সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ৮৮তম জন্মদিন উদ্‌যাপন

এম সাইফুর রহমানের ৮৮তম জন্মদিন উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম সাইফুর রহমানের ৮৮তম জন্মদিন। এ উপলক্ষে ১৩ অক্টোবর রাতে ব্রঙ্কসের একটি ভেন্যুতে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র নানা আয়োজন করে। এর মধ্যে ছিল সাইফুর রহমানের ওপর স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল।

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি লায়েকুল হাসান তরফদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহবাব চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠান হয়। এতে জুম প্ল্যাটফর্মের মাধ্যমে অনেকে দূর থেকেও যোগ দেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাইফুর রহমানের বড় ছেলে এম নাসের রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও মরহুম এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব কাইয়্যূম চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি ময়নুল হক চৌধুরী, জ্যামাইকা মুসলিম সেন্টারের সাধারণ সম্পাদক মনজুর আহমদ চৌধুরী, মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সহসভাপতি মনজুর চৌধুরী জগলুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের উপদেষ্টা এবাদ চৌধুরী, সুফিয়ান আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ, কমিউনিটি অ্যাকটিভিস্ট জালাল চৌধুরী, বিএনপি নেতা দারাদ আহমদ, যুক্তরাষ্ট্র জাসাস সাধারণ সম্পাদক কাওসার আহমদ, মাওলানা রশিদ আহমদ ও সৈয়দ গৌছুল হোসেন, মিজানুর রহমান, টিটু চৌধুরী, সংগঠনের যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান খান, শাহ কামাল উদ্দিন, খলিলুর রহমান, মশিউর রহমান চৌধুরী, শাহ মামুন আহমদ, আলমগীর কবির, হাফিজ শাহবাজ আহমদ, সহসভাপতি ওবায়েদুল হক, ইকবাল হোসেন, মো. আলাউদ্দিন, বাহার খান, লিয়াকত আলী, রিপন মিয়া, খলিলুর রহমান, চৌধুরী মোমিত প্রমুখ।

সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নিউজার্সি বিএনপি সভাপতি সৈয়দ জুবায়ের আলী এবং সংগঠনের উপদেষ্টা ও ক্যালিফর্নিয়া বিএনপি সভাপতি বদরুল আলম চৌধুরী। সভায় এম সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের ওপর নির্মিত একটি তথ্যচিত্রের উদ্বোধন করেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকার সভাপতি মইনুল হক চৌধুরী। সাইফুর রহমানের ওপর স্মরণিকার মোড়ক উন্মোচন করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

অনুষ্ঠান থেকে নিউইয়র্ক সিটি কাউন্সিলে ২০২১ সালের ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারকে সমর্থন দেওয়া হয়। সভায় কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ শাহফাজ আহমদ। সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনায় করেন মাওলানা রশিদ আহমদ। অনুষ্ঠানে কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্ণাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট রাজনীতিবিদ ও অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের জন্ম ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারে। তিনি ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এম সাইফুর রহমান দীর্ঘ এক যুগেরও বেশি সময় বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।