সানিসাইডে বাংলাদেশি দম্পতির অরগানিক জুস বার
করোনাভাইরাস প্রতিরোধে লকডাউন পরবর্তী নতুন স্বাভাবিকতা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এ চেষ্টায় বহু জাতিগোষ্ঠীর এ নগরীতে বাংলাদেশি ক্ষুদ্র উদ্যোক্তারাও পিছিয়ে নেই।
নগরীর সানিসাইড ও ব্রুকলিনে একাধিক ব্যবসার সঙ্গে দীর্ঘ দিন থেকে জড়িত ঝিলাম চৌধুরী-স্বপ্না দম্পতি। তাঁরা সানিসাইডে নতুন করে শুরু করেছেন ক্যাফে ব্লিস অ্যান্ড অরগানিক জুস বার।
৪৮ অ্যাভিনিউর ওপরে ও ৪৪ স্ট্রিটের কাছে পরিচ্ছন্ন জুস বারটি আধুনিক নিউইয়র্ক নগরীর সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করছে।
২২ সেপ্টেম্বর ক্যাফে ব্লিস অ্যান্ড অরগানিক জুস বারে গিয়ে দেখা গেল, সামনে একটি ব্ল্যাকবোর্ড রাখা। এতে মেন্যু থেকে নেওয়া কয়েকটি খাবারের পদের নাম লেখা।
জুস বারে খাবারের অর্ডার দেওয়া এক তরুণ জানালেন, তিনি টুরিস্ট। সানফ্রান্সিসকো থেকে বেড়াতে এসেছেন। ৭ ডলারে একটি মুখরোচক প্ল্যাটার খেয়ে সন্তুষ্ট এই গ্রাহক বললেন, ‘আই উইল গিভ অ্যা গুড রিভিউ।’
আরেকজন নারী গ্রাহক জানালেন, স্বপ্নার হাতে বানানো খাবারে এর আগে মজা পেয়েছেন তিনি। এবার স্বপ্নার হাতে বানানো স্যান্ডউইচের অর্ডার দিয়েছেন তিনি।
ইতিমধ্যে খাবারের অনলাইন অর্ডারও শুরু হয়ে গেছে। করোনা মহামারি পরবর্তী স্বাভাবিকতায় নিউইয়র্ক নগর আবার ঘুরে দাঁড়াচ্ছে। নগরের অনেক উদ্যোক্তা নতুন উদ্যম নিয়ে কাজ শুরু করেছেন। ব্যবসায় সফলতা নিশ্চিত করতে পরিশ্রমী উদ্যোক্তাদের নিরলস কাজ করতে দেখা যাচ্ছে।
ঝিলাম-স্বপ্না দম্পতি প্রত্যয়ী ও পরিশ্রমী উদ্যোক্তা। ক্যাফে ব্লিস অ্যান্ড অরগানিক জুস বার ব্যবসা সফল হবে বলে প্রত্যাশা এই উদ্যোক্তা দম্পতির।