সাবওয়ের প্যাঁচে অসহায় আমি

আমেরিকায় নতুন না হলেও নিউইয়র্ক সিটিতে আমি একেবারেই নতুন। একবার এসেছিলাম আগে, কেমন ঘনবসতিপূর্ণ, একদমই ভালো লাগেনি তখন। আর এত বিশ্রী রকমের গরম ছিল। কিন্তু এখন একেবারে তল্পিতল্পা গুটিয়ে, টুকটাক কামাই করতে নিউইয়র্ক সিটির ব্রুকলিন শহরে বসবাস শুরু করলাম। ছিলাম গ্রামে, শহরে আগমন, প্রথমেই শহরের যাতায়াতব্যবস্থা বুঝে নিতে হবে। রাস্তায় বড় বাস দেখা যায়, বেশ ভালোই লাগছিল, অনেক বাস, একটার পর একটা বাস, এ আর এমন কঠিন কী! পরে জানতে পারলাম যে বাসের গুরুত্ব কম, ট্রেন নাকি ভালো। আত্মীয়স্বজন বলে, ট্রেনে কীভাবে যাতায়াত করতে পারবি তা শিখে নে।
পরে এক মামা নিয়ে গেলেন স্টেশন দেখাতে, চার্চ-ম্যাকডোনাল্ড সাবওয়ে স্টেশন। সেই প্রথম পরিচয় নিউইয়র্ক সিটি সাবওয়ের সঙ্গে। সিঁড়ি দিয়ে নিচে নেমে করিডর ধরে কোথায় যেন নিয়ে চললেন মামা। এন্ট্রি চোখে পড়ল। একই জায়গা দিয়ে মানুষ ঢুকছে আবার বের হচ্ছে, অনেক মানুষ। কী একটা কার্ড ঘষা দিয়ে ঢুকে যাচ্ছে মানুষ। জানলাম, ওইটা মেট্রো কার্ড, ট্রেনের টিকিট। কাচের ঘরের ভেতরে দেখলাম স্টেশনমাস্টার বসে আছেন। ওদিকে মামা আমাকে বুঝিয়ে চলেছেন ট্রেনের যাতায়াত সম্পর্কে, কিন্তু সব মাথার ওপর দিয়ে যাচ্ছিল। মামা একটা ম্যাপ নিয়ে দিলেন স্টেশনমাস্টার থেকে, সাবওয়ে ম্যাপ। সেদিন আর ট্রেনে চড়া হয়নি, আর ম্যাপও বুঝে নিতে পারিনি।
রাতে ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম দেখি ম্যাপটা, খুলছি তো খুলছিই, ভাঁজের পর ভাঁজ, দুই হাত বাই দেড় হাত হবে। একবার তাকিয়েই মাথাটা চক্কর দিয়ে উঠল, রং-বেরঙের জাল মেরে দিয়েছে কে যেন নিউইয়র্কের ওপরে। লাল, নিল, হলুদ, সবুজ ইত্যাদি রঙের জাল। আবার কিছু কিছু জায়গায় দেখলাম প্যাঁচ লেগে আছে জালে জালে, কঠিন প্যাঁচ। আর জালের ফাঁকে শুধু ব্রুকলিন, ম্যানহাটন, কুইন্স আর ব্রঙ্কস শহর ধরতে পারলাম। যাক, কিছু তো খুঁজে পাওয়া গেল! সেই রাতে আর ম্যাপ বোঝার সাহস হয়নি।
নেটিজেন প্রজন্ম, সবকিছু ইন্টারনেটে আগে খুঁজে দেখার অভ্যাস। মেট্রো কার্ড নামের সাবওয়ে টিকিট কীভাবে পাওয়া যায়, তার খোঁজ করে জানতে পারলাম স্টেশনে এটিএমের কাউন্টার আছে, সেখানে মেট্রো কার্ড কিনতে পাওয়া যাবে। সাহস করে নিজে এটা-সেটা গুঁতিয়ে একটা মেট্রো কার্ড বের করে ফেললাম। এইবার ট্রেনে চড়ার পালা, গন্তব্য ঠিক করলাম ম্যানহাটন। এন্ট্রি পয়েন্টে কার্ড ঘষা দিতেই ঘ্যাচাং করে ২ ডলার ৭৫ সেন্ট কেটে নিয়ে নিল, আমি তো শেষ! ডলারকে ৮০ টাকা দিয়ে গুণ দেওয়ার স্বভাব থেকে যাওয়ায় খুব টেনশনে পড়ে গেলাম। যাক কী আর করা, টাকার চিন্তা বাদ দিয়ে উঠে গেলাম ম্যানহাটনগামী ‘কিউ’ ট্রেনে। বেশ সুন্দর ট্রেন, এসি চলে, স্পিকারে নির্দেশনা দিয়ে যাচ্ছে, মনিটরে স্টেশনের নামও ওঠে। পরিষ্কার-পরিচ্ছন্ন, ভালো লেগে গেল। বাকি যাত্রীদের দিকে তাকিয়ে দেখলাম, কত্ত রকম মানুষ, কত কিছু করছে, যে যার মতো। ট্রেন চলতে শুরু করল, কুউউউ ঝিকঝিক, নাহ খটাখট, খটাখট। চুপচাপ বসে বসে মানুষজনের কাণ্ড দেখি, শহরে নতুন তো। যা হোক, কানে শব্দ এল ‘ম্যানহাটন’, নেমে গেলাম কী যেন একটা স্টেশনে। স্টেশন ছেড়ে রাস্তায় এসে গুগলে আমার গন্তব্য দেখি আরও অনেক দূরে, কী বিপদ! আবার ঢুকে গেলাম স্টেশনে, আবার টাকা শেষ, আবার ‘কিউ’ ট্রেন। আর ভুল হলো না, ঠিকমতোই আমার নির্ধারিত স্টেশনে নেমে গেলাম। ম্যানহাটনে নেমে দেখি সব উঁচু উঁচু বিল্ডিং, এত্ত উঁচু যে মাথায় টুপি থাকলে সেটা হয়তো খুলে পড়ে যেত। কাজ শেষ, এইবার ঘরে ফিরতে হবে, প্রায় সন্ধ্যা হয়ে এল, কেমন গোলকধাঁধার মতো লাগছে সবকিছু, একাই ঘুরছি। বেশি ঝামেলা না পাকিয়ে যে স্টেশনে নেমেছি, সেটাই আবার খুঁজে বের করলাম। সব ঠিকঠাকমতোই চলছে, ঘ্যাচাং করে টাকা যাচ্ছে, টেনশন বেড়ে যাচ্ছে। বিজ্ঞের মতো ম্যাপ দেখে এবার ‘আর’ ট্রেনে উঠে পড়লাম, যাক নিশ্চিন্তে বাসায় যাই আগে, একটু ঘুম ঘুম ভাব হচ্ছিল। বেশ খানিক পর খেয়াল করলাম সব নতুন নতুন স্টেশনের নাম, যাক হয়তো ভুলে গেছি, নতুন না, ব্রুকলিনের দিকেই যাচ্ছি। চুপচাপ বসে আছি, ট্রেন যাচ্ছে তো যাচ্ছে, স্টেশন নতুন থেকে নতুনতর হচ্ছে, দীর্ঘ সময় পার হয়ে গেছে। একটু মুখচোরা স্বভাবের হওয়াতে কাউকে কিছু জিজ্ঞাসাও করছি না। কানে আওয়াজ এল জ্যাকসন হাইটস, সর্বনাশ! এ আমি কোথায় চলে এলাম। ভয় পেয়ে রাস্তায় চলে এলাম, আবার স্টেশনে ঢুকে পড়লাম, আবার টাকা শেষ। এক জায়গায় বসে গুগলের সহায়তায় উল্টো পথের ট্রেনে করে কোনো রকমে বাসায় এলাম, সে যাত্রায় রক্ষা পেলাম।
এরপর কদিন আর ট্রেনে চড়ার নাম নিইনি, ভয় লাগত। ম্যাপ নিয়ে বসলাম, কী ভুল করেছিলাম সেদিন বুঝতে চেষ্টা করলাম। আমি ছিলাম ডাউনটাউন ম্যানহাটনে, তাই অবশ্যই আমি আপটাউনের দিকেই যাব, তাই তো নাকি? ভুলটা ছিল সেখানেই, ভুলের মাশুল হিসেবে ব্রুকলিনে না এসে কুইন্সের দিকে চলে গেছি, আর বেশ কিছু টাকাও খুইয়েছি। জেদ চেপে গেল, সাবওয়ের এই মায়াজাল ভেদ করতেই হবে, সব বুঝে নিতেই হবে। এরপর কিছুদিন শুধু ট্রেনেই ঘুরে বেড়িয়েছি, এ জায়গা সে জায়গা। আরও অনেকবার ভুল করেছি, ভুল স্টেশন, ভুল ট্রেন, ভুল দিক, সঙ্গে টাকাও। এখন এই ট্রেন আমার সবচেয়ে প্রিয় বাহন। আরও অনেক অভিজ্ঞতা হয়েছে ট্রেনকে ঘিরে, সেই সব আরেক দিন বলব।