সার্ভার রক্ষণাবেক্ষণে দপ্তরের কর্মীকে অর্থ দিতেন হিলারি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটন ব্যক্তিগত ই-মেইল সার্ভার রক্ষণাবেক্ষণের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মীকে নিয়মিত অর্থ দিতেন। তবে হিলারি বলেছেন, গুরুত্বপূর্ণ ই-মেইলগুলো তিনি নিজেই আদান-প্রদান করতেন। আর নতুন এ খবর প্রকাশিত হওয়ায় তাঁর নির্বাচনী প্রচার কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। খবর গার্ডিয়ানের।
রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সময় ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার করা নিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়নপ্রত্যাশী হিলারি। বিরোধী রিপাবলিকান পার্টির নেতারা সরকারি স্পর্শকাতর বার্তা কম নিরাপদ ই-মেইল সার্ভারের মাধ্যমে আদান-প্রদান করার তীব্র সমালোচনা করছেন।
গার্ডিয়ান-এর খবরে বলা হয়, হিলারি বলেছেন, পররাষ্ট্র দপ্তরের কর্মী ব্রায়ান প্যাগ্লিয়ানোর কাছ থেকে কারিগরি সহায়তা নেওয়ার বিনিময়ে ‘কিছুদিনের জন্য’ তাঁকে অর্থ দিয়েছে ক্লিনটন পরিবার।
প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে এখন পর্যন্ত হিলারিই সবচেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর ওই ই-মেইলগুলোর কয়েক হাজার পৃষ্ঠা সম্প্রতি প্রকাশ করা হয়েছে।