সামরিক বাহিনীর বড় সম্প্রসারণ করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে দেশটির সামরিক বাহিনীর সব ক্ষেত্র বাড়ানোর অঙ্গীকার করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, তিনি আরও স্থল, নৌসেনা, বিমান ও যুদ্ধজাহাজ চান।

ফিলাডেলফিয়ায় দেওয়া এক বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে বসার প্রথম ৩০ দিনের মধ্যেই মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। ট্রাম্প আরও বলেন, তিনি শক্তি অর্জনের মধ্য দিয়ে শান্তি চান এবং যুক্তরাষ্ট্রের সব ন্যাটো মিত্রের জন্য তাদের জাতীয় আয়ের ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয়ের বাধ্যবাধকতা পূরণ করতে চান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থকে ত্বরান্বিত করা, আঞ্চলিক স্থিতিশীলতা বাড়ানো এবং বিশ্বে উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়ে আমি এক নতুন পররাষ্ট্রনীতির প্রস্তাব করছি। এর জন্য ব্যর্থ নীতি নিয়ে পুনরায় চিন্তাভাবনা করা প্রয়োজন।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক (কমান্ডার-ইন-চিফ) হওয়ার যোগ্যতায় কে কতটা এগিয়ে-এ বিতর্কে নামার প্রাক্কালে ট্রাম্পের এ ঘোষণা এল। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিতে ‘কমান্ডার-ইন-চিফ’ ফোরামে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ে দুই প্রার্থী তাঁদের অবস্থান তুলে ধরবেন। জাতীয় নিরাপত্তা, জঙ্গি ইসলামি গোষ্ঠীগুলোর হুমকি, দক্ষিণ চীন সাগরে চীনের তৎপরতার মতো বিষয়গুলো নিয়ে কথা বলবেন তারা।

মেক্সিকোর মন্ত্রীর পদত্যাগ: গত সপ্তাহে মেক্সিকোতে ট্রাম্পের সফরের পর দেশটির অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন লুইস ভাইদগারে। দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে ট্রাম্পের বিতর্কিত বৈঠক আয়োজনের নেপথ্য ব্যক্তি মনে করা হয় ভাইদগারেকে। মেক্সিকোর অভিবাসীদের তীব্র নিন্দা করে দেশটিতে ব্যাপক অজনপ্রিয় হয়ে উঠেছেন ট্রাম্প।