সামান্য ভুলে বিপদ দরকার সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের ব্রঙ্কসে বসবাস করেন রেজাউল রহিম। ২৫ বছর আগে যখন স্বপ্নের দেশ আমেরিকায় এসেছিলেন তখন তিনি সদ্য কলেজ পেরোনো টগবগে তরুণ। এই আড়াই দশকে তিনি বিয়ে করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক পরিবারে। এখন তিনি তিন সন্তানের বাবা। এই প্রৌঢ় বয়সে এসে রেজাউলের আমেরিকায় বসবাসের স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।

ঘটনা গত ঈদুল ফিতরের দিনের। ঈদের নামাজ আদায় করতে গেছেন রেজাউল। ঘরে স্ত্রী-সন্তান। সাতসকালে দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই অভিবাসন এজেন্টরা ভেতরে ঢুকে তন্নতন্ন করে ঘর তল্লাশি শুরু করেন। তাঁরা খুঁজছিলেন একদা বহিষ্কার হওয়া রেজাউলকে। ঈদের নামাজে থাকার কারণে গ্রেপ্তার এড়াতে সক্ষম হন বাংলাদেশি রেজাউল।

রেজাউল জানান, আমেরিকায় আসার পর রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন তিনি। দুর্বল আবেদন ও আইনজীবীর অবহেলায় আবেদনটি বাতিল হয়ে যায়। অভিবাসন আদালত তাঁকে আমেরিকা থেকে বহিষ্কারের আদেশ দেন। পরে আপিল আদালত আর অভিবাসন নিয়ে পাকানো জটের ঘুরপাকে পেরিয়ে যায় দীর্ঘ সময়। এর মধ্যে রেজাউল আমেরিকান নাগরিক এক বাংলাদেশিকে বিয়ে করেন। তাঁর বিরুদ্ধে আদালতের বহিষ্কারের আদেশ থাকায় দাম্পত্য সম্পর্কের নাগরিকত্বপ্রাপ্তি ঝুলে থাকে রেজাউলের। এর মধ্যে তিন সন্তানের বাবা হয়েছেন তিনি। ছেলেমেয়েরা স্কুল-কলেজে পড়ে। কর্মক্ষেত্রে উন্নতি ঘটেছে। অভিবাসন এজেন্টরা শুধু রেজাউলের বাড়িতেই নয়, হানা দিয়েছে কর্মক্ষেত্রেও। ভাগ্যক্রমে সেখানেও গ্রেপ্তার এড়াতে পেরেছেন। আমেরিকায় অভিবাসীদের অনেকেই এখন রেজাউলের মতো অবস্থায় পড়েছেন। অভিবাসন নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিবাসন নিয়ে আমেরিকায় এখন ঠিক কী হচ্ছে, কী হবে—কেউ স্পষ্ট কিছু বলতে পারছেন না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর বদলে গেছে আমেরিকার অভিবাসন চিত্র। একদিকে আকাশ বা স্থলসীমান্তে এখন নিশ্ছিদ্র পাহারা। যাঁদের ভিসা আছে তাঁরাও যাতায়াত করতে ভয় পাচ্ছেন। বিভিন্ন বিমানবন্দরে নিত্যদিন দেখা যায় স্বজনদের উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা। অভিবাসনের দেয়াল পাড়ি দিয়ে না আসা পর্যন্ত কেউ স্বস্তির নিশ্বাস ফেলতে পারছেন না।

২৫ জুলাইয়ের আগের ১১ দিনে কেবল নিউইয়র্ক থেকে অভিবাসন বিভাগ ১১৪ জনকে গ্রেপ্তার করেছে। নিউইয়র্ক অভিবাসন কার্যালয় থেকে জানানো হয়েছে, অপরাধী, বহিষ্কারের শিকার ও বহিষ্কারের পর আবার আমেরিকায় প্রবেশ করেছে এমন লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউইয়র্ক ফিল্ড অফিসের এনফোর্সমেন্ট এবং বিতাড়নবিষয়ক পরিচালক টমাস ডেকার বলেন, ‘আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইনের সুনির্দিষ্ট নিয়মে আবদ্ধ।’

অভিবাসন নিয়ে উদ্বিগ্ন প্রবাসীদের সমস্যা নিয়ে নিউইয়র্কে বাংলাদেশি আইনজীবীরা সব সময় পরামর্শ দিয়ে আসছেন। যাঁরা কোনো অপরাধের সঙ্গে জড়িত নন বা অভিবাসন কর্তৃপক্ষের কাছে অতীতে কোনো মিথ্যা তথ্য দেননি, তাঁদের অহেতুক দুশ্চিন্তা না করার পরামর্শ দেওয়া হয়েছে। কমিউনিটির পরিচিত আইনজীবী ইউএস সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসায় কয়েকটি নির্দিষ্ট মুসলমান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ ছাড়া কোনো নতুন আইন চালু হয়নি। ফলে প্রবাসীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলো উত্তর আমেরিকাকে বলেন, প্রত্যেক ভুক্তভোগী অভিবাসীর সমস্যা আলাদা ধরনের। অভিবাসন নিয়ে কারও কোনো সমস্যা থাকলে সরাসরি অভিজ্ঞ আইনজীবীদের পরামর্শ নিতে হবে। যাদের অভিবাসন সমস্যা আছে আপাতত তাদের সতর্ক হয়ে চলাফেরা করতে হবে। কোথাও কোনো অপরাধে না জড়ানো এবং নিজেদের মধ্যে ঐক্য এবং যোগাযোগ সংহত রাখতে হবে। এ ধরনের সমস্যায় পড়লে কোনো আদালতের নির্দেশনা ছাড়া ঘর তল্লাশি করতে না দেওয়া এবং আইনজীবীর পরামর্শ ছাড়া কোনো কথা না বলারও পরামর্শ দিয়েছেন তিনি।