সাবওয়ে বিলম্ব: আর্থিক ক্ষতির শিকার নিউইয়র্ক
সাবওয়ে বিলম্বের কারণে নিউইয়র্কের যাত্রীরাই নন, বরং নিউইয়র্ক নগরও আর্থিক ক্ষতির শিকার হচ্ছে। নিউইয়র্ক নগর কম্পোটলার স্কট স্টিঙ্গারের দপ্তর থেকে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য বেরিয়ে এসেছে। এতে বলা হয়েছে, ২০ মিনিটের বেশি বিলম্ব হলে বছরে নগরের ৩৯০ মিলিয়ন ডলারের সমপরিমাণ আর্থিক
ক্ষতি হয়।
নতুন তথ্য উপাত্ত তুলে ধরে স্কট স্টিঙ্গার এক বিবৃতিতে বলেন, পাতাল রেলগাড়ি চলাচলে বিলম্বের কারণে কাজ না করার ব্যয়, কাজ করার ব্যয়ের চেয়ে বেশি। এতে আমাদের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, বড় ধরনের বিলম্ব বলতে পাঁচ মিনিটের বেশি বিলম্বকে বোঝানো হয়েছে। বড় ধরনের বিলম্বকে তিন ভাগে ভাগ করা হয়। এগুলো হলো, ‘বেস্ট কেস’ বিলম্ব (গড়ে ১০ মিনিট), ‘মিড-রেঞ্জ’ বিলম্ব (গড়ে ১৫ মিনিট) এবং ‘ওআরস্ট-কেস’ বিলম্ব (গড়ে ৩০ মিনিট)।
‘বেস্ট কেস’ বিলম্বের আওতায় ৫টি ট্রেন সর্বাধিক বিলম্বের শিকার। ট্রেনগুলোর বিলম্বের কারণে বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১২ দশমিক ১ মিলিয়ন ডলার। এ শ্রেণিভুক্ত বিলম্ব চলাচলকারী ‘জি ট্রেন’ এর বার্ষিক ক্ষতির পরিমাণ ২ দশমিক ৩ বিলিয়ন ডলার। তৃতীয় ভাগ তথা ‘ওআরস্ট-কেস’এর অন্তর্ভুক্ত ট্রেনগুলোর বিলম্বের জন্য ক্ষতি হয় ৩১ দশমিক ৫ মিলিয়ন ডলার।
স্টিঙ্গার এমটিএ’র তহবিল বাড়ানোর ও রেলগাড়ির বিলম্ব হ্রাসের আহ্বান জানিয়েছেন। এমটিএ’র অন্যতম মুখপাত্র শামস তারেক বলেন, সংস্থার (কম্পোটলারের দপ্তর) প্রতিবেদন তাদের কাছে কোনো নতুন খবর নয়। তিনি বলেন, এমটিএ চেয়ারম্যান জো লহ্টার কর্মপরিকল্পনা এবং এটা বাস্তবায়নে সিটি হলের প্রতি কম্পোটলারের সমর্থন প্রশংসার যোগ্য।