সাফল্যের দাবি রাশিয়া-ইরানের, ভিন্নমত যুক্তরাষ্ট্রের
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পাঁচ বিশ্বশক্তির সঙ্গে একটি চুক্তির বিষয়ে কর্মকাঠামো তৈরির ক্ষেত্রে বিরাট সাফল্য অর্জিত হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও একই দাবি করেন। আজ বুধবার সকালে তাঁরা এই দাবি করেন।
সুইজারল্যান্ডের লুজান শহরে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার শেষ সময় ছিল গতকাল মঙ্গলবার মধ্যরাত। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কোনো আলোচকেরা সমঝোতায় পৌঁছাতে না পারায় আলোচনার সময় আরও এক দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। একটি সমঝোতার আশায় আজও আলোচনা চলার কথা। রাশিয়ার শীর্ষ পর্যায়ের কূটনীতিক ও পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রী গতকাল রাতভর এ বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পর আজ সকালে দুই পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করলেন।
লাভরভ বলেন, এ সমস্যার চূড়ান্ত নিষ্পত্তিতে সব বিষয়ে মন্ত্রী পর্যায়ে তাঁরা নীতিগতভাবে একমত হয়েছেন।
জাভেদ জারিফ সাংবাদিকদের বলেন, ‘আমরা মোটামুটি সম্মত হয়েছি, তবে সবারই একটু বিশ্রাম প্রয়োজন এবং সকাল থেকে আবারও আলোচনা শুরু করতে হবে। আশা করছি, আজকের মধ্যে আমরা আমাদের কাজ চূড়ান্ত করতে পারব।’
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিন্ন সুরে কথা বলছে। শীর্ষস্থানীয় এক মার্কিন কর্মকর্তা বলেন, প্রধান বিষয়গুলোতে এখনো সমঝোতা হয়নি। পশ্চিমা আরেক কূটনীতিকও চুক্তির কোনো কর্মকাঠামো তৈরি হয়নি বলে দাবি করেছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন এবং জার্মানি আলোচনায় অচলাবস্থা দূর করতে প্রায় এক সপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে আসছে। এ আলোচনার মূল লক্ষ্য, ইরানকে পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা। বিনিময়ে তেহরানের অর্থনীতিকে কাবু করে ফেলা বিভিন্ন আন্তর্জাতিক অবরোধ প্রত্যাহার করে নেওয়া হবে। আশা করা হচ্ছে, এমন একটি চুক্তি হলে বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে পাশ্চাত্যের গত ১২ বছরের টানাপোড়েনের অবসান ঘটবে। আর এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি চুক্তি চলতি বছরের ৩০ জুনের মধ্যে চূড়ান্ত করতে চায় পাঁচ বিশ্বশক্তি।
আরও পড়ুন.... .
আলোচনা এক দিন বাড়ল