সামনে সুযোগ, নাকি বিপদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত কয়েক বছরের মধ্যে মার্কিন অর্থনীতির গুরুত্বপূর্ণ চলক বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্ম নিয়োগ চলছে। বেড়েছে আয়। প্রতি মাসেই নতুন নতুন রেকর্ড হচ্ছে শেয়ারবাজারে। কিন্তু এতসব কিছুর মধ্যেই একটি অশনিসংকেত সামনে এসেছে। আর তা কর্মসংস্থান ঘিরেই। টানা সাত বছর ধরেই একটি নির্দিষ্ট গতিতে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হলেও নভেম্বরে এর হার কিছুটা ধীর ছিল। এটি একই সঙ্গে সম্ভাবনা ও শঙ্কা দুইকেই উসকে দিয়েছে।
৮ ডিসেম্বর আমেরিকার শ্রম বিভাগ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, নভেম্বরে ২ লাখ ২৮ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে আমেরিকায়। আর বেকারত্বের হার আগের ৪ দশমিক ১ শতাংশে স্থির। ২০০০ সালের পর এটিই সর্বনিম্ন। তবে ২০১৪ সালের পর কর্মসংস্থান বৃদ্ধির হার তুলনামূলক ধীর হয়ে গেছে। কিন্তু তারপরও এই প্রথমবারের মতো আমেরিকায় কর্মসংস্থান টানা ৮৬ মাস ধরে বেড়েছে, যা একটি রেকর্ড।
এ বিষয়ে শিকাগোর কর্মী সরবরাহ-বিষয়ক প্রতিষ্ঠান লেনসেল নেটওয়ার্কের প্রধান নির্বাহী টম গিম্বেল নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘এটি সত্যিই দারুণ শক্তিশালী অর্থনীতি। এর সুফল নিতে উৎসুক কোম্পানিগুলো। সুসময়ে নিজেদের প্রতিষ্ঠানকে আরও চাঙ্গা রাখতে তারা নতুন নতুন কর্মী নিয়োগ করছে।’
এই শক্তি একই সঙ্গে একটি চ্যালেঞ্জকেও সামনে হাজির করে। বিশেষত কংগ্রেস যে কর পুনর্গঠন করতে যাচ্ছে, তাতে দেড় ট্রিলিয়ন ডলারের কর রেয়াতের কথা বলা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, এই কর আইন অর্থনীতিকে কিছুটা চাঙা করবে। তবে তা দীর্ঘ সময়ের জন্য নয়। বেকারত্বের হার অনেক কম, যা ভালো অর্থনীতির লক্ষণ। এ অবস্থায় করহার কমানো হলে অর্থনীতিতে একটি গতি আসবে, যা মূল্যস্ফীতি ও ফেডারেল রিজার্ভের সুদহার বাড়িয়ে দেবে। এটি এমনকি পরিকল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে।
ব্যাংক অব আমেরিকার অর্থনীতিবিদ জোসেফ সং বলেন, ‘অর্থনৈতিক প্রণোদনার জন্য একটি বাজে সময়কে বেছে নেওয়া হয়েছে। এটি অতি উল্লম্ফনের বিপদকে বাড়িয়ে দেবে।’
এই মুহূর্তে এই অর্থনৈতিক উদ্দীপনা বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য অনেক বড় একটি সুযোগ তৈরি করবে, যিনি মার্কিন অর্থনীতিকে খোলনলচে বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন। অর্থনীতিবিদেরা বলছেন, অর্থনীতির পুনর্জাগরণের ক্ষেত্রে ট্রাম্প খুব কমই করতে পারবেন। এই প্রক্রিয়া অনেক আগেই শুরু হয়েছিল। কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত এটি তেমন অর্থবহ কিছু সামনে আনতে পারেনি। ওই ধারাবাহিকতাতেই বেকারত্ব কমেছে এবং মজুরি বেড়েছে। আর এর কৃতিত্ব ভোটাররা শেষ পর্যন্ত তাঁকে দিতে পারেন। এটিকে পুঁজি করার চেষ্টাও করছে বর্তমান প্রশাসন।
শুক্রবার শ্রম বিভাগের প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ হুকাবি স্যান্ডার্স বলেন, ‘এই প্রতিবেদনই বলছে যে, প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় অর্থনৈতিক পরিকল্পনা ফল দিতে শুরু করেছে।’
অর্থনীতির এই চাঙাভাবের কৃতিত্ব যারই হোক না কেন, সত্য এটাই যে, গত এক দশকের মধ্যে বর্তমানে মার্কিনিরা কর্মসংস্থান ও মজুরির নিশ্চয়তা পাচ্ছে। গত কয়েক বছরে আফ্রিকান-আমেরিকান থেকে শুরু করে কলেজ ডিগ্রি নেই এমন লোকেদের কর্মসংস্থানেও ভালো গতি এসেছে। মজুরি বৃদ্ধি আশানুরূপ না হলেও পারিবারিক আয়ের বৃদ্ধি উল্লেখযোগ্য। আর এটিই কর্মসংস্থানের ইতিবাচক ধারার প্রমাণ বহন করছে। বিশেষত তুলনামূলক দরিদ্র পরিবারগুলোয় এই পারিবারিক আয় বৃদ্ধির বিষয়টি লক্ষণীয় মাত্রায় ঘটেছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রায় সবগুলো খাতের কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য মাত্রায় উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষত উৎপাদন খাতের কোম্পানিগুলোয় টানা চার মাস ধরে নতুন নতুন কর্মী নিয়োগ হচ্ছে। আয় ও ভোক্তা আস্থা বৃদ্ধির কারণে খুচরা ব্যবসায়ী পর্যায়ে কর্মী নিয়োগ বেড়েছে ব্যাপকভাবে। অনলাইন বাজার শক্তিশালী হলেও জানুয়ারি থেকেই খুচরা খাতে এ প্রবৃদ্ধি অনেকের মধ্যেই আশার সঞ্চার করেছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ের কারণে এ খাত কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও সেপ্টেম্বর থেকে খাতটিতে কর্মসংস্থান বেড়েছে। শুধু নভেম্বরেই নির্মাণ খাতে নতুন যুক্ত হয়েছে ২৪ হাজার কর্মী।
নির্মাণ সংশ্লিষ্ট বাণিজ্যিক প্রতিষ্ঠান ম্যাককার্থি বিল্ডিংয়ের প্রধান নির্বাহী মাইক বোলেন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘ব্যবসায়িক পরিস্থিতি এখন পর্যন্ত অনেক ভালো। এটি যে কোনো সময়ের বিচারে সেরা না হলেও কাছাকাছি অবস্থায় রয়েছে। সাধারণ একটি অংশে চাঙা থাকলে অন্যটিতে ভাটার টান থাকে। কিন্তু এবার প্রায় সবগুলো দিকই ভালো অবস্থায় রয়েছে।’
তাঁর মতে, ব্যবসা ক্ষেত্র আগের চেয়ে কর্মব্যস্ত হয়ে উঠেছে। করপোরেট কর হ্রাসের মাধ্যমে রিপাবলিকানরা এই ক্ষেত্রে বিশেষ প্রণোদনা দিতে চায়, যা বড় বড় প্রকল্প গ্রহণের বাস্তবতা তৈরি করছে। এই বছর অনেক ব্যবসায়ীই নতুন নতুন পরিকল্পনা নিয়ে চিন্তা করছেন। তাদের সবার চোখ নতুন কর আইনের দিকে। কিন্তু এটি যদি শেষ পর্যন্ত কার্যকর না হয়, তাহলে একটি মন্দাভাব দেখা দিতে পারে।