সাবওয়ে লাইন থেকে বিড়াল ছানা উদ্ধার

নিউইয়র্ক সাবওয়ের ডি লাইন থেকে এক বিড়াল ছানাকে উদ্ধার করা হয়েছে। ৬ মার্চ শুক্রবার নর্থ ব্রঙ্কসের ২০৫ স্ট্রিটের ডি লাইনে এক ট্রেন চালকের নজরে পড়লে ওই বিড়াল ছানাকে উদ্ধার করা হয়।
সাবওয়ে লাইনে আটকা পড়েছিল অন্ধত্বে আক্রান্ত অসহায় বিড়াল ছানাটি। রেললাইনে বিড়াল ছানাটির আটকে পড়ার খবর অতি দ্রুত ছড়িয়ে পড়ে। পরে পাতাল রেলকর্মী ও ইউনিয়ন কর্মকর্তারা দ্রুত হস্তক্ষেপে পরদিন রাতেই ছুটে আসেন নিউইয়র্কের পশু উদ্ধার বিভাগের পেশাদার উদ্ধারকর্মীরা। পশু উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এ উদ্ধারকর্মীদের নিরলস চেষ্টা ও বুদ্ধিদীপ্ত উদ্ধার কার্যক্রম পরিচালনার সুফল আসে ৮ মার্চ ভোরে। ডি লাইনের উত্তরমুখো লাইনের শেষ মাথা থেকে উদ্ধার করা বিড়াল ছানাটি ছিল খুবই দুর্বল, ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত।
ট্রান্সপোর্ট কর্মীদের ইউনিয়ন লোকাল ১০০-এর প্রধান এরিক লোগাল সবার পক্ষ থেকে উদ্ধারকাজে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান।