সাবওয়ে সিটি

নিউইয়র্ক সিটিতে চলাফেরার জন্য জনপ্রিয় বাহন হচ্ছে সাবওয়ে বা মেট্রোরেল। মাকড়সার জালের মতো বিস্তৃত ও ঘড়ির কাঁটা ধরে পরিচালিত এই ট্রান্সপোর্টেশন সিস্টেম তুলনামূলক সহজলভ্য এবং সুলভ। নিউইয়র্ক সিটিতে সাবওয়ের ইতিহাস শত বছরের পুরোনো। এখানে সাবওয়ে লাইন প্রথম উদ্বোধন ও রাইড সম্পন্ন হয় ১১৫ বছর আগে, ১৯০৪ সালের ২৭ অক্টোবর ম্যানহাটন বরোর সিটি হল স্টেশনে। এর বছর দু-এক আগে, ১৯০২ সালে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ইন্টারবরো র্যাপিড ট্রানজিট কোম্পানির মাধ্যমে প্রথম আন্ডারগ্রাউন্ড রেললাইন (সাবওয়ে) তৈরি ও পরিচালন কাজ শুরু হয়েছিল এখানে। সর্বশেষ ও নতুন সাবওয়ে স্টেশন হচ্ছে ম্যানহাটনের সেকেন্ড অ্যাভিনিউ লাইন। ২০১৭ সালের ১ জানুয়ারি হ্যাপি নিউ ইয়ারে এটি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
২০১৫ সালের এক পরিসংখ্যান অনুযায়ী, দিনে গড়ে প্রায় ৫ দশমিক ৬৫ মিলিয়ন যাত্রী সাবওয়ে সুবিধা ভোগ করেন। আমেরিকার সর্বাধিক ব্যস্ততম ও দ্রুততম যাত্রী পরিবহন ব্যবস্থা হচ্ছে নিউইয়র্ক সিটির সাবওয়ে সিস্টেম।
এটি বিশ্বের সপ্তম র্যাপিড ট্রানজিট সিস্টেমও বটে।
প্রথম দেখায় নিউইয়র্কের সাবওয়ে স্টেশনগুলোর শতাব্দী প্রাচীন দশা আমার মতো যেকোনো নবাগতকে ধাক্কা দেবে, নিঃসন্দেহে। দেশে থাকতে সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি আমেরিকা সম্পর্কে বিলাসী প্রচারণা থাকায় বিশ্বখ্যাত টাইমস স্কয়ার সাবওয়ে স্টেশনে ঢুকে আশাহতই হয়েছিলাম।
নানা প্রয়োজনে সারা নিউইয়র্কে গত কয়েক মাসে বিস্তর ঘোরাঘুরি করতে হয়েছে। সেই অভিজ্ঞতায় এই পাতাল পথের স্টেশনগুলোর কিছু সীমাবদ্ধতা অনুভব করেছি। গুরুত্বের দিক থেকে প্রথম অপূর্ণতা হচ্ছে আবালবৃদ্ধবনিতার আকস্মিক প্রাকৃতিক প্রয়োজনীয়তাকে আমলে নেওয়া হয়নি। সংখ্যাগরিষ্ঠ স্টেশনে নেই বাথরুম বা শৌচাগার (রেস্ট রুম) ব্যবস্থা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হাডসন ইয়ার্ড, সেকেন্ড অ্যাভিনিউ লাইন, জ্যাকসন হাইটস, জ্যামাইকা সেন্টার, পার্কচেস্টার, কুইন্স বরো প্লাজা, ব্রডওয়ে জংশন, নসট্রান্ড অ্যাভিনিউ, ইউটিকা অ্যাভিনিউ, গ্র্যান্ড সেন্ট্রাল, হেরাল্ড স্কয়ার, সিক্সটিওয়ান স্ট্রিট-উডসাইড, টাইম স্কয়ার-ফর্টিসেকেন্ড স্ট্রিট-পোর্ট অথোরিটি টার্মিনাল স্টেশন ইত্যাদির মতো বড় স্টেশন, জংশন ছাড়া তুলনামূলক ছোট স্টেশনে রেস্ট রুম চোখে পড়ে না।
সারা নিউইয়র্ক সিটিতে সাবওয়ে স্টেশন অফিশিয়ালি ৪৭২টি। সংখ্যার দিক থেকে বিশ্বের সর্বাধিক সাবওয়ে স্টেশন এই সিটিতে। শৌচাগার আছে এমন স্টেশন মাত্র ৮১টি। আর এগুলোতে এমপ্লয়ি ছাড়া সর্বসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত রেস্ট রুম ১৩৩টি। এগুলোতে আবার ২৪/৭ নীতিও অনুসরণ করা হয় না। রাত ১২টার পর থেকে ভোর পাঁচটা পর্যন্ত রেস্ট রুমগুলো বন্ধ থাকে। এ সংক্রান্ত কৌতূহলী প্রশ্নে নিউইয়র্ক সিটি সাবওয়েতে কর্মরত (পেশাগত কারণে নাম প্রকাশে অনাগ্রহী) একাধিক বাংলাদেশি স্টেশন এজেন্টদের (বাংলাদেশের রেলস্টেশনে টিকিট সেলিং/বুকিং ক্লার্কদের মতো গুরুত্বপূর্ণ কাজে নিযুক্ত মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটি/এমটিএর চাকরিজীবী) অভিমত হচ্ছে, ফ্রি মিক্সিং কালচারের কারণে রেস্ট রুমগুলোতে অনৈতিক কার্যকলাপ, গঞ্জিকা সেবন ও ভবঘুরের উপদ্রব হওয়া রেস্ট রুম সংকোচন নীতির জন্য দায়ী। রেস্ট রুম সংক্রান্ত এ যুক্তিগুলো খুব শক্তিশালী না হলেও রেস্ট রুমের অপর্যাপ্ততার অনুকূলে আর কোনো বোধগম্য কারণও খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের ট্রেনের প্রতিটি বগিতে যেমন টয়লেট সুবিধা বিদ্যমান, এখানকার স্টেশনগুলোর মতো সাবওয়ে-ট্রেনের বগিতে তা-ও নেই।
আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো সাবওয়ে স্টেশনগুলোর প্ল্যাটফর্মে নেই যাত্রী অনুপাতে সন্তোষজনক সংখ্যক ওয়েটিং বেঞ্চ বা চেয়ার। সাবওয়েতে বাংলাদেশের রেলস্টেশনের মতো যাত্রী সাধারণের সাময়িক অপেক্ষাকালীন বসার জন্য আলাদা ওয়েটিং রুম থাকে না। তবে নিউইয়র্কে সরকারি কাজে ইংল্যান্ড, থাইল্যান্ড সফরকালে পাতালপথের সংযোগ ও বিরতি স্টেশনগুলোতে ওয়েটিং চেয়ার বা বেঞ্চের অভাব কখনো অনুভব করিনি।
এখানকার স্টেশনগুলো যথেষ্ট আকর্ষণহীন, পর্যাপ্ত আলোহীন এবং অনেকটাই অপরিচ্ছন্ন ধরনের। প্রাচীন যুগের ডিজাইন ও উপকরণে তৈরি প্রায় সবগুলো সাবওয়ে স্টেশন। স্টেশনগুলোর দেয়ালে বসানো টাইলস, কাঠের কাজ, লোহার ফ্রেম, ওয়েটিং বেঞ্চ কিংবা গ্লাসগুলোতেও সেই আমল ও সংস্কৃতির সুস্পষ্ট ছাপ। অধিকাংশ স্টেশনের দেয়ালে সাঁটানো রয়েছে তিন ইঞ্চি বাই তিন ইঞ্চি সাইজের সাদামাটা সেকেলে টাইলস, কোথাও বা সাধারণ মানের গ্লাস কিংবা কাঠের পার্টিশন। নব্বই শতাংশ স্টেশনের ওয়েটিং বেঞ্চগুলো রংচটা কাঠের তৈরি।
বিশ্বের ব্যস্ততম এয়ারপোর্ট জেএফকের কাছে সাবওয়ে স্টেশন সাটফিন বুলেভার্ড-জেএফকে, জ্যামাইকা ভ্যান উইক বেশ আধুনিক মানের স্টেশন। জ্যামাইকা সেন্টার থেকে ম্যানহাটনগামী ডাউনটাউন ট্রেনে চড়লে প্রথম স্টপ হচ্ছে সাটফিন। নিউইয়র্ক সিটি দেখতে কিংবা অন্যান্য কাজে আসা বিশ্বের নানা প্রান্তের ভ্রমণকারী ও পর্যটকদের কথা বিবেচনা করেই কুইন্স-জ্যামাইকার এই সাবওয়ে স্টেশন (সাটফিন বুলেভার্ড-জেএফকে) এবং এর পরের স্টেশন জ্যামাইকা-ভ্যান উইককে যথেষ্ট আধুনিক ও আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে। এ দুটির পরবর্তী স্টেশন দুটো হচ্ছে ভ্যান উইক-ব্রায়ারউড ও ইউনিয়ন টারপাইক-কিউ গার্ডেনস। এগুলো দেখলে অথবা এগুলোর পরবর্তী স্টেশন সেভেন্টি ফিফথ অ্যাভিনিউ, ফরেস্ট হিলস-সেভেনটি ওয়ান অ্যাভিনিউ, এল্মহার্স্ট অ্যাভিনিউ কিংবা বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস-রুজভেল্ট অ্যাভিনিউ দেখলে অনুধাবন করা যায় নান্দনিক গঠন শৈলী ও সুযোগ-সুবিধার দিক থেকে কুইন্স-জ্যামাইকা কিংবা ব্রঙ্কস, ব্রুকলিন, ম্যানহাটন বরোর সাবওয়ে স্টেশনগুলো সমানভাবে পিছিয়ে।
তবে ম্যানহাটন-ব্রুকলিন বরোর কিছু সাবওয়ে যেমন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, হাডসন ইয়ার্ড, সেকেন্ড অ্যাভিনিউ কিউ লাইন, এস্টোরিয়া এন লাইন অত্যন্ত আধুনিক, দৃষ্টি নন্দন এবং বিশ্বমানের। এ ছাড়া রুজভেল্ট আইল্যান্ড, লেক্সিংটন-সিক্সটি থার্ড অ্যাভিনিউ, টুয়েন্টি ফার্স্ট স্ট্রিট-কুইন্স ব্রিজ প্রভৃতি স্টেশনও তুলনামূলক আধুনিক এবং মানসম্মত। অন্যদিকে ব্রুকলিন-ম্যানহাটনেরই থার্টি ফোর স্ট্রিট-পেন স্টেশন, ওয়েস্ট ফোর স্ট্রিট, ফর্টিসেকেন্ড স্ট্রিট-পোর্ট অথোরিটি টার্মিনাল-টাইম স্কয়ার স্টেশন, টুয়েন্টি থার্ড স্ট্রিট, থার্টি সিক্সথ র্ট্রিট, সিক্সটি ফিফথ স্ট্রিট, ফুলটন স্ট্রিট, চেম্বার স্ট্রিট, ব্রড স্ট্রিট, ওয়েস্ট কোর্ট স্ট্রিট, ব্রডওয়ে জংশন, কুইন্স বরো প্লাজা কিংবা ব্রঙ্কস বরোর পার্কচেস্টার প্রভৃতির মতো গুরুত্বপূর্ণ সিংহভাগ স্টেশন/জংশনেরই দশা শ্রীহীন, পুরোনো।
আশার কথা হচ্ছে, গুরুত্বপূর্ণ সাবওয়ে স্টেশনগুলোর রেনোভেশন কাজ পর্যায়ক্রমিকভাবে সম্পন্ন হওয়ার কথা শুনিয়েছেন এমটিএতে কর্মরত স্বদেশি কর্মকর্তারা। সূত্রমতে দেড় শতাধিক অনাবাসী-বাংলাদেশি নিউইয়র্ক সিটির মর্যাদাজনক সংস্থা এমটিএতে সুপারিন্টেন্ডেন্ট, সুপারভাইজার, স্টেশন এজেন্ট প্রভৃতি গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সঙ্গে চাকরি করছেন।
নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনগুলোর মধ্যে ২৭৫টি স্টেশন সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড (৫৯ শতাংশ), ১৫৩টি এলিভেটেড স্টেশন (৩২ শতাংশ), অবশিষ্ট ৩৪টি স্টেশনের মধ্যে অন এন এমবাঙ্কমেন্ট ২৯টি (৬ শতাংশ) এবং অপেন কাট স্টেশন ১৫টি (৩ শতাংশ)। সাধারণভাবে এটি পাতাল পথ বা ভূতল পরিবহন ব্যবস্থা হিসেবে পরিচিত হলেও এই সিস্টেমের ৬১ শতাংশ স্টেশন ভূপৃষ্ঠের অভ্যন্তরে এবং অবশিষ্ট ৩৯ শতাংশ স্টেশন ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত।
২০১৮ সালের ১২ জুলাই প্রকাশিত এক জরিপ থেকে জানা যায়, যাত্রী সাধারণের ব্যবহারের দিক থেকে নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনগুলোর মধ্যে প্রথম অবস্থানে আছে টাইমস স্কয়ার/ফরটি সেকেন্ড স্ট্রিট/পোর্ট অথোরিটি টার্মিনাল স্টেশন।
নিউইয়র্ক সিটির অধিকাংশ সাবওয়ে স্টেশনে রয়েছে নিউজ পেপার স্ট্যান্ড। যেগুলোতে সংবাদপত্রের চেয়ে টুকিটাকি খাবার এবং জরুরি ব্যবহার্য জিনিসপত্রই সংরক্ষণ ও বিক্রি হয় বেশি। সুখবর হচ্ছে এ খুদে ব্যবসাটি বলতে গেলে আমাদের বাংলাদেশিদের দখলে।