সাবওয়েতে ক্ষীণ আশার আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কবাসীর জীবনের সঙ্গে মিশে আছে সাবওয়ে
নিউইয়র্কবাসীর জীবনের সঙ্গে মিশে আছে সাবওয়ে

নিউইয়র্কবাসী অর্থাৎ নিউইয়র্কের জীবনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে মিশে আছে এখানকার আন্ডারগ্রাউন্ড রেল সিস্টেম বা ‘সাবওয়ে’। নিউইয়র্কের সাবওয়ে পৃথিবীর মধ্যে বৃহৎ। এই সাবওয়ে লাইনের দৈর্ঘ্য ৬৬৫ মাইল, স্টেশনের সংখ্যা ৪৭২টি, লাইনের সংখ্যা ২৭টি, প্রতিদিন গড়ে বহন করে ৬০ লাখ যাত্রী। কিন্তু এই সাবওয়ের বর্তমান ভগ্নদশা, ধুঁকে ধুঁকে চলা এবং বিলম্ব অনেকটাই নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। 

বাজেট সংকট এবং সাবওয়ে নিয়ে মেয়র ও গভর্নরের রশি টানাটানির মধ্যে খবর এল সাবওয়ে কর্তৃপক্ষ উন্নয়নের জন্য ৪০০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। এর বেশির ভাগ অর্থ ব্যয় হবে রেলের আধুনিক বগি ও যন্ত্রপাতি কেনা বাবদ। এই প্রকল্পের অধীনে জাপানের কাওয়াসাকি কোম্পানির কাছ থেকে ১৬১২টি অতি আধুনিক বগি কেনা হবে। প্রথম বগিটি পাওয়া যাবে ২০২০ সাল নাগাদ। এই নতুন বগিগুলোর দরজা বর্তমানের ৫০ ইঞ্চির জায়গায় হবে ৫৮ ইঞ্চি। বগিগুলো হবে সংযুক্ত। প্রতিটি বগি হবে বর্তমানের ৫টি বগির সমান। ফলে এতে যাত্রীবহনের ক্ষমতা আরও বাড়বে। এ ছাড়া প্রতিটি বগিতে আরও নানা ধরনের সুযোগ-সুবিধা থাকব বলেও জানা গেছে। কাওয়াসাকি কোম্পানি এই বগি তাদের আমেরিকার কারখানায় তৈরি করবে বলে নতুন কর্মসংস্থানও হবে।
নিউইয়র্কের জনবসতি

পর্যবেক্ষণ করলে দেখা যাবে, এখানকার নগরায়ণ এবং বসতি গড়ে ওঠার ওপর সাবওয়ের সরাসরি প্রভাব আছে। প্রতিটি সাবওয়ে স্টেশনের কাছে গড়ে উঠেছে একেকটা লোকালয়। গড়ে উঠেছে নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। সাধারণত মধ্যবিত্ত লোকজন তাদের যাতায়াতের জন্য এই সাবওয়ের ওপর নির্ভরশীল। তাই তারা সাবওয়ের কাছাকাছি থাকতে চায়। নিউইয়র্কের একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে পার্কিং। ম্যানহাটনে পার্কিং পাওয়া সোনার হরিণ পাওয়ার সমান। তাই গাড়ি থাকলেও অনেকেই বাধ্য হয়ে সাবওয়ে ধরে ম্যানহাটনে কর্মস্থলে বা অন্যত্র যান। অনেকেই আবার দূর থেকে এসে কাছাকাছি কোনো সাবওয়ের কাছে গাড়ি পার্ক করে সাবওয়ে ধরে অফিসে যান আবার সন্ধ্যায় ফিরে গাড়ি নিয়ে বাড়ি যান। নিউইয়র্কার মাত্রই এই পাবলিক ট্রান্সপোর্টের ওপর নির্ভরশীল।

নিউইয়র্কের সাবওয়ে সিস্টেম নেটওয়ার্ক পৃথিবীর সবচেয়ে বড় হলেও প্রথম পাতালরেল চালু হয় লন্ডনে, ১৮৬৩ সালে। প্রথম ট্রেনটি ছিল বাষ্পচালিত। ১৮৯৭ সালে বিদ্যুৎ-চালিত পাতালরেল চালু করা হয়। একই বছর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টেও বিদ্যুৎ-চালিত পাতালরেল চালু করা হয়। আমেরিকাতে প্রথম বৈদ্যুতিক পাতালরেল চালু করা হয় ১৮৯৭ সালে ম্যাসাচুসেটস রাজ্যের বোস্টনে। আর নিউইয়র্কে এই পাতালরেল চালু হয় আজ থেকে ১০০ বছর আগে, ১৯০৪ সালে।
১৯০০ সালে নিউইয়র্ক হয়ে ওঠে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর। জনসংখ্যা দাঁড়ায় ৩৪ লাখের ওপর। সব লোক গাদাগাদি করে থাকে ম্যানহাটনে। কারণ, ম্যানহাটনই ছিল শহরের প্রাণকেন্দ্র। নিউইয়র্কের অন্যান্য বরো কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস এবং স্টেটেন আইল্যান্ড তখনো বসবাসের জন্য এত উন্নত হয়নি। ম্যানহাটনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে লোকজনের যখন নাভিশ্বাস উঠছে, তখনই কর্তৃপক্ষ চিন্তা করে এমন একটি দ্রুতগামী পাবলিক ট্রান্সপোর্টের, যা শহরের উপকণ্ঠ থেকে লোকজনকে শহরে নিয়ে আসবে, আবার কাজ শেষে সবাই সহজেই আবাসস্থলে ফিরে যাবে। ওই বছরেরই মার্চ মাসে সাবওয়ের কাজ শুরু হয়। বারো হাজার লোক একসঙ্গে একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে কাজ শুরু করে। ৫৫ ফুট প্রশস্ত এবং ১৫ ফুট গভীর করে খাদ কেটে রেললাইন পাতা হয়। চার বছর পর ১৯০৪ সালে ৯ মাইল লম্বা লাইনে প্রথম সাবওয়ে চালু হয়। সেদিনের সেই ৯ মাইল লম্বা সাবওয়ে আজ ৬০০ মাইলের চেয়ে বেশি লম্বা এবং পৃথিবীর সবচেয়ে বড় সাবওয়ে সিস্টেম। শহর এলাকাতে দ্রুত চলাচলের জন্য এই ট্রেন খুবই নির্ভরযোগ্য। নিউইয়র্কের সাবওয়ে ট্রেনে গতি ঘণ্টায় ৭৫ থেকে ৮০ মাইল।
প্রতিদিন লাখ লাখ লোক এই সাবওয়েতে ভ্রমণ করলেও চলছে বাজেট সংকট। আর তা সামলাতে বেশ কয়েকবার এর ভাড়া বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, এক শ বছর আগে মাত্র পাঁচ সেন্ট ভাড়া দিয়ে সাবওয়ের যাত্রা শুরু হয়েছিল। সম্প্রতি সাবওয়ের বাজেট সংকট মেটাতে ম্যানহাটনের ব্যস্ততম এলাকায় গাড়ি নিয়ে গেলে টোলের প্রস্তাব করা হয়েছে। মেয়র ধনীদের ওপর করারোপ করে এই সংকট মোকাবিলার প্রস্তাব করেছেন।
আগেই বলেছি, সাবওয়ের সঙ্গে এখানকার মানুষের জীবনের নিবিড় সম্পর্ক। এখন অনেক বাংলাদেশি এই সাবওয়েতে কন্ডাক্টর, ট্রেন অপারেটর এবং অন্যান্য অনেক পদে কাজ করেন। অনেকেই আবার সাবওয়ে প্ল্যাটফর্মে ছোট ছোট দোকান (যেখানে সাধারণত সংবাদপত্র এবং ক্যান্ডি বা সিগারেট বিক্রি হয়) ভাড়া নিয়ে ব্যবসা করছেন। ভাড়া যতই বাড়ুক অথবা স্টেশনের নাম যা-ই হোক না কেন, নিউইয়র্কের জীবনের সঙ্গে সাবওয়ের সম্পর্ক কখনোই কমবে না।
লেখক: আবদুল্লাহ জাহিদ, গল্পকার, ই-মেইল: [email protected]