সাফল্যের গল্পেও আছে কিছু কলঙ্ক
‘সে দেশ আমার নয় গো আপন যে দেশে বাঙালি নাই’ কায়কোবাদের বাংলা আমার কবিতার এই চরণগুলোর মধ্যে এভাবে ফুটে ওঠে বাঙালির একের সঙ্গে অন্যের হাজার বছরের আত্মার সম্পর্ক।
জীবনের তাগিদেই নিজ ভূমি ছেড়ে পরবাস জীবনকে বেছে নিতে হয়েছে অনেক বাংলাদেশিকে। ভিনদেশেও বাংলা ও বাঙালির সঙ্গে আত্মার সম্পর্কে চিড় ধরে না এক চুলও। এ কারণেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে গড়ে উঠেছে ছোট ছোট বাংলাদেশ। বাংলার নাম গায়ে জড়িয়ে থাকা বাংলা টাউন, বাংলা বাজার নামের পথগুলো যেন বাংলাদেশের পথে এসে শেষ হওয়ার আকুতি নিয়ে নতুন পথ তৈরি করে যায়।
নিউইয়র্কেই এ রকম বাংলাদেশের সন্ধান মেলে অহরহ ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স, জ্যামাইকাতে হাঁটতে গেলে টুকরো টুকরো বাংলাদেশের স্পর্শ ভালোই টের পাওয়া যায়। দেশের প্রতি পরম মমতা নিয়ে বাংলাদেশিরা ভিনদেশেও নতুন নতুন বাংলাদেশ আবিষ্কার করে দেশের পতাকা ওড়াচ্ছেন পতপত করে।
আমেরিকায় বাংলাদেশিরা রেস্টুরেন্টের ব্যবসা, সেলুন, মুদির দোকান, মুঠোফোনের দোকান, পারলার, ব্যাংক, বিমাসহ নানা ব্যবসা-বাণিজ্যে নিজেদের প্রতিষ্ঠিত করে বাংলার জীবনের জয়গান গেয়ে যাচ্ছেন প্রতিনিয়ত।
এর বাইরেও আছে বাংলাদেশিদের গল্প। তবে সেই গল্পগুলো সাধারণত আলোচনায় আসে না। তাঁরা নিজেরাই আড়াল করে রাখেন নিজেদের গল্প। জীবনের সুর হারিয়ে প্রতিনিয়তই তাঁরা বেতাল সুরে জীবনের গল্প লিখছেন। এই গল্পের নায়কেরাই কিন্তু শ্রম-ঘাম দিয়ে মূলত আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সেতু তৈরি করছেন। এই শ্রমিকেরাই ভিনদেশে বাংলাদেশিদের সাফল্যের কান্ডারি হলেও সাফল্যের অংশীদার হতে পারেননি।
ইতিহাস বড় নিষ্ঠুর। এখানে পরাক্রমশালী রাজাকে নিয়ে গল্পগাথা তৈরি হয় অথচ বুক দিয়ে যাঁরা এ রাজার জীবন আগলে রাখেন, ইতিহাস তাঁদের মনে রাখে না। আড়ালে পড়ে থাকা গল্পের নায়কেরা জীবনযুদ্ধে ব্যস্ত থাকায় খোঁজ নিতে পারেন না ইতিহাস তাঁদের মনে রাখবে কি না। তাঁদের সে আগ্রহও নেই। কোনো রকমে টিকে থাকাটাই তাঁরা নিয়তি মেনে নিয়েছেন। অনেকেই ভাষা জানেন না, বৈধ কাগজপত্র নেই কারও। তাঁদের এ অসহায়ত্বের সুযোগ নেন কেউ কেউ। দুঃখজনক হচ্ছে, বাঙালিরাই বাঙালিদের এমন অসহায়ত্বের সুযোগ নিচ্ছেন।
এ রকম পোড় খাওয়া এক বাংলাদেশির সঙ্গে আলাপ হয় নিউইয়র্কের পথে। মওফিক চৌধুরী। ঢাকা থেকে এখানে এসেছেন। দেশে থাকতে ঢাকায় একটা প্রাইভেট ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবেই কাজ করতেন তিনি। তাঁর কাছ থেকেই জানা যায়, এখানে আসার পর থেকে তিনি দেখেন, বাংলাদেশিদের ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করে মজুরি যা মেলে তাতে পেটে-ভাতে টিকে থাকাও সম্ভব নয়। প্রথম এসে অন্য কোথাও কাজ না পেয়ে বাধ্য হয়েই বাঙালি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ নেন অনেকেই। অসহায়ত্বের এ সুযোগটি নেন কেউ কেউ। অর্ধেকেরও কম মজুরি দেন তাঁরা। তবে সবাই যে এক রকম সে কথা বলতে রাজি নন মওফিক চৌধুরী; বরং বেশির ভাগ বাংলাদেশিই দেশের মানুষের জন্য স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করেন বলে মন্তব্য তাঁর। কিছুসংখ্যক বাংলাদেশির জন্য পুরো কমিউনিটির দুর্নাম হচ্ছে।
মওফিক চৌধুরী বলেন, এখন তিনি বিদেশি একটি প্রতিষ্ঠানে কাজ করে ভালো আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ব্রঙ্কসের আরেক বাংলাদেশি জানান, তিনি এখানে এসেছিলেন দুই বছর আগে। আসার পর প্রথম দিকে যখন কাজ খুঁজছিলেন, তখন ঘণ্টাপ্রতি ৬ ডলারের বিনিময়ে কাজ করতে বলা হয়েছিল বাংলাদেশি মালিকাধানীন একটি ফার্মেসিতে। সেখানে তিনি ১ বছর কাজও করেন। তখন ঘণ্টাপ্রতি ৬ ডলার করে পেতেন। এখন তিনি ভাষা বোঝেন, এখনো তিনি এই জায়গাই কাজ করে ঘণ্টাপ্রতি ১২ ডলার করে পান।
স্টারলিংকে পারলারে কাজ করেন ইয়াসমিন। স্বামীর সঙ্গে আসেন এ দেশে। পরে স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় আলাদা হন। নিজের দেশের প্রথা সংস্কৃতির কারণেই বাংলাদেশি মালিকের অধীনে কাজ করেন। তাঁর এই অসহায়ত্বের সুযোগ নিতে ভুল করেন না মালকিন, শ্রমের অর্ধেক মজুরি দেন তাঁকে। ইয়াসমিনের গল্প যেন সুলতানা বেগমের গল্পেরই মতো। সুলতানা বেবি সিটারের কাজ করে একইভাবে ঠকছেন।
এ বিষয় নিয়ে আলাপ হয় নিউইয়র্কের কমিউনিটির নেতা বাংলাদেশ অ্যাসোসিয়েশন ব্রঙ্কসের সহসভাপতি তওফিকুর রহমান ফারুকের সঙ্গে। তিনি বললেন, ‘২৭ বছর আগে আমেরিকায় আসি। তখন থেকেই দেখছি বাঙালিরা অনেক সময় নিজ দেশের মানুষের হাতে শোষিত হন। অন্যরা কিন্তু এমনটি করে না। এখানে এসে স্প্যানিশ, চাইনিজদেরও দেখেছি তারা তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে নিজ দেশের মানুষই রাখে এবং উপযুক্ত মজুরিই দেয়। তাই বাংলাদেশিরা বাংলাদেশিদের প্রতিষ্ঠানে কাজ করতে চায় না।’
তওফিকুর এটাও বলেন, সবাই যে এক রকম তা কিন্তু নয়। বেশির ভাগ বাংলাদেশি স্বদেশির জন্য প্রাণও দিতে পারেন। কিছুসংখ্যক মানুষ এই গল্প পাল্টে দিচ্ছেন। এসব বিষয় নিয়ে বাংলাদেশি কমিউনিটি কাজ করে যাচ্ছে।
জানতে চাইলে আমেরিকায় বসবাসরত কবি মোখলেসুর রহমান বলেন, আসলে বাংলাদেশিরা বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করতে চান না বেশ কয়েকটি কারণে। এর মধ্যে রয়েছে কিছু বাংলাদেশি মালিক পারিশ্রমিক কম দেন; কিন্তু কাজ বেশি করান। ব্যবহারও সব সময় ভালো করেন না। তবে বেশির ভাগ বাংলাদেশি যে বন্ধুবৎসল, সে কথাটিও স্মরণ করিয়ে দিলেন তিনি।