালি বেশি বেশি কথা বলে’

ও টেনে হিঁচড়ে যেখানে নিয়ে গেল, সেটা একটা ঘড়ির দোকান। সেখানে একই সাইন বোর্ড, ‘৭০% অব, ফিক্সড প্রাইস’। ও বলল, ‘তোমাকে একটা ঘড়ি কিনে দেব।’ আমি একটু মজা করে বলি, ‘ঘড়ি তো আমার আছে, বাওয়া। আর ঘড়ি দিয়ে কি হব্যা? প্লাস, শ্বশুরবাড়ির দেওয়া ঘড়িটাও তো এখন হাসিমুখে ড্রয়ারের মধ্যে শোভা পাচ্ছে।’ কিন্তু ওর একটাই কথা, ‘আমরা মেয়েরা লাগুক না লাগুক, বলতে গেলে ফি মাসেই নতুন নতুন শাড়ি গয়না কিনে বেড়াচ্ছি। অথচ তোমরা সেই একটা হাতঘড়ি নিয়ে জনমটা কাটিয়ে দাও। বেল্টটা ছিঁড়ে পড়ে না যাওয়া পর্যন্ত বেল্ট পাল্টাও না। অত শখের আংটিটাও তো পরো না। সেটাও সেফ্ ডিপোজিটে পাচ্ছে। অতএব, আমি কোনো কথাই শুনব না’, বলে আমার হাঁ হাঁ করে ওঠাকে আদৌ পাত্তা না দিয়ে, সে একটা রোলেক্স কিনে ফেলল। আমি বললাম, ‘শুধু এক্কা গাড়ি চালাব? চলো বাড়িতে মজা করার জন্য দুজনের জন্য কমন কিছু কিনি।’ দেখে দেখে আমরা একটা সাদা, ইটরঙা ও কালো পাথর মেশানো সুন্দর ডিজাইনের চেস খেলার সেট কিনে ফেললাম। আর বাচ্চাদের জন্য মেক্সিকোর প্রসিদ্ধ দু’টো ডল কিনে দিলাম। পুতুলগুলো কেনার সময় বললাম, ‘বাচ্চাদের সঙ্গে থেকে তুমি ভালোমতো দুটো পছন্দ করে দাও। আমি একটু আসছি।’ ও ভাবল বাথরুম যাচ্ছি। আসলে আমি তাড়াহুড়ো করে সেই ঘড়ি দোকানে আবার আসলাম। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা লেডিস ‘ওমেগা কনেস্টলেশন’ কিনে প্যান্টের পকেটে ভরে, নিরীহ মুখ করে, ওদের কাছে ফিরে গেলাম। আমাদের দুজনেই যারপরনাই খুশি যে, এত দামি দামি জিনিস প্রায় পানির দামে কিনতে পেরেছি। এখন বন্ধু বান্ধবদের দেখাতে পারব যে আমরা কত এলিট একটা গ্রুপ। কেবল আমাদের সোসাইটির তিনটা ফ্যামিলি ছাড়া ধারে কাছে আর কেউ ঘেঁষতে পারবে না।
ফিরে এসে প্যাকেটগুলো আর খোলা হয়নি। তিন মাস পরে একটা বিয়ের দাওয়াতে যেতে হবে। তখনই ঘড়ি দুটো দুজনে পরে পাশের লোকদের ট্যারা বানিয়ে দেব। এটাই প্ল্যান। বিয়ের সপ্তাহ দুয়েক আগে আমরা ঘড়ি দুটো প’রে একটু রিহারস্যাল দেওয়ার জন্য বের করলাম। আরেশ শা...। দেখি দুটোই বন্ধ। কি ব্যাপার? বউ বলল, মনে হয় ওগুলো দোকানে অনেক দিন পড়ে ছিল। আমাদেরও প’রে দেখার ফুরসত হয়নি। নিশ্চয়ই ব্যাটারি শেষ হয়ে গেছে, নতুন ব্যাটারি লাগবে। তো নিয়ে গেলাম ‘মেসি’-র ওয়াচ অ্যান্ড জুয়েলারি সেকশানে। তারা বলল, ‘এগুলোর ব্যাটারি আমরা স্টকে রাখি না। তা ছাড়া, ওসব ঘড়ি খোলার অত রিস্ক আমরা নিতে পারব না। আপনি বরং যারা এক্সক্লুসিভলি দামি ওয়াচ বিক্রি করে তাদের কাছে নিয়ে যান। আমাদের টাউনে ফে অ্যান্ড কোম্পানি-তে একবার ট্রাই করে দেখতে পারেন।’ সেই দোকানে নিয়ে যেতে, দেখেই তারা বলল, ‘কোথা থেকে কিনেছেন? এগুলো তো ফেক। ওদের কেউ রোলেক্সও নয়, ওমেগাও নয়।’
সর্বনাশ! মাথায় বাজ। এখন উপায়? ভেতর থেকে দৈববাণী উঠে আসলো, ‘কোনো উপায় নেই গোলাম হোসেন।’ ইংরেজিতে একটা কথা আছে, ‘ইউ গেট হোয়াট ইউ পে ফর।’ বাংলার প্রবাদ, ‘সস্তার তিন অবস্থা’ কথাটা অবশ্য অতটা শ্রুতিমধুর নয়। এ যেন সেই বাংলাদেশে স্বাধীনতার পরপরই যখন কোনো জিনিসই পাওয়া যাচ্ছিল না, তখন বুড়িগঙ্গার অপর পারে জিঞ্জিরাতে প্রায় সবকিছুই ‘ফরেন’ জিনিস বলে পাওয়া যেত। আমাদের সেই দশা হয়েছে। পুরোপুরি নকলি মাল। পারফিউমগুলো ডাইলিউটেড ছিল। তাতে পুরো ফাঁকিবাজি ছিল না। এবং তাদের তো বন্ধ হয়ে যাওয়ার উপায় নেই।
আর একটা গল্প দিয়ে এই গল্পটা শেষ করি। আমরা আরও কয়েক দিন সান ডিয়েগোতে ছিলাম। সেই ‘লিটল মেক্সিকো’ এলাকায় একদিন ডিনারের সময় খেতে গেছি। দেখলাম সাদা পোশাকে একজন কপ্ (পুলিশ) একজন মেক্সিকানকে জিজ্ঞেস করছে, ‘তুমি কি এখানে থাকো? মানে আমেরিকান সিটিজেন?’
‘হ্যাঁ, কেন বলুন তো?’
‘তুমি না রোজ সাইকেলে করে ওপারে যেতে?’
‘হ্যাঁ, ঠিক ধরেছেন। রোজই যেতাম।’
‘কিন্তু গত দু’সপ্তাহ ধরে তোমাকে তো আর যেতে দেখছি না। কি ব্যাপার?’ ‘না, ব্যাপার তেমন কিছু নয়, শরীরটা ইদানীং তেমন ভালো যাচ্ছে না তো। তাই কিছুদিন রেস্ট নিচ্ছি।’
‘আচ্ছা, সত্যি করে বলো তো, সাইকেলের দুপাশে যে দুটো করে বালির বস্তা নিয়ে যেতে, তাতে চেক করে আমরা তো কোনো দিন কিছু পাইনি।’
‘পাবেন কি করে, অফিসার। ওর মধ্যে তো বালি ছাড়া সত্যিই আর কিছু থাকত না।’
‘তাহলে তুমি কী স্মাগল্ করতে?’
‘কেন, সাইকেল!’