সাবধান! শীতকালে গাড়ি দুর্ঘটনা সবচেয়ে বেশি
পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে আমেরিকাতেই সবচেয়ে বেশি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এ দেশে অবস্থানরত ১৮ বছর বয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে প্রবীণ অভিবাসী ও আমেরিকানরা গাড়ি চালানোর আবেদন করার পর অনুমতি পান। নতুন লাইসেন্স পাওয়ার পর স্রেফ বিনোদনের জন্য অনেকেই ভাড়া করে গাড়ি চালান।
লাইসেন্স পাওয়ার পর অনেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবকে মিষ্টিমুখ করান। নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যের হাইওয়েগুলোতে প্রতিদিনই শত শত দুর্ঘটনা ঘটে, যে কারণে মৃত্যুর সংখ্যা অধিক। পরিবার, বন্ধুবান্ধবসহ গাড়িতে থাকা অনেকেই ক্ষতিগ্রস্ত হন। কেউ কেউ বেঁচে গেলেও সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণে বাধ্য হন। গাড়ি চালানোর সময়, বিশেষ করে নতুন লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাবধান ও সতর্কতা জরুরি। পুরোনো চালকেরা প্রায় সবাই সতর্কতা অবলম্বন করে থাকেন।
নতুন চালকদের জানা উচিত, হাইওয়েতে গাড়ি চালানোর সময় মাঝের লেনে থাকা ভালো। কারণ, এই লেন থেকে সহজে ডানে ও বামে যাওয়া যায়। হাইওয়ের ৯৯ শতাংশ বহির্গমন সড়ক ডান পাশে থাকে। পক্ষান্তরে যেসব গন্তব্যে বহির্গমন বাম পাশে থাকে, সেগুলো দু-তিন মাইল আগেই নির্দেশনা থাকে, যা আপনাকে ধীরে ধীরে লেন পরিবর্তনে সহায়তা করে। যদি কোনো কারণে হঠাৎ আপনার নজরে এল আপনি আপনার বহির্গমনের সড়কটি অতিক্রম করার পথে, তখন জরুরি ব্রেক করা থেকে বিরত থাকুন। কারণ, আপনার পেছনে শত শত গাড়ি আছে। আপনি হঠাৎ গাড়ি থামিয়ে দিলে পেছনের গাড়ি আপনার গাড়িকে ধাক্কা দেবে এবং পেছনের অনেক গাড়িতেও সজোরে একই ধরনের ধাক্কা লাগবে। তাই পরবর্তী বহির্গমন সড়কে বের হয়ে পেছনে ফিরে আসুন। যেকোনো গন্তব্যস্থলে যাওয়ার আগে জিপিএসের সাহায্য জরুরি। গুগল অথবা ওয়েজ সেটআপ করে নিলে অহেতুক বিপদ থেকে মুক্ত থাকা যায়।
শীত এসে গেছে। এ সময় আমেরিকায় বরফের ওপর দিয়ে গাড়ি চালানোর সময় শত শত প্রাণহানি ঘটে। তাই নির্ধারিত গতির চেয়ে কম গতিতে গাড়ি চালানো বুদ্ধিমানের কাজ। জরুরি প্রয়োজনে ব্রেক ব্যবহারে পুরো গাড়ি ঘুরে যায়। তাই গাড়ি যদি কম গতিতে থাকে, তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
নতুন ড্রাইভারদের এমনিতেই মোটা অঙ্কের ফি পরিশোধ করতে হয়। দুর্ঘটনা হলে বিমা কোম্পানিগুলো দুর্ঘটনাকে ব্যবহার করে বিমার পরিমাণ বাড়িয়ে দেয়। গত বছরগুলোতে বেশ কয়েকটি বাংলাদেশি পরিবার দুর্ঘটনার শিকার হয়েছে। নতুন যাঁরা লাইসেন্স পেয়েছেন কিংবা অনুমতি পেয়েছেন, তাঁদের উচিত অনেক বেশি সতর্কতার সঙ্গে চালানো।
শীতের সময় গাড়িতে চলমান হিট চালু রাখা হয় বলে অনেক সময় গাড়ি বেশি গরম হয়ে ইঞ্জিনে আগুন লাগার আশঙ্কা থাকে। তাই চলন্ত অবস্থায় মাঝেমধ্যে হিটিং মিটারে খেয়াল রাখা জরুরি, যদি হিটিং মিটারের কাঁটা অতিরিক্ত গরমের জায়গায় দেখা যায়, সঙ্গে সঙ্গে গাড়িটি জরুরি লাইনে দাঁড় করিয়ে প্রয়োজনে ঠান্ডা পানি ঢেলে ১০-১৫ মিনিট অপেক্ষা করে হিটিং মিটারের দিকে নজর দিয়ে গাড়ি পুনরায় চালু করবেন।