সাপ্তাহিক দিগন্ত নিয়ে প্রদর্শনী

নিউইয়র্ক থেকে একসময় প্রকাশিত সাপ্তাহিক দিগন্ত পত্রিকার প্রদর্শনী ছিল ৬ আগস্ট। ১৯৮৫ সালে প্রকাশনার ৩৫ বছর পর ওই দিন সন্ধ্যায় জ্যামাইকার স্মার্ট একাডেমি স্কুলে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সংস্কৃতিমনস্ক কিছু মানুষের উদ্যোগে গড়ে ওঠা বহুবচন সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীর মাধ্যমে সাপ্তাহিক দিগন্ত-র গৌরবের ইতিহাস উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের সামনে নিয়ে আসা হয়।
বহুবচনের দুই কর্ণধারের একজন শামস আল মমীন সে সময়ে দিগন্ত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। অন্যজন কবি মুজিব বিন হক। এই দুজনের প্রচেষ্টায় উত্তর আমেরিকা জানল দিগন্ত পত্রিকার ইতিহাস। এই প্রদর্শনীর মাধ্যমে উত্তর আমেরিকায় প্রথম প্রকাশিত বাংলাদেশি পত্রিকা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সে অধ্যায়ের অবসানও হলো।
১৯৮৫ সালের ১০ জানুয়ারি স্বপ্নবাজ কিছু তরুণের হাত ধরে যাত্রা হয় সাপ্তাহিক দিগন্ত-র। দুই বছরের বেশি সময় ধরে পত্রিকার প্রকাশনা অব্যাহত ছিল। দিগন্ত-র মাধ্যমেই আমেরিকায় বাংলাদেশের পত্রিকার শুরু। অনুষ্ঠানের উপস্থাপনা করেন শামস ও মুজিব।
প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুজাম্মেল হোসেন, সামস আল মুমিন, সেলিম আহমেদ, কামরুল আহসান, সফিকুল ইসলাম, সৈয়দ আহমেদ জাকির। এই পত্রিকা প্রকাশনার সঙ্গে বাংলাদেশ থেকে জড়িত ছিলেন মোতাহের হোসেন। বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে কর্মরত মোতাহের হোসেন অনুপস্থিত থাকলেও এমন আয়োজনে সহযোদ্ধাদের অভিনন্দন জানিয়ে দেশ থেকে বার্তা পাঠিয়েছেন।
আলোচনায় সাপ্তাহিক দিগন্ত পত্রিকার সঙ্গে জড়িত ব্যক্তিরা সে সময়ের নানা গল্প শোনান। শুরুতে বক্তৃতা করেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৌদ আহমেদ চৌধুরী। সেই সময়ের একজন পাঠক হিসেবে দিগন্ত পত্রিকার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতার গল্প শোনান তিনি।
সৌদ বলেন, রণজিৎ কুমার দত্ত নামে কলকাতার একজন সম্পাদক আমেরিকায় প্রথম বাংলা পত্রিকা প্রকাশের পথিকৃৎ। তিনি বলেন, যাঁরা ইতিহাস রচনা করেন তাঁদের সংকীর্ণতামুক্ত হতে হবে। যার যা সম্মান পাওয়া উচিত, সে সম্মান তাকে দেওয়া উচিত। আমেরিকায় বাংলাদেশিদের প্রথম সাপ্তাহিক পত্রিকা সাপ্তাহিক দিগন্ত।
পত্রিকার ইতিহাস নিয়ে বক্তৃতা করেন কলমসৈনিক, কবি ও প্রাবন্ধিক ফকির ইলিয়াস। তিনি বলেন, এখন উত্তর আমেরিকার প্রথম পত্রিকার প্রকাশনা নিয়ে নতুন নতুন ইতিহাস তৈরি হচ্ছে। কিন্তু দিগন্ত আজ যে প্রমাণ নিয়ে পাঠকের সামনে হাজির হয়েছে, তারপর আর কেউ এ দাবি করতে পারবে না।

প্রদর্শনীতে দেখা যায়, সে সময় এই কাগজের শিল্পীরা, বিনোদনের পাতা, খেলার পাতা, সাক্ষাৎকার পর্ব কতটা আধুনিক ছিল। আর স্বৈরাচার এরশাদের সময়ে প্রকাশিত পত্রিকাটি বাংলাদেশের মুখপত্র হয়ে তুলে ধরে সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট। তাই এই পত্রিকার আবেদন আজও ফুরাবার নয়। পত্রিকার পুরোনো সংখ্যার একটিতে দেখা যায়, শামস আল মমীনকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের সাক্ষাৎকার নিতে, দ্বিতীয় এশিয়া কাপ হকিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়ায় শাবাশ বাংলাদেশ নামে আছে ছবিসহ প্রতিবেদন। আমেরিকায় এসে এই পত্রিকায় প্রথম কবিতা লিখেছিলেন কবি শহীদ কাদরীও।
বিনোদনের পাতায় নায়িকা শাবানার প্রতিবেদন। এ রকম নান্দনিক অনেক কাজের প্রমাণ মেলে তাদের প্রদর্শনীতে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিগন্ত পত্রিকার প্রথম বর্ষপূর্তি সংখ্যায় প্রকাশিত একটি কবিতা আবৃত্তি করে শোনান বাচিক শিল্পী আনোয়ার লাভলু।
১৯৮৫ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরু করে সাপ্তাহিক দিগন্ত। অনেক প্রতিকূলতা নিয়ে ১৯৮৭ সালের মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই পত্রিকার প্রকাশনা টিকে ছিল।