সাবিনার একক আবৃত্তি ও মাহমুদ দুলুর একক সংগীত পরিবেশনা

নিউইয়র্কের পরিবেশনকলা শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা) আয়োজিত কনসার্ট সিরিজ জলসায় সাবিনা শারমিনের একক আবৃত্তি ও মাহমুদ দুলুর একক সংগীত পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ জুন উডসাইডের পিএস ১২ মিলনায়তনে নির্ধারিত সময় সন্ধ্যা সাতটায় এই অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে বিপার আয়োজন সম্পর্কে শেখ সিরাজুল ইসলাম সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাবিনা শারমিনের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন নিলোফার জাহান। মাকে নিয়ে নিয়ে লেখা একটি কবিতা দিয়ে আবৃত্তি পরিবেশনা ‘সত্যরে লও সহজে’ শুরু করেন সাবিনা শারমিন। তাঁর নির্বাচিত কবিতার মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, শামসুর রাহমান, শহীদ কাদরী ও নির্মলেন্দু গুণের কবিতার পাশাপাশি নিউইয়র্কবাসী কবি ও ছড়াকারদের কবিতা-ছড়াও ছিল।
সাবিনা শারমিন একে একে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া; শামসুর রহমানের পান্থজন; তমিজউদ্দীন লোদী চাঁদে পাওয়া নক্ষত্রে পাওয়া; কাজী নজরুল ইসলামের গাহি সাম্যের গান; শহীদ কাদরীর আপনারা জানেন; নির্মলেন্দু গুণের ক্ষেত মজুরের কাব্য; ফকির ইলিয়াসের ধ্বংস হোক দানবিক স্বর; মনজুর কাদেরের লেখা ছড়া
বলো দেখি, শামস আল মমীনের
কথা বলা দরকার কবিতা আবৃত্তি করেন। তাঁর আবৃত্তি করা কবিতার মধ্যে
বিশেষ মনোযোগ কাড়ে সৌমেন অনন্তর লেখা ‘এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল’।
সাবিনা শারমিনের একটি আবৃত্তির সঙ্গে নাচ পরিবেশন করে তাঁর একমাত্র কন্যা সায়ান নিবিড় শারমিন। আবৃত্তিকার নজরুল কবিরের সঙ্গে জুটি বেধে দুটি দ্বৈত আবৃত্তি করেন তিনি। একটি ভিন্নধর্মী উপস্থাপনা ছিল বিপার শিক্ষার্থী শিশুদের কণ্ঠ কোলাজ লুৎফর রহমান রিটনের বিখ্যাত ও মজার ছড়া ‘আবদুল হাই, করে খাই খাই’। সাবিনা শারমিন সঙ্গ দেন তাদের। এতে অংশ নেয় মেঘা, রেজওয়ান, আলভান, প্রিয়ন্তী, অঙ্কুর, এলমা, নাহরিন, মুন, সামিয়া, লিওনা ও জেরিন। এই আবৃত্তি অংশটির প্রশিক্ষক ছিলেন মৃদুল আহমেদ।
সাবিনা শারমিনের আবৃত্তি শেষে জলসার দ্বিতীয় পর্বের পরিবেশনা নিয়ে আসেন মাহমুদ দুলু। শিল্পীর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরলেন জারিন মাইশা।
শিল্পী মাহমুদ দুলু শুরু করলেন সংস্কৃত একটি স্তোত্র দিয়ে। এরপর তিনি মন্দ্রস্বরে পরিবেশন করলেন রবীন্দ্র সংগীত। নিউইয়র্কের অনুষ্ঠানে কম গীত হওয়া কয়েকটি গান যেমন ‘আধেক ঘুমে নয়ন চুমে’, ‘ওরে সাবধানী পথিক’, ‘ওগো তোমার সঙ্গে প্রাণের খেলা’, ‘জানি তোমার অজানা নাহি’, ‘বহু যুগের ওপার হতে’, ‘আজি শ্রাবণ ঘন গহন বনে’, ‘কিছু তো হলো না’, ‘তবু পারিনে সঁপিতে প্রাণ’, ‘আমায় বলো না গাহিতে’, ‘সংশয় তিমির মাঝে’ পরিবেশন করেন। এরপর তিনি গাইলেন ‘কান্ত কবি’ নামে পরিচিত রজনীকান্ত সেনের ‘আমি অকৃতি অধম’। এরপর অতুলপ্রসাদের কয়েকটি গান।
আখতার আহমেদ রাশার মঞ্চসজ্জা, পিনাক পাণি গোস্বামীর তবলা, মোহাম্মদ মাসুদুর রহমানের কী বোর্ড আর শহীদ উদ্দিনের মন্দিরা ছিল অনুষ্ঠানের প্রয়োজনীয় অনুষঙ্গ।