সাফল্যের স্বাক্ষর রাখছে প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ

দেশের বাইরেও বাঙালি জনসমাজের সাহিত্য, সাংস্কৃতিক চর্চা, সাংবাদিকতাসহ সমাজমানস গঠনে প্রথম আলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রথম আলো উত্তর আমেরিকা সংস্করণ দ্রুততম সময়ে এ ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর রাখছে। এর সঙ্গে সংশ্লিষ্ট লেখক, সাংবাদিকসহ নিউইয়র্কের জনসমাজ ভিন্ন এক আবহ সৃষ্টি করতে সক্ষম হয়েছেন। আমাদের সর্বাঙ্গীন অগ্রযাত্রায় এ এক মাইলফলক হয়ে থাকবে।
প্রথম আলো উত্তর আমেরিকার ‘আলাপে সংলাপে’ শিরোনামে আয়োজিত আড্ডায় এসব কথাই উচ্চারিত হয়েছে আলাপে সংলাপে অংশগ্রহণকারীদের কাছ থেকে। গতকাল বৃহস্পতিবার জ্যাকসন হাইটসের প্রথম আলো উত্তর আমেরিকা কার্যালয় সরগরম হয়ে উঠেছিল বইমেলা উপলক্ষে জড়ো হওয়া লেখক, সাংবাদিকদের উপস্থিতিতে। ছড়াকার আমীরুল ইসলাম, লেখক–সাংবাদিক আনিসুল হক, প্রথমা প্রকাশনের প্রধান নির্বাহী পরিচালক কবি জাফর আহমদ রাশেদ ও নিসর্গবিদ মোকাররম হোসেনকে ঘিরে শুরু হওয়া আলাপচারিতা আনুষ্ঠানিকতার বাইরে চলে যায় অংশগ্রহণকারীদের সংলাপে ও মেজাজে।
প্রতি বৃহস্পতিবার বিকেলে উত্তর আমেরিকা প্রথম আলো অফিসে একটি আড্ডা বসে। গল্পটি এখন নিউইয়র্কের বাঙালি মহল থেকে শুরু করে স্বদেশেও পৌঁছে গেছে। এই আড্ডাকে ঘিরে এখন অনেকেরই দারুণ আগ্রহ। অনেকেই কাজের অবসরে একবার এখানে ঢুঁ মেরে যান। অনেককেই আবার আড্ডায় পেয়ে বসে। বৃহস্পতিবার এলেই তাঁদের মন আনচান করে আড্ডায় যোগ দেওয়ার জন্য। এই আড্ডা সম্পাদক, লেখক, রিপোর্টার ও অফিস স্টাফদের দীর্ঘ এক সপ্তাহ কার্যদিবস শেষান্তের আড্ডা।
সপ্তাহভর কাজের পর বৃহস্পতিবার উত্তর আমেরিকা প্রথম আলো পত্রিকার সজ্জিত মুখের ফাইনাল টাচটা কম্পিউটারের মনিটরে দেখে যখন ‘ওকে’ হওয়ার সিগন্যাল পান, তখন প্রথম আলোর আবাসিক সম্পাদক ইব্রাহীম চৌধুরী তাঁর আঙুলে তুড়ি বাজিয়ে একটা স্বস্তির নিশ্বাস ছেড়ে বলেন, ‘ওকে ডান’!
এরপর থেকেই শুরু হয়ে যায় এই রিলাক্সিং আড্ডা। নিজেদের রিচার্জ করার এই আড্ডা জমতে শুরু করে দুপুরের পর থেকেই। ততক্ষণে সংবাদপত্রও তার নিজস্ব রূপ পেতে শুরু করে। এর মধ্যেই কোনোরূপ ভুলভ্রান্তি ধরা পড়লে, কোনো লেখা বা রিপোর্ট ছুটে গেলে বা ছবি সংযুক্তিতে উনিশ-বিশ হলে ঢাকা-নিউইয়র্ক কথা–চালাচালি চলতে থাকে।
এদিকে একে একে আড্ডাবাজ লেখক, কবি, রিপোর্টার, সাংবাদিকেরা এসে জড় হতে শুরু করেন। তাঁদের অনেকেরই হাতে থাকে ঘরে তৈরি অথবা রেস্টুরেন্ট থেকে কেনা কিছু খাবারের প্যাকেট। এ খাবার কোনো বাধ্যবাধকতা থেকে আনা নয়। খাবার আসে প্রাণের টানে, ভালোবাসার টানে।

ইতিমধ্যে বাংলাদেশের প্রথম আলো সম্পাদক মতিউর রহমান উত্তর আমেরিকা প্রথম আলোর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বন্ধুসমাবেশে যোগ দিতে নিউইয়র্কে এসেছিলেন। এ সপ্তাহান্তে নিউইয়র্ক বইমেলাকে উপলক্ষ করে বাংলাদেশ থেকে এসেছেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, প্রথম আলোর সাবেক বিভাগীয় সম্পাদক ও প্রথম আলোর আরেকটি প্রতিষ্ঠান প্রথমা প্রকাশনের প্রধান নির্বাহী পরিচালক কবি জাফর আহমেদ রাশেদ।
ঢাকা থেকে আগত প্রথম আলোর অতিথিরা প্রথমেই নিউইয়র্ক প্রথম আলোর বৃহস্পতির আড্ডা সম্পর্কে তাঁদের আগ্রহ ও কৌতূহল প্রকাশ করেন। তাঁরা জানিয়েছেন, দেশে বসেই তাঁরা সুদূর প্রবাসের এই সাহিত্য আড্ডা, খাওয়াদাওয়ার গল্প শুনেছেন। ইতিমধ্যেই এই আড্ডা নিউইয়র্কের বাঙালি মহলে, সামাজিক সাংস্কৃতিক ঘরানায়, লেখক ও সংবাদকর্মীদের মধ্যে বেশ আলোড়ন তুলেছে। দিন দিন বাড়ছে আড্ডার ব্যাপ্তি।
গতকাল বৃহস্পতিবারের আড্ডাটা জমে উঠেছিল একটু অন্যভাবে। এই আড্ডার মেজাজ আর ঘ্রাণ ছিল আনকোরা নতুন বইয়ের কাগুজে গন্ধ আর বইমেলার আনন্দ, উত্তেজনায় ভরা। বইমেলায় এই প্রথমবারের মতো উত্তর আমেরিকা প্রথম আলোও স্টল দিতে যাচ্ছে, যাতে শোভা পাবে এই প্রবাসের ডায়াসপোরা লেখকদের বই।
‘আলাপে সংলাপে’ উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত অনেক লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও প্রকাশক। তাঁরা কথা বলেছেন প্রবাসে বসেও যেসব ডায়াসপোরা লেখক, কবি ও সাংবাদিক সাহিত্যচর্চা করছেন, হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আছেন, তাঁদের সঙ্গে। কথা বলেছেন লেখালেখি নিয়ে, রিপোর্টিং নিয়ে, সাংবাদিকতা নিয়ে। প্রবাসের, স্বদেশের নানা গল্পের ফাঁকে ফাঁকেই চলছিল গুণীজনদের এই আলাপ–আলোচনা। এই সব আলোচনায় বরাবরের মতো উঠে এসেছে অনেক অমূল্য কথা আর মূল্যবান তথ্য।
শিশুসাহিত্যিক ও ছড়াকার আমীরুল ইসলাম স্বভাবসুলভ ভঙ্গিমায় উপস্থাপন করলেন সাহিত্যের আড্ডা নিয়ে নানা কথা। তিনি দেশের চলমান সাহিত্যচর্চা ও লেখকদের নিয়েও কথা বলেন। তিনি আড্ডার রসায়ন নিয়ে অনেক সরস আলোচনা করেন।
লেখক আনিসুল হকের গল্প থেকে জানা গেল, তাঁর লেখা ‘মা’ উপন্যাসটি বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রকাশিত ও বিক্রীত বই হিসেবে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে। তিনি নিউইয়র্কের লেখকদের প্রশ্নের উত্তরে জানালেন, পাণ্ডুলিপি তৈরি থেকে প্রকাশক নির্বাচন ও বই প্রকাশের নানা ধাপ নিয়ে।
লেখক নিসর্গবিদ মোকাররম হোসেন প্রথম আলোর সহযোগিতায় কেমন করে বাংলাদেশে বৃক্ষ নিয়ে তাঁর লেখালেখি এগিয়ে গেছে, সে গল্প শোনালেন। তিনি তাঁর প্রকাশিত সমৃদ্ধ গ্রন্থ ‘পুষ্প-বৃক্ষ লতা-গুল্ম’ বইটি তুলে দেন প্রথম আলো উত্তর আমেরিকার আবাসিক সম্পাদকের হাতে। এ পর্বে লেখক শেলী জামান খান এবং কবি ড. রাজুব ভৌমিক তাঁদের বই তুলে দেন আনিসুল হকের হাতে।

কথা বলেন লেখক বদরুন নাহার, নালন্দা প্রকাশনীর কর্ণধার রেদোয়ান জুয়েল, ইত্যাদি প্রকাশনীর স্বত্বাধিকারী জহিরুল আবেদীন জুয়েল প্রমুখ। কবি সৈয়দ আল ফারুক তাঁর লেখা কয়েকটি কবিতা পড়ে শোনান। প্রথমা প্রকাশনের প্রধান নির্বাহী পরিচালক কবি জাফর আহমেদ রাশেদও বই প্রকাশনা নিয়ে উপস্থিত লেখকদের নানা কৌতূহল ও প্রশ্নের উত্তর দেন। তিনি আখতারুজ্জামান ইলিয়াসের ওপরে লেখা তাঁর বই নিয়ে কথা বলেন।
লেখক ও উত্তর আমেরিকা প্রথম আলোর সম্পাদকীয় বিভাগের আহমাদ মাযহার বাংলাদেশের বাইরের জনগোষ্ঠীর বাংলা সাহিত্যচর্চার নানা দিক তুলে ধরেন। তিনি প্রবাসী লেখকদের লেখা সম্পর্কে ও তাঁদের লেখক হয়ে ওঠার পটভূমি নিয়েও বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত লেখকদের অনেকেই তাঁদের লেখালেখি নিয়ে কথা বলেন।
জনাকীর্ণ ‘আলাপে সংলাপে’ আড্ডায় ঢাকা থেকে আগত আরও অনেকেই উপস্থিত ছিলেন। ছিলেন লেখক ও কলামিস্ট রওশন জামিল চৌধুরী, সংগীতশিল্পী নাহিদ নাজিয়া।
প্রথম আলো উত্তর আমেরিকার হেলিম আহমেদ ও ইশতিয়াক রূপুর ব্যবস্থাপনায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক হাসান ফেরদৌস, কবি রোকেয়া দীপা, কবি রওশন হাসান, লেখক ও সংগঠক রূপা খানম, কবি সিমু আফরোজা, লেখক ভায়লা সালিনা, লেখক রানু ফেরদৌস, লেখক রওশন হক, লেখক ও সাংবাদিক মনিজা রহমান, লেখক শামীম আল আমীন, লেখক মাহমুদুল চৌধুরী, নিউইয়র্ক পুলিশ অফিসার, কবি রাজুব ভৌমিক, লেখক আবদুস শহীদ, লেখক সেলিনা আক্তার ও শেলী জামান খান, মনজুরুল হক, রুহুল আমীন, সানজিদা ঊর্মি প্রমুখ।