যুক্তরাষ্ট্রের সরকারি কাজকর্ম চালু রাখার জন্য স্বল্পস্থায়ী ব্যয় বরাদ্দের বিলটি গত বৃহস্পতিবার রাতে পাস হয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেনটেটিভ)। সরকারের অচলাবস্থা ঠেকাতে নিম্নকক্ষ আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়ায়। বিলটি পাস না হলে কেন্দ্রীয় সরকারের কাজকর্ম গতকাল শুক্রবার মধ্যরাতের পর বন্ধ হয়ে যেত। এখন এই বিলটিকে উচ্চকক্ষ সিনেটেও পাস হতে হবে।
সবশেষ ২০১৩ সালে যুক্তরাষ্ট্রে যে অচলাবস্থা দেখা দিয়েছিল, তা ১৬ দিন স্থায়ী ছিল।
ব্যয় নির্বাহের জন্য অর্থ বরাদ্দের বিলটি নিয়ে সিনেটে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভোটাভুটি হওয়া কথা রয়েছে। কিন্তু ঠিক কখন তা হবে, এটি এখনো নিশ্চিত নয়। বিলটি পাস করানোর জন্য ডেমোক্র্যাটদের সহযোগিতা দরকার হবে রিপাবলিকান নেতাদের। তবে বিরোধী ডেমোক্র্যাটদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। রিপাবলিকানরা চান অন্যান্য জিনিসের চেয়ে সামরিক ব্যয় বাড়াতে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অনিবন্ধিত তরুণ অভিবাসীদের সুরক্ষা কর্মসূচি ‘ডাকা’র অধীনে যে আট লাখ তরুণ-তরুণী সাময়িকভাবে বৈধভাবে সে দেশে থাকার অনুমতি পেয়েছেন, তাঁদের ব্যাপারে কোনো স্থায়ী সমাধান অর্জিত না হলে ব্যয় বরাদ্দ প্রশ্নে ডেমোক্র্যাটরা কোনো সমর্থন দেবেন বলে মনে হয় না। বিরোধী পক্ষকে সামলাতে রিপাবলিকানরা ‘চিপস’ নামে পরিচিত শিশু বিমা কর্মসূচি সচল রাখতে আগামী ছয় বছরের জন্য অর্থ বরাদ্দ করার প্রস্তাব দিয়েছেন। কিন্তু ডেমোক্র্যাটরা এখনো এ ব্যাপারে তাঁদের সম্মতি দেননি।
স্বল্পস্থায়ী ব্যয় বরাদ্দের বিলটি দিয়ে মাত্র ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানগুলো সচল থাকতে পারবে। গত অক্টোবরে নতুন অর্থবছর শুরুর পর ইতিমধ্যে তিনবার অস্থায়ী ব্যয় বরাদ্দ নিয়েছে সরকার।