সামাজিক দূরত্ব মেনে জন্মদিনের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের এস্টোরিয়া পার্কে সামাজিক দূরত্ব মেনে জাহেদ শরিফ ও রুহি শরিফের মেয়ের জন্মদিনের আয়োজন
নগরের এস্টোরিয়া পার্কে সামাজিক দূরত্ব মেনে জাহেদ শরিফ ও রুহি শরিফের মেয়ের জন্মদিনের আয়োজন

মানুষ কোয়ারেন্টিনে থাকায় পরিবেশ বিশুদ্ধ হচ্ছে। নদী, সাগর, আকাশ নীল হচ্ছে, সাগরে ডলফিন, রাস্তায় হরিণ দেখা যাচ্ছে। এসব দেখে বুঝতে অসুবিধা হচ্ছে না যে, পরিবেশের সঙ্গে আমরা কতটা অমানবিক আচরণ করেছি।
করোনামুক্ত হয়ে মানুষ আবারও তার আগের অবস্থানে ফিরে যাবে এটাই স্বাভাবিক। পৃথিবীতে কোনো ভাইরাসই মানুষের সঙ্গে লড়াই করে জিততে পারেনি। সবচেয়ে সংক্রামক বলে পরিচিত হাম রোগের ভাইরাস রুবেলাও মানুষের কাছে পরাজিত হয়েছে। মানুষ বরাবরই জিতেছে ।
করোনায় বিপর্যস্ত নিউইয়র্কে মানুষের আনন্দ ফিরে এসেছে। এই শহরের করোনাকে ছাপিয়ে মানুষ এখন সামার উপভোগে ব্যস্ত। কম বেশি সব কমিউনিটির পুরোদমে চলছে সামার উদ্‌যাপন। করোনায় সামাজিক দূরত্ব মেনে শহরের সব পার্কেই দেখা মিলছে হরেক রকম অনুষ্ঠানের। করোনার কারণে কোনো স্কুলেই এ বছর গ্র্যাজুয়েশন পার্টি হয়নি। স্কুল পার্টি দেয়নি তো কী হয়েছে, শিক্ষার্থীদের নিয়ে শহরের পার্কে চলছে পারিবারিক আয়োজন।
এই শহর প্রাণ ফিরে পেয়েছে। চলছে বারবিকিউ পার্টির ধুম। পোড়া মাংসের গন্ধ আর বাচ্চাদের হুড়োহুড়ি চোখে পড়ার মতো। বয়স্করা চেয়ারে বসে গল্পে মেতেছেন। কেউ চাদর বিছিয়ে আড্ডায় মেতেছেন। কেউবা ছুটছেন সাইকেলে। অনেকেই নদীর পাড়ে বড়শি দিয়ে মাছ ধরছে। অনেকে আনন্দ করছেন শুধু পরিবার নিয়ে। কেউ একটু সাহস করে আত্মীয়স্বজন বন্ধু-বান্ধব নিয়ে পিকনিকের আয়োজন করেছেন। তেমনি আমিও পরিবার নিয়ে যুক্ত হয়েছিলাম রুহি শরিফের মেয়ে রুবাবার জন্মদিনে।
রুহি শরিফ একুশে পদক প্রাপ্ত অপরাজেয় বাংলার ভাস্কর আবদুল্লাহ খালেদের একমাত্র মেয়ে। রুহি শরিফ এ শহরের পরিচিত মুখ। সবাই তাঁকে ফেস পেইন্টার হিসেবে চেনে। রুহি শরিফের মা উম্মে কুলসুম। তিনিও চিত্রশিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পাস করে চট্টগ্রামে আর্টের ওপর শিক্ষকতা করেছেন। রুহির মা আমার দেখা একজন অসম্ভব গুণি ও সুন্দর নারী। শিল্পী পরিবারে বেড়ে ওঠা রুহি শরিফ নিজেও ছবি আঁকেন। এ ছাড়া ফেস পেইন্টিং ও হেনা পেইন্টিংয়ে বিশেষ দক্ষ। জ্যকসন হাইটসের চাঁদরাত, পয়লা বৈশাখ থেকে শুরু করে বাংলাদেশি সব অনুষ্ঠানকে রাঙিয়ে তুলতে রুহির জুড়ি নেই। রুহির স্বামী চিত্রশিল্পী জাহেদ শরিফ নোঙর টিভি ও নোঙর গ্যালারির কর্ণধার। জাহেদ-রুহি দুজনই জ্যকসন হাইটসের বাঙালি কমিউনিটির পরিচিত মুখ। সম্প্রতি তাঁরা নগরীর এস্টোরিয়া পার্কে স্বল্প পরিসরে তাঁদের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেন। এই অনুষ্ঠানে পরিবারসহ উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, চিকিৎসক মশিউর, রাজিব আহসান, সুমি-লিটু আনামসহ অনেকেই।