সাবেক জনপ্রতিনিধি ফয়জুল ইসলামের ইন্তেকাল

নিউইয়র্কের ওজোন পার্কে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৪ জুন ওজোন পার্কের দ্বীনি মাদ্রাসা বিএমএমসিসিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়কালে শারীরিক সমস্যা দেখা দিলে হাসপাতালে নেওয়ার পথে ৬২ বছর বয়সী এ সাবেক চেয়ারম্যান মারা যান।
মরহুম ফয়জুল ইসলাম স্ত্রী, এক ছেলে ইমতিয়াজ ইসলাম ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে ফাউন্ডেশন অব গ্রেটার জৈন্তা, নিউইয়র্কের সভাপতি রশীদ আহমদ, সহসভাপতি বুরহান উদ্দীন, সেক্রেটারি জেনারেল জামিল আনসারী ও সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ গভীর শোক প্রকাশ করেন। গোয়াইনঘাট প্রবাসী সংগঠন গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট ও গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ফয়জুল ইসলামের নামাজে জানাজা ৫ জুন জোহর বিএমসিসিতে অনুষ্ঠিত হয়।