
বিশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা নিয়ে নিউইয়র্ক শহরের সাবওয়ের নিয়মিত যাতায়াতকারীরা রীতিমতো ‘নরকযন্ত্রণা’ ভোগ করছেন। ব্যস্ত এ শহরের রেলসেবার অবস্থা বর্ণনা করতে গিয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর নিজেই একে ‘নরকযন্ত্রণার’ সঙ্গে তুলনা করেছেন। কিন্তু এ অবস্থায় নিউইয়র্কবাসীর সামনে হাজির হয়েছে ‘ডলার ভ্যান’ নামের একটি অপ্রচলিত যোগাযোগ নেটওয়ার্ক।
বিশৃঙ্খল রেলসেবা ও প্রয়োজনের তুলনায় সীমিত বাসসেবার কারণে নিউইয়র্কবাসীর নিয়মিত যাতায়াত থমকে যায়নি। এ সংকটের মধ্যেই তাদের নিয়ম করে কর্মস্থলে যেতে হচ্ছে। আর এ ক্ষেত্রে ‘ডলার ভ্যান’ নামে পরিচিত কিছু ছোট বাসের ব্যবহার ক্রমে বাড়ছে। স্বল্প পরিচিতি পাওয়া ডলার ভ্যান মূলত মুখে মুখে পরিচিত। কেউ দেখিয়ে না দিলে বোঝা সম্ভব নয়। কারণ ছোট বাসগুলো কোনো বাস স্টপে থামে না।
এখন পর্যন্ত শহর কর্তৃপক্ষ এ ধরনের ৩৪৪টি ‘ডলার ভ্যানের’ অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, কিছু অনুমোদন দেওয়া হলেও বেশ কিছু ভ্যান চলছে অনুমোদন ছাড়াই। ফলে গোপনেই তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। মূলত যোগাযোগ ব্যবস্থা দুর্বল এমন প্রান্তীয় এলাকাগুলোতে এ ডলার ভ্যান জনপ্রিয় হয়ে উঠছে।