সাবেক সহকারীকে 'নীচ' বললেন ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সাবেক হোয়াইট হাউস সহকারী ওমারোসা মানেগল নিউম্যানকে এক শব্দে বর্ণনা করেছেন—‘নীচ।’
মানেগল নিউম্যান তাঁর প্রকাশিতব্য ‘আনহিঞ্জড’ বইয়ে দাবি করেন, ট্রাম্প তাঁর রিয়েলিটি মো ‘দ্য অ্যাপ্রেনটিস’-এ বর্ণবাদী খিস্তি করেন। বইয়ে ট্রাম্পকে তিনি একজন বর্ণবাদী ও গোঁড়া বলেও অভিহিত করেন।
গতকাল নিউ জার্সিতে ট্রাম্পকে তাঁর নিজের গলফ ক্লাবে সাংবাদিকেরা মানেগল নিউম্যানের বিশ্বাসঘাতকতায় তিনি কেমন বোধ করছেন জিজ্ঞেস করলে ট্রাম্প জবাব দেন: ‘নিকৃষ্ট। ও একটি নিকৃষ্ট মানুষ।’
সিএনএনের খবরে বলা হয়, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে হাতে গোনা কয়েকজন আফ্রিকান-আমেরিকানকে তাঁর হোয়াইট হাউসে চাকরি দিয়েছিলেন, তার অন্যতম ছিলেন মানেগল নিউম্যান। তাঁর রিয়েলিটি শো ‘অ্যাপ্রেনটিস’-এর এই সাবেক সদস্য মাত্র কয়েক মাস সে দায়িত্ব পালনের পর গত বছর ডিসেম্বরে পদচ্যুত হয়ে হোয়াইট হাউস ত্যাগে বাধ্য হন। ধারণা করা হয়, সেই পদচ্যুতির ‘প্রতিশোধ’ নিতে বই লিখেছেন মানেগল নিউম্যান। হোয়াইট হাউসে নিজের স্বল্পকালীন কর্মজীবনের খোলামেলা গল্প, ‘আনহিঞ্জড’, প্রকাশিত হতে যাচ্ছে এ সপ্তাহেই।
বইয়ে নিউম্যান দাবি করেছেন, ট্রাম্প একজন চূড়ান্ত বর্ণবাদী। অনেক সময়েই তিনি আফ্রিকান-আমেরিকানদের বিষয়ে কথা বলতে গিয়ে ‘নিগার’ শব্দটি ব্যবহার করেছেন। ‘অ্যাপ্রেনটিস’ অনুষ্ঠান রেকর্ড করার সময় তাঁর বলা সে কথার টেপ রয়েছে বলে দাবি করেছেন নিউম্যান। তিনি নিজেও হোয়াইট হাউসে ট্রাম্পের কথোপকথন টেপ করেছেন বলে এই গ্রন্থে দাবি করেছেন।
বইটি এখনো প্রকাশিত না হলেও গণমাধ্যমের হাতে বইটির কপি এসেছে।
বইটিতে নিউম্যান আরও দাবি করেছেন, চাকরিচ্যুতির পর তিনি যাতে ট্রাম্প ও তাঁর পরিবারের সদস্যদের কারও ব্যাপারে মুখ না খোলেন, সে জন্য ট্রাম্পের এক পুত্রবধূ তাঁকে ফোন করে ট্রাম্পের পুনর্নির্বাচন প্রচার অভিযানে মাসে ১৫ হাজার ডলারের চাকরির প্রস্তাব করেছিলেন। সে প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। বইতে প্রকাশ না করার চুক্তিটি অন্তর্ভুক্ত করা হয়নি। তবে ওয়াশিংটন পোস্ট বলেছে, তারা এটি পর্যালোচনা করেছে। ট্রাম্পের ক্যাম্পেইন অফিস মন্তব্যের জন্য সিএনএনের অনুরোধ রক্ষা করেনি।
হোয়াইট হাউস ছেড়ে আসার পর তিনি বিভিন্ন সময়ে ট্রাম্পের অ্যাটর্নিদের কাছ থেকে একাধিক চিঠি পেয়েছেন। সেখানেও ট্রাম্পের বিষয়ে মুখ না খোলার জন্য জন্য তাঁকে নানা রকম হুমকি দেওয়া হয়েছে। দীর্ঘ সমালোচনার ফিরিস্তিতে ওমারোসা আরও বলেন, ট্রাম্প ঝগড়া-বিবাদ ও দ্বন্দ্ব খুব পছন্দ করেন। লোকজনকে বিতর্কে লিপ্ত দেখলে আনন্দ পান।
তবে এই বইয়ের ভাষ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বইটিতে নিউম্যান তাঁর নিজের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণ পারেননি বলে মনে করেন তাঁরা। হোয়াইট হাউসের পক্ষ থেকেও এক বিবৃতিতে নিউম্যানের বক্তব্য সর্বৈব মিথ্যা বলে জানানো হয়েছে। ট্রাম্পের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেছেন, এটা খুবই দুঃখজনক যে ট্রাম্প প্রশাসনের অর্জনের দিকগুলোর ওপর আলোকপাতের বদলে সাবেক এই কর্মকর্তা মিথ্যাচার করে ফায়দা আদায়ের চেষ্টা করছেন।