সাবওয়ে স্টেশনের শৌচাগারে নারীকে যৌন হেনস্তা
নিউইয়র্কের একটি সাবওয়ে স্টেশনের শৌচাগারে এক নারীকে যৌন হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। ২৬ জানুয়ারি সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
সাউথ বাউন্ড আর ট্রেনে এক ৩১ বছর বয়সী নারী ব্রুকলিনের উদ্দেশ্যে রওনা হয়ে বে রিজের ৯৫ স্ট্রিট স্টেশনে ট্রেনটি থেকে বেরিয়ে এসে স্টেশনের মেজানাইনে পাবলিক রেস্টরুম ব্যবহার করতে গিয়েছিলেন। এ সময় কালো পোশাক ও মুখোশ পরিহিত অপরিচিত এক পুরুষ তাঁকে শৌচাগারের ভেতরে নিয়ে মারধর করেন। পরে ওই নারীর ওপর যৌন নির্যাতন চালানোর চেষ্টা করে ওই ব্যক্তি।
পুলিশ জানিয়েছে, স্টেশনের এক পথচারী ভুক্তভোগীর জন্য চিৎকার শুনে বাথরুমের দরজায় ধাক্কা মারতে শুরু করেন। পরে পুলিশ কর্মকর্তারা সেখান থেকে ওই নারীকে উদ্ধার করে। ভুক্তভোগী নারীকে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্দেহভাজন পুরুষ হিসেবে পুলিশ, ৫ ফুট ৮ থেকে ৯ ইঞ্চি লম্বা এক পুরুষকে খুঁজছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিষয়ে তথ্য জানাতে এনওয়াইপিডির ক্রাইম স্টপার্স হটলাইন (১-৮০০-৫৭৭-৮৪৭৭) বা স্প্যানিশদের জন্য (১-৮৮৮-৫৭-৭৪৭৮২) কল করার অনুরোধ করা হয়েছে।