সাবওয়ে পড়ে আছে সেই তিমিরে

একের পর এক দুর্ঘটনা ও নিয়মিত বিলম্বের ঘটনা ঘটছিল। এর মধ্যে গত গ্রীষ্মে প্রথম কর্তৃপক্ষ স্বীকার করেছিল, নিউইয়র্ক নগরের পাতালরেল ব্যবস্থা ঠিকমতো চলছে না। গুরুতর সংকট রয়েছে পুরো ব্যবস্থাটিতে, যার সংস্কার প্রয়োজন। পাতালরেল ব্যবস্থার শোচনীয় এই দশায় ‘জরুরি অবস্থা’ ঘোষণা করেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। একই সঙ্গে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির (এমটিএ) মাধ্যমে এই পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর ঘোষণাও দেন তিনি। এমটিএর সেই সময়ের চেয়ারম্যান জোসেফ জে লোটাও গভর্নরের এই ঘোষণায় একাত্মতা জানিয়ে এক বছরের মধ্যে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রত্যয় জানান। কিন্তু এক বছর পরও তার কোনো নিশানাই দেখা যাচ্ছে না। নিউইয়র্ক নগরের পাতালরেলে আগের মতোই বিড়ম্বনার শিকার হচ্ছেন নগরবাসী।
পাতালরেল ব্যবস্থা হালনাগাদের কার্যক্রম চলছে ঢিমেতালে। আগের মতোই বিভিন্ন রুটের ট্রেন নিয়মিত বিলম্ব করছে। বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক স্টেশন-
সংবলিত নিউইয়র্কের পাতালরেল ব্যবস্থা এখনো চলছে তিরিশের মহামন্দার সময়কার সিগন্যাল পদ্ধতি দিয়েই। বিড়ম্বনাকে সত্য মেনেই ৬৬৫ মাইল দীর্ঘ ও ৪৭২ স্টেশনের এই পাতালরেল ব্যবস্থায় প্রতিদিন ৫৫ লাখের বেশি মানুষ যাতায়াত করছেন।
পাতালরেলের বর্তমান অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ডি-ট্রেনের নিয়মিত যাত্রী চান্স শিলে। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘শুধু নির্মাণকাজ দেখছি। কিন্তু এখন পর্যন্ত গুণগত কোনো পরিবর্তন দৃষ্টিগ্রাহ্য হয়নি।’
পাতালরেলে বিদ্যমান সংকট নিরসনে নিজেদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে কর্তৃপক্ষ মিশ্র তথ্য প্রকাশ করছে। কিছু অঞ্চলে ছোটখাটো উন্নতির কথা বলছে তারা, যদিও তা আস্থা ফেরাতে যথেষ্ট নয়। কোটি ডলার ব্যয়ে যে সংস্কার করা হচ্ছে, তার কোনো ফল এখনো মানুষ পায়নি। কর্মদিবসে বিলম্বে ট্রেন আসার হার এখনো ৬৫ শতাংশ, যেমনটা ছিল এক বছর আগে। এই হার এমনকি ১৯৭০ সালে নিউইয়র্কের পাতালরেলে হওয়া মহাবিপর্যয়ের কাছাকাছি বলে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিনিয়ত সংকট ও বিড়ম্বনার শিকার যাত্রীরা যখন পাতালরেলের সেবা নিয়ে বীতশ্রদ্ধ, তখন কর্মকর্তারা বলছেন, তাঁদের গৃহীত সাবওয়ে অ্যাকশন প্ল্যান (এসএপি) কাজ ধীরে হলেও করছে। এ ক্ষেত্রে তারা গত গ্রীষ্মের মতো এবার কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটাকে সাক্ষী মানছে। জানুয়ারিতে এমটিএ প্রধানের দায়িত্ব নেওয়া অ্যান্ডি বাইফোর্ড বারবার এ বিষয়ে নিজের প্রতিশ্রুতি ব্যক্ত করছেন। যদিও এখনো প্রতিশ্রুতি রক্ষায় খুব কমই করতে পেরেছে এমটিএ। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এসএপির মূল লক্ষ্য হচ্ছে অবনমন ঠেকানো। এর পাশাপাশি পুরো ব্যবস্থাকে স্থিতিশীল একটি অবস্থায় নিয়ে আসাটাও এর লক্ষ্য।’
এসএপি বাস্তবায়নে ব্যয় হচ্ছে বিপুল অর্থ। শুধু মেরামতের কাজে এরই মধ্যে ব্যয় করা হয়েছে ৩৩ কোটি ৩০ লাখ ডলার। এ কাজে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ১ হাজার ১০০ কর্মী। পরিচালন বাবদ ব্যয় হয়েছে ২৫ কোটি ৩০ লাখ ডলার। আরও ৭ কোটি ৯০ লাখ ডলার ব্যয় করা হবে গৃহীত পরিকল্পনা অনুযায়ী। কিন্তু নগরবাসীর করের অর্থে হওয়া এই বিপুল ব্যয়ের কোনো সুফল এখনো পাওয়া যায়নি। ধীর গতির কারণ হিসেবে কর্মী সংকটের কথা বলছেন কোনো কোনো কর্মকর্তা। এটা সত্য, সময় মতো পুরো কাজ শেষ করতে সাবেক এমটিএ চেয়ারম্যান জো লোটা ২ হাজার ৭০০ কর্মী নিয়োগের কথা বলেছিলেন। সে হিসেবে কিছুটা কর্মী সংকট রয়েছে। তবে এই সংকট মেটাতে এমটিএ কী ভাবছে, তা সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায়নি।
অ্যান্ডি বাইফোর্ড জানান, এমটিএর কর্মীরা এরই মধ্যে ১০ হাজার ট্রেন লাইন সংস্কার করেছে। সিগন্যাল সম্পর্কিত প্রায় ১ হাজার সংস্কার কাজ করা হয়েছে। ২৪০ মাইলের বেশি পয়োনালা পরিষ্কার করা হয়েছে। এসব নালায় থাকা দেড় হাজারের বেশি ছিদ্র সারানো হয়েছে। ট্রেনের ৬ হাজারের বেশি বগির দরজা পর্যবেক্ষণ করা হয়েছে।
কিন্তু এমটিএ চেয়ারম্যানের এসব তথ্য সন্তুষ্ট করতে পারছে না যাত্রীদের। কারণ এখনো প্রতি কর্মদিবসে অর্ধশতাধিক ট্রেন বিলম্ব করছে। গত মে মাসে ৮৫টি বড় ধরনের বিলম্বের ঘটনা ঘটেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৭৫টি। জুনে অবশ্য এই বিলম্বের সংখ্যা ৬২-তে নেমেছে। এই নেমে আসাটাকেই সাফল্য বলছে এমটিএ। কিন্তু এটি সন্তুষ্ট করতে পারছে না নগরবাসীদের।
এটি সত্য যে, এসএপি বাস্তবায়নে তহবিল সংকটে ভুগছে এমটিএ। অ্যান্ডি বাইফোর্ড যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দিয়েছেন, তা বাস্তবায়নে অনেক বেশি অর্থের প্রয়োজন। কিন্তু এই অর্থায়ন নিয়ে অঙ্গরাজ্য কর্তৃপক্ষের সঙ্গে নগর কর্তৃপক্ষের একটি দ্বন্দ্ব রয়েছে। পরিবহন বিশেষজ্ঞরাও তহবিল সংকটকে বড় সমস্যা হিসেবে দেখছেন। এ বিষয়ে রাইডার্স অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক জন রাসকিন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘(পাতালরেলের) সেবার মান ভয়াবহ পর্যায়ে উন্নীত হয়েছে হয়তো। কিন্তু এটি এই পর্যায়ে থাকলে চলবে না। সবাই তহবিল-সংক্রান্ত পরিকল্পনা জানতে আগ্রহী, যা এই পুরো সংস্কার কাজকে অর্থবহ করতে পারে।’
নিউইয়র্কের পাতালরেল ব্যবস্থার নিয়ন্ত্রণ গভর্নরের হাতে। ফলে যাবতীয় সংকটের জন্য সবচেয়ে বেশি সমালোচনার মুখে অ্যান্ড্রু কুমো। গত জুলাইয়ে তীব্র সমালোচনার মুখে কুমোর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার কারণ হিসেবে আলবেনি থেকে আঙুল ওঠানো হচ্ছে সিটি হলের দিকে। কুমোর মুখপাত্র পিটার অ্যাজেমিয়া নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘পাতালরেল ব্যবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে। কিন্তু এর উন্নতি হচ্ছে না, কারণ মেয়র বিল ডি ব্লাজিও এই কাজের জন্য অর্থায়ন করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।’
নিউইয়র্ক নগরের পাতালরেল ব্যবস্থা সংস্কার তহবিলের অর্ধেক আসছে গভর্নরের দিক থেকে। বাকি অর্ধেক দিতে শুরুতে অস্বীকৃতি জানালেও গত মার্চে মেয়র তা দিতে রাজি হন। এই বিলম্বের কারণে ডি ব্লাজিওও সমালোচনার মুখে পড়েছেন। এমটিএর চেয়ারম্যান পদে বসার পর ছয় মাস পেরিয়ে গেলেও এখনো বাইফোর্ডের সঙ্গে মুখোমুখি বসতে পারেননি ব্লাজিও। এ বিষয়ে মেয়রের মুখপাত্র এরিক ফিলিপস বলেন, ‘পুরো কার্যক্রমে মেয়র সহায়তা করছেন। তিনি বাইফোর্ডের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছেন। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে এমটিএ ও গভর্নর চা চামচ দিয়ে সাগর সেচতে নেমেছেন।’