সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রি ব্যবসায়িক প্ল্যাটফর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা-বাণিজ্যে সবকিছুই ইতিমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়েছে। করোনাভাইরাস পরবর্তী পৃথিবীতে অনলাইনে ব্যবসা-বাণিজ্য পরিচালনা অপরিহার্য হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো যেমন—ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, লিংকডিন ইত্যাদির ব্যবহার বহুগুণে বেড়ে গেছে। কোটি কোটি মানুষ ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাচ্ছে। হ্যাশট্যাগের দুনিয়াতে পৃথিবীর পরিবর্তনের জন্য একটি টুইটার যথেষ্ট। টিকটক ব্যঙ্গাত্মক কার্টুন কিংবা প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। ভাইরাল হতে আর সময় লাগে না, শুধু প্রসঙ্গ আর ভাগ্য সুপ্রসন্ন থাকলেই হয়।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে আমরা শুধু ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করি। কিন্তু এ মাধ্যমে হতে পারে গেম চেঞ্জার। সময়কে শুধু নিছক বিনোদনের জন্য নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করলে আপনি হতে পারেন ব্যবসায়িকভাবে সফল। এ জন্য আপনাকে জানতে হবে, এসব সামাজিক যোগাযোগের মাধ্যমের সঠিক ব্যবহার। ছোট কিংবা বড়, যেকোন ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি ব্যক্তিবিশেষের জন্য এসব সামাজিক যোগাযোগ মাধ্যমের বিজনেস টুলগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনি হয়ে উঠবেন সফল ব্যক্তিত্ব। বিজনেস টুলগুলো ব্যক্তি প্রোফাইল থেকে ভিন্নতর হয়ে থাকে এবং তার ব্যবহার আপনাকে জানতে হবে।

ফেসবুক বিজনেস পেজ
সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে সর্বাপেক্ষা জনপ্রিয় হলো ফেসবুক। লকডাউনে বিলিয়ন বিলিয়ন লোক ফেসবুকে সময় কাটাচ্ছে। ঘরে বসেই অনায়াসে আপনার ব্যবসা-বাণিজ্যের তথ্যাদি তাদের কাছে পৌঁছে দিতে পারেন। ব্যক্তিগত প্রোফাইলের পাশাপাশি আপনার থাকতে হবে ব্যবসায়িক বিজনেস পেজ। এই বিজনেস পেজ হবে পাবলিক, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। ফেসবুকে বিজনেস পেজ তৈরি করে ব্যবসায়িক কার্যক্রমের বর্ণনা, ঠিকানা, ফোন নম্বর এবং সময় সঠিকভাবে দিন। প্রতিষ্ঠানের নাম, লোগো এবং প্রকাশিত ছবিসমূহ দক্ষ লোক দিয়ে তৈরি করুন। পরিপূর্ণ বিজনেস প্রোফাইল তৈরি হলে আপনার বন্ধুদের লাইক দিয়ে আপনার পেজের সঙ্গে সংযুক্ত থাকতে বলুন। মনে রাখবেন, আপনার পেজে যত বেশি লাইক কিংবা অনুসারী বাড়বে, তত বেশি ব্যবসায়িক কার্যক্রমে তাদের সম্পৃক্ততা পাবেন।

বিজনেস পেজ থেকে কোন কিছু পোস্ট করার আগে তার প্রাসঙ্গিকতা, স্থানীয় নিয়মনীতি এবং সৃজনশীলতা বিবেচনায় আনুন, যেন আপনার পোস্টটি আকর্ষণীয় হয়। বিজনেস পেজে অতিরিক্ত পোস্ট করা থেকে বিরত থাকুন এবং সঠিক সময়ে পোস্ট করুন। ব্যক্তিগত প্রোফাইল থেকে মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি করে আপনার ব্যবসা সম্পর্কে অবহিত করুন। নেতিবাচক, ধর্মীয়, বিতর্কিত কিংবা আপত্তিকর কোনো কিছু পোস্ট শেয়ার কিংবা মন্তব্য করা থেকে বিরত থাকুন। ব্যবসা সংক্রান্ত তথ্যাদি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট না করে বরং বিজনেস পেজ থেকে পোস্ট করুন এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে তা শেয়ার করুন। বিজনেস পেজের ডেটা নিয়মিত মনিটরিং করে আপনার চাহিদামত অডিয়েন্স তৈরি করুন। যেন আপনার ব্যবসার তথ্যাদি সঠিক লোকের কাছে পৌঁছায়।

ফেসবুকে বিজ্ঞাপন ব্যবহার করে আপনার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করতে পারেন। আপনার ওয়েবসাইট ভিজিট করতে কিংবা আপনার অনুসারী বাড়াতে অথবা কাস্টমারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে আপনি বিজ্ঞাপন ব্যবহার করতে পারেন। পোস্ট বুস্ট করে অনেক লোকের কাছে ব্যবসার তথ্যাদি পৌঁছে দিতে পারেন। অল্প পয়সায় আপনার ব্যবসা কিংবা সেবাকে সহজেই অনেক লোকের কাছে পৌঁছে দিতে পারবেন। বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যবসার অবস্থান, জনসংখ্যা ও চাহিদামত অডিয়েন্স ঠিক করে নেবেন। আপনার পেজের জন্য পজিটিভ রিকমেন্ডেশন চাইতে পারেন, এতে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে।

গুগল মাই বিজনেস
গুগল সার্চ ইঞ্জিন এতটাই জনপ্রিয়, যেকোনো কিছু প্রয়োজনে সবাই এখন গুগলে সার্চ করে থাকি। ব্যবসা প্রতিষ্ঠানকে সবাই যেন অতি সহজে খুঁজে পায়, সে জন্য জিমেইলের মাধ্যমে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলে নিন। তথ্যাদি সঠিকভাবে পূরণ করে গুগল কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করুন। গুগল কর্তৃপক্ষ কর্তৃক ডাকযোগে প্রেরিত পোস্টকার্ডের পিন নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে চালু করুন। গুগলে সার্চ করে আপনাকে ব্যবসাপ্রতিষ্ঠান যেন খুঁজে পায়, সে জন্য আপনাকে কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে হবে। অনেকে এসইও বর্ণনাকে প্রাধান্য দিয়ে বিজনেস পেজ তৈরি করে থাকে। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার প্রোফাইল কতটুকু পরিপূর্ণ। আপনার ওয়েবপেজ, ঠিকানা, ফোন নম্বর, সময়কাল এবং ব্যবসা সংক্রান্ত বর্ণনা ৫০০ শব্দের মধ্যে আছে কিনা, তা খুবই গুরুত্বপূর্ণ। দক্ষ লোক দিয়ে তোলা ছবি এবং প্রোডাক্ট সম্পর্কিত পরিপূর্ণ বর্ণনা থাকা খুবই জরুরি। আপনার প্রতিষ্ঠানের ঠিকানাটা সঠিকভাবে দিন, যেন সবাই খুব সহজে গুগল ম্যাপে তা খুঁজে পায়।

গুগল মাই বিজনেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুগল রিভিউ। সবাই রিভিউ দেখে ব্যবসাপ্রতিষ্ঠান সম্পর্কে পূর্ব ধারণা গ্রহণ করে এবং সিদ্ধান্ত নিয়ে থাকে। গুগল কর্তৃপক্ষ প্রতিটি রিভিউ সতর্কতার সঙ্গে ভ্যারিফাই করে থাকে। পজিটিভ রিভিউ আপনার রেটিং বাড়িয়ে তুলবে। নেগেটিভ রিভিউ আসতেই পারে, অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতি-উত্তর দিতে হবে। সেবাগ্রহীতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যেকোনো নেগেটিভ রিভিউ মোকাবিলা করুন এবং মিথ্যা রিভিউ সম্পর্কে গুগলকে রিপোর্ট করুন। গুগল মাই বিজনেস ছাড়াও গুগল কর্তৃপক্ষ ব্যবসা সম্প্রসারণের জন্য অনেক রকম টুলের মাধ্যমে সেবা দিয়ে থাকে। গুগলের বিজ্ঞাপন ব্যবহার করলে আপনার ব্যবসা-সংক্রান্ত কিছু সার্চ দিলে প্রথমেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম বিজ্ঞাপন আকারে চলে আসবে।

ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট
ইনস্টাগ্রাম ফেসবুকের পরপরই অত্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। ছবি কিংবা ভিডিওর মাধ্যমে ব্যবসা সংক্রান্ত তথ্যাদি সকলের কাছে দ্রুত পৌঁছে যাবে। ইনস্টাগ্রাম একটি বিজনেস অ্যাকাউন্ট ওপেন করুন এবং ফেসবুক বিজনেস পেজ এর সঙ্গে লিংক করে দিন। ইনস্টাগ্রামে সৃজনশীল, আকর্ষণীয় এবং উপকারী ছবি ও ভিডিও শেয়ার করে অনুসারী তৈরি করুন। নিয়মিতভাবে আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টে পোস্ট করতে হবে। ইনস্টাগ্রামে প্রতিটি পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করুন যেন আপনার তথ্যাদি সঠিক লোকের কাছে পৌঁছায়। প্রাথমিক অবস্থায় অন্যদের ফলো করুন এবং অনুসারী বাড়াতে চেষ্টা করুন। ইনস্টাগ্রামের আপনার পোস্টটি অবশ্যই আকর্ষণীয় হতে হবে, অন্যের ছবি-ভিডিও কপি পেস্ট করা থেকে বিরত থাকুন। ইনস্টাগ্রামে ফ্যানবেজ তৈরি করতে হবে এবং ফ্যানবেজ আপনার ভবিষ্যৎ সেবাগ্রহীতা কিংবা রেফারেল পার্টনার।

টুইটার
সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে টুইটার খুবই জনপ্রিয়। টুইটার একটি নির্দিষ্ট শ্রেণির লোকজন ব্যবহার করে থাকে এবং তাদের কাছে যথার্থভাবে ব্যবসা সংক্রান্ত তথ্যাদি দিতে পারলে অনেক বেশি লাভবান হওয়া যায়। টুইটারে আপনার ব্যবসা সংক্রান্ত বিজনেস অ্যাকাউন্ট খুলুন এবং সব তথ্যাদি সঠিকভাবে দিন। হ্যাশট্যাগের মাধ্যমে টুইটারে বিভিন্ন পোস্ট বিভিন্ন গ্রুপে দেওয়া যায়, এ জন্য টুইটারে পর্যাপ্ত পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করুন। প্রাথমিকভাবে স্থানীয় জনপ্রিয় বিখ্যাত ব্যক্তিদের টুইটারে ফলো করুন এবং হ্যাশট্যাগের মাধ্যমে অন্যদের সঙ্গে সম্পৃক্ত হন। টুইটারে ভিডিও বর্ণনাসহ টুইট করুন, এতে আপনার অ্যাকাউন্টের ভিউ বাড়বে। আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে টুইট করার মতো বিষয় না থাকলে রি-টুইট করুন। আপনার ব্যবসা সংক্রান্ত কোন টুইট বা কোন পোস্ট আপনি শেয়ার করতে পারেন। এটা অবশ্য ঠিক, সব শ্রেণির ব্যবসায়ীর জন্য টুইটার উপযোগী নয়। কিন্তু রিয়েল এস্টেট, অ্যাকাউন্ট্যান্ট, মর্টগেজ ইত্যাদি ব্যবসার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হিসেবে কাজ করে। টুইটারের মাধ্যমে আপনি আপনার ব্যবসায় পরিধি অনেক বেশি বাড়াতে পারেন।

লিংকডিন
লিংকডিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসায়িক বান্ধব করে ডিজাইন করা হয়েছে। লিংকডিনে সরাসরি অনুসারী বৃদ্ধি করে এবং অন্যের অ্যাকাউন্ট ফলো করে সরাসরি যোগাযোগ তৈরি করা যায়। লিংকডিন প্রোফাইলে হতে হবে শতভাগ পরিপূর্ণ, তথ্যবহুল এবং প্রফেশনাল ছবিযুক্ত। লিংকডিনে আপনার নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং কানেকশন বৃদ্ধির মাধ্যমে অন্যের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। লিংকডিন ও হ্যাশট্যাগের ব্যবহার রয়েছে এবং পোস্টে যথেষ্ট পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। লিংকডিন প্রোফাইল জীবনবৃত্তান্তের মত ডিজাইন করা, সুতরাং পরিপূর্ণ প্রোফাইল ভবিষ্যৎ কাস্টমার আকর্ষণ করবে। লিংকডিন সরাসরি মেসেজ আদানপ্রদান করে সম্পর্ক বৃদ্ধি করা যায়। বর্তমানে যেকোনো প্রফেশনালের জন্য লিংকডিন প্রোফাইল ছাড়া আমরা চিন্তাই করতে পারি না। ব্যবসায়িক নেটওয়ার্ক বাড়াতে লিংকডিন খুবই কার্যকরী ভূমিকা পালন করে।

এসব সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে নিয়মিত পোস্ট ও মনিটরিং করার জন্য অনেক অ্যাপ রয়েছে। যে অ্যাপগুলো নির্দিষ্ট সময়ে আপনার অ্যাকাউন্ট থেকে ছবি, ব্লগ কিংবা অন্যান্য তথ্যাদি পোস্ট করবে এবং আপনাকে প্রয়োজনীয় ফিডব্যাক দেবে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করে সঠিক ব্যবহার করলে পারলে ব্যবসায়িক সাফল্য আসবেই।