সাফল্যের পথে দুই বাংলাদেশি প্রকৌশলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টোনি ব্রুক ইউনিভার্সিটির সমাবর্তনে সহপাঠীদের সঙ্গে নাভিদ আন নূর (মাঝে) ও সাকিব জামান (সর্ব ডানে)
স্টোনি ব্রুক ইউনিভার্সিটির সমাবর্তনে সহপাঠীদের সঙ্গে নাভিদ আন নূর (মাঝে) ও সাকিব জামান (সর্ব ডানে)

আমেরিকায় উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশি নতুন প্রজন্ম ধারাবাহিকভাবে ভালো করছে। অনেকের সাফল্য চমকে দেওয়ার মতো। তেমন দুই তরুণ প্রকৌশলী চৌধুরী নাভিদ আন নূর আদনান এবং সাকিব জামান। নাভিদ আন নূর আদনান কম্পিউটার প্রকৌশল এবং সাকিব জামান যন্ত্রকৌশলে নিউ ইয়র্কের স্টোনি ব্রুক ইউনিভার্সিটি থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।
নাভিদ আন নূরের সিজিপিএ ৩.৮৫-এর ওপরে। সর্বোচ্চ কৃতিত্বপূর্ণ এই ফলাফলের জন্য তাঁকে পূর্ণকালীন সফটওয়্যার প্রকৌশলী হিসেবে যোগ দেওয়ার জন্য বিশ্বখ্যাত সফটওয়্যার কোম্পানি আইবিএম আমন্ত্রণ জানিয়েছে। তিনি তাদের আমন্ত্রণ গ্রহণও করেছেন। আগামী সেপ্টেম্বর মাসেই তাঁর আইবিএমে যোগ দেওয়ার কথা।
ঢাকার মুগদাপাড়ায় জন্ম নেওয়া আদনান অষ্টম শ্রেণি পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করে পরে বাবা আমির আযম চৌধুরী এবং মা নাহিদ সুলতানার সঙ্গে আমেরিকায় চলে আসেন। এখানে এসে নিউইয়কেরর লংউড হাইস্কুলে ভর্তি হন। এখানে স্কুল গ্র্যাজুয়েট শেষ করে তিনি স্টোনি ব্রুক ইউনিভার্সিটতে ভর্তি হন। সেখানে আইইইইর স্টুডেন্ট চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, যন্ত্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর লাভ করা সাকিব জামান স্টোনি ব্রুক ডিবেট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাঁর বিতর্ক দল হার্ভার্ড, এমআইটি এ প্রিন্সটন ইউনিভার্সিটির মতো বিখ্যাত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে লড়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। নিজ দেশ সম্পর্কে নাভিদ আন নূর বলেন, খুব ছোট বয়সে আমেরিকায় এলেও বাংলাদেশ তাঁর মনোজগতে ঘিরে আছে। বাংলাদেশের মানুষের জন্য ভবিষ্যতে তিনি ভালো কিছু করতে চান। বিজ্ঞপ্তি